মস্তকবিহীন আট টুকরো লাশ ঢাকায়
রাজধানীর যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে গতকাল শুক্রবার মস্তকবিহীন আট টুকরো লাশ উদ্ধার করা হয়েছে। সকালে চারটি প্লাস্টিকের বস্তা থেকে টুকরোগুলো উদ্ধার করে পুলিশ। এর আগে গত সোমবার সূত্রাপুর থানার হরিশ চন্দ্র বসু স্ট্রিট থেকে মস্তকবিহীন এক যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছিল পুলিশ।যাত্রাবাড়ী থানার পুলিশ জানায়, সকাল আটটার দিকে দনিয়ার নয়াপাড়ায় পোস্ট অফিস রোডসংলগ্ন গলি থেকে অজ্ঞাতনামা ব্যক্তির আট টুকরো লাশ উদ্ধার করা হয়। টুকরোগুলো চারটি সাদা প্লাস্টিকের বস্তার ভেতর নীল পলিথিনে মোড়ানো ছিল। তিনটি বস্তা নালার কাছাকাছি পড়ে ছিল। অপর বস্তাটি ছিল কিছু দূরে এক বাড়ির ভেতরের সীমানাদেয়াল ঘেঁষে।ওই গলির কাছেই বর্ণমালা উচ্চবিদ্যালয়, এর অল্প দূরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক।যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মাসুদুর রহমান বলেন, ‘শরীরের গঠন দেখে মনে হয়েছে, নিহত ব্যক্তির বয়স ৩০ বছরের মতো। বস্তাগুলোর কয়েক গজ দূর থেকে একটি ফুলপ্যান্ট ও সাদা শার্ট উদ্ধার করা হয়েছে। প্যান্টের পকেটে দুই হাজার ৮৫০ টাকা পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ওই প্যান্ট-শার্ট নিহত ব্যক্তির। ধরন দেখে মনে হচ্ছে, গত বৃহস্পতিবার রাতের কোনো এক সময়ে যাত্রাবাড়ী থানা এলাকার বাইরের কোনো স্থানে দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে দেহের টুকরোগুলো ওই গলিতে ফেলে গেছে।’দুপুরে ওই গলিতে গিয়ে দেখা যায়, গলিটির দুই পাশে কয়েকটি বহুতল বাড়ি। বস্তাগুলো যেখানে পড়ে ছিল, তার পাশের বাড়ির বাসিন্দা শামসুদ্দিন খান বলেন, সকাল সাতটার দিকে তিনি জানালা দিয়ে দেখেন, কয়েকটি বস্তা ঘিরে কয়েকজন নারীর ভিড়। তিনি সেখানে গিয়ে দেখেন, বস্তাগুলোতে মানুষের শরীরের অংশবিশেষ দেখা যাচ্ছে। পরে পুলিশকে জানানো হয়।স্থানীয় বাসিন্দারা জানান, গলিটি দিনের বেলায়ও নির্জন থাকে। রাত ১০টার পর লোক চলাচল তেমন থাকে না।যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আবুল কাশেম প্রথম আলোকে বলেন, এটি পূর্বপরিকল্পিত নৃশংস হত্যাকাণ্ড। লাশের টুকরোগুলো যেখানে পাওয়া গেছে, তার আশপাশে রক্ত দেখা যায়নি। তাই ধারণা করা হচ্ছে, অন্য কোথাও ওই ব্যক্তিকে খুন করা হয়েছে। তিনি বলেন, লাশ শনাক্ত হলে পরিবার বা স্বজনদের দিয়ে হত্যা মামলা করা হবে। অন্যথায় পুলিশ বাদী হয়ে মামলা করবে।সূত্রাপুরে উদ্ধার লাশ হস্তান্তর: সূত্রাপুরের হরিশ চন্দ্র বসু স্ট্রিট থেকে উদ্ধার হওয়া লাশ বৃহস্পতিবার তাঁর স্বজন দাবিদারদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। সূত্রাপুর থানার ওসি নজরুল ইসলাম বলেন, মুন্সিগঞ্জের একটি পরিবার নিহত যুবককে তাদের স্বজন দাবি করে লাশ পেতে লিখিত আবেদন করে। আবেদনে নিহত যুবকের নাম হাবিব সরদার উল্লেখ করা হয়। তাঁর পরিচয় পুরোপুরি নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষা করা হবে।