মস্তিষ্ক ও খুলির শিরায় রক্ত জমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের ডান কানের পেছনে মস্তিষ্ক ও খুলির মধ্যবর্তী শিরায় রক্ত জমেছে বলে চিকিত্সকেরা জানিয়েছেন। তবে তিনি পুরোপুরি সেরে উঠবেন বলে আশা করা হচ্ছে। তাঁর চিকিত্সকদের বরাত দিয়ে গতকাল সোমবার পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এ কথা জানানো হয়।চিকিত্সকেরা জানান, রক্ত জমাট বাঁধার কারণে হিলারি ক্লিনটন স্ট্রোক বা স্নায়বিক কোনো জটিলতায় আক্রান্ত হননি। তিনি চিকিত্সক, পরিবারের সদস্য ও কর্মীদের সঙ্গে স্বতঃস্ফূর্ত আচরণ করছেন।এর আগে হিলারির মুখপাত্র ফিলিপ রাইনস জানান, গত রোববার স্বাস্থ্য পরীক্ষার সময় হিলারির এই রক্ত জমাট বাঁধার বিষয়টি ধরা পড়ে। এ কারণে তাঁকে নিউইয়র্কের প্রেসবাইটেরিয়ান হাসপাতালে ভর্তি করা হয়। গত মাসের মাঝামাঝি সময় অসুস্থতার কারণে সংজ্ঞা হারিয়ে পড়ে যান হিলারি। তখন তাঁর মাথায় আঘাত লাগে। ওই আঘাতের কারণে তাঁর রক্ত জমাট বাঁধার জটিলতা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রয়টার্স।