মস্কোর পাতাল রেলস্টেশনে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার রাজধানী মস্কোতে দুটি পাতাল রেলস্টেশনে আজ সোমবার সকালে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩৭ ব্যক্তি নিহত হয়েছে। দুজন নারী এ আত্মঘাতী হামলা দুটি চালায় বলে জানা গেছে।বিবিসি অনলাইন জানায়, স্থানীয় সময় সকাল সাতটা ৫৬ মিনিটে প্রথম হামলাটি চালানো হয় শহরের কেন্দ্রস্থলে অবস্থিত লুবিয়াংকা স্টেশনে। এটি রাশিয়ার জাতীয় নিরাপত্তা সার্ভিসের সদর দপ্তরের কাছে অবস্থিত। বিস্ফোরণে ট্রেনের ভেতরে থাকা ১৪ জন ও প্লাটফর্মে অবস্থানরত ১১ জন নিহত হয়। দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে এর ৪০ মিনিট পরে সকাল আটটা ৩৮ মিনিটে পার্ক কালচারি স্টেশনে। এতে ১২ জন নিহত হয়।২০০৪ সালের পর মস্কোয় চালানো ভয়ংকরতম এ হামলার দায়িত্ব এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। মস্কোর প্রধান সরকারি আইনজীবী ইউরি সিমন বলেন, ‘আমাদের মনে হচ্ছে, হামলাকারীরা বেল্ট দিয়ে শরীরে বিস্ফোরক বেঁধে রেখেছিল।’মস্কোর মেয়র ইউরি লাজকভ বলেন, ‘দুজন নারী সন্ত্রাসী এ বোমা হামলা দুটো চালিয়েছে।’ মস্কোয় চালানো আগের বোমা হামলাগুলোর জন্য চেচেন বিদ্রোহীদের দায়ী করা হয়।