মস্কোর বিমানবন্দরে ভয়াবহ হামলা, ৩৫ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার রাজধানী মস্কোর ব্যস্ততম দোমোদেদোভো আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল সোমবার ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত ৩৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১৩০ জনেরও বেশি। এদের মধ্যে ২০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। একে আত্মঘাতী হামলা বলে সন্দেহ করা হচ্ছে।প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় সময় বিকেল চারটা ৩২ মিনিটে হঠাৎ বিস্ফোরণে বিমানবন্দরের অ্যারাইভাল হল কেঁপে ওঠে। ঘটনাস্থল কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। আন্দ্রেই নামো একজন প্রত্যক্ষদর্শী জানান, তিনি ঘটনাস্থলের কাছে ছিলেন। প্রচণ্ড শব্দে বিস্ফোরণের পর তিনি লোকজনের আর্তচিৎকার শুনতে পান। পরে আহত ও পুড়ে যাওয়া লোকজনকে ছোটাছুটি করতে দেখেন। তবে রাশিয়ার একটি টেলিভিশন চ্যানেলকে একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমি তোমাদের সবাইকে মেরে ফেলব—এক ব্যক্তি এভাবে চিৎকার করে বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেয়।’ দোমোদেদোভো বিমানবন্দরের একজন মুখপাত্র জানান, বিস্ফোরণে ৩৫ জন নিহত হয়েছে।রাশিয়ার গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ তিন ব্যক্তিকে খুঁজছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ককেশাস অঞ্চলের জঙ্গিরা এই হামলার সঙ্গে জড়িত। রাশিয়ার প্রধান তদন্ত কর্মকর্তা জানান, সন্ত্রাসীরা বিমানবন্দরে এই বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে।রাশিয়ার তদন্ত কমিটির কর্মকর্তা তাতিয়ানা মরোজোভা বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে জানান, কোনো যাত্রীর মালামালের ভেতর থেকে বিস্ফোরণ ঘটে থাকতে পারে।নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর বরাত দিয়ে ইন্টারফ্যাক্স আরও জানায়, প্রাথমিক তথ্যমতে, একজন আত্মঘাতী হামলাকারী অ্যারাইভাল হলে বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেয়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে।রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, হামলাকারীদের অবশ্যই গ্রেপ্তার করা হবে। তিনি রাজধানী মস্কোসহ অন্যান্য বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তাব্যবস্থা জোরদারের নির্দেশ দেন। বর্তমান পরিস্থিতিতে করণীয় ঠিক করতে শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তাদের জরুরি বৈঠকও আহ্বান করেছেন প্রেসিডেন্ট মেদভেদেভ। তিনি চলতি সপ্তাহে দাভোসে অনুষ্ঠেয় বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে যোগ দেওয়ার পরিকল্পনাও বাতিল করেছেন।মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বিমানবন্দরে এই হামলার ঘটনাকে ‘সন্ত্রাসীদের কাজ’ উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছেন। সামরিক জোট ন্যাটো এ ঘটনার নিন্দা ও রাশিয়ার সঙ্গে সংহতি প্রকাশ করে দেশটির সরকারের কাছে বিশেষ বার্তা পাঠিয়েছে। ইউরোপীয় ইউনিয়নও (ইইউ) এ ঘটনার নিন্দা জানিয়েছে।প্রসঙ্গত, গত বছরের মার্চ মাসে মস্কোর পাতালরেলে সন্ত্রাসী হামলায় অন্তত ৪০ জন নিহত হন। চেচেন বিদ্রোহী নেতা ডকু উমারভ ওই হামলার দায় স্বীকার করেন। খবর বিবিসি ও এএফপির।