ঢাকার এক দিন পর গতকাল শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবার্ষিকীর অনুষ্ঠানের সূচনা হলো তাঁর অমর সংগীত ‘তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে’ পরিবেশনার মধ্য দিয়ে। প্রবীণ রবীন্দ্রসংগীতশিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়ের উদ্বোধনী সংগীতের পর বাংলাদেশের জনপ্রিয় শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা গাইলেন, ‘বরিষ ধরা-মাঝে শান্তির বারি’। এরপর এক অবাঙালি শিল্পীর কণ্ঠে গীত হলো, ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে’—বাংলা ও হিন্দি দুই ভাষাতেই।এর আগে বিজ্ঞান ভবনের প্রধান কক্ষে অনুষ্ঠান মঞ্চে বাংলাদেশ ও ভারতের আমন্ত্রিত অতিথিদের মাঝে বেলা ১১টায় হাজির হলেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। তাঁর সঙ্গে মঞ্চে ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশের পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, ভারতের ক্ষমতাসীন ইউপিএ জোটের চেয়ারপারসন সোনিয়া গান্ধী, ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি, বিদেশমন্ত্রী এস এম কৃষ্ণা, তথ্য ও বেতারমন্ত্রী অম্বিকা সোনি, সংস্কৃতিমন্ত্রী কুমারি সেলজা, তথ্যপ্রযুক্তিমন্ত্রী কপিল শিববাল, আইসিসিআর (ইন্ডিয়ান কাউন্সিলর ফর কালচারাল রিলেশনস) করন সিং।গানের পর্ব শেষে বক্তাদের কণ্ঠে উচ্চারিত হয় রবীন্দ্রনাথের আন্তর্জাতিকতাবাদ, মানবতাবাদ, বিশ্বজনীন আবেদনের পাশাপাশি দেশ, শিক্ষা, সমাজ এবং নারীভাবনার কথা। তাঁদের বক্তব্যে অনিবার্যভাবে আসে বাংলাদেশ-ভারত সম্পর্ক, একাত্তরের মুক্তিযুদ্ধ এবং শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতি। রবীন্দ্রনাথ আজও সমভাবে প্রাসঙ্গিক।আন্তর্জাতিকতাবাদ: রবীন্দ্রনাথ দেশের হয়েও ছিলেন বৈশ্বিক। প্রণব মুখার্জি বলেন, বিশ্ব ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে কবিগুরু অসামান্য অবদান রেখেছেন। এ কে খন্দকার বলেন, কবি ছিলেন আন্তর্জাতিক মানবতাবাদী। সোনিয়া গান্ধী যোগ করলেন, তাঁর সংগীত ও চিত্রমালায় ভাষা ও ভৌগোলিক সীমা ছাড়িয়ে মানবতার জয়গান রয়েছে। মনমোহন সিং বললেন, তাঁর সর্বজনীন মানবতাবাদের ধারণা অধুনা বিশ্বেও সমানভাবে গুরুত্ববহ। উইলিয়াম বাটলার ইয়েটস, রমা রলাঁ, আইনস্টাইনও তাঁর চিন্তা ও আদর্শ দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন।মহত্তম কবি: অনুষ্ঠানের সব বক্তাই রবীন্দ্রনাথকে ‘মহত্তম কবি’ আখ্যায়িত করে বলেছেন, তাঁর সাহিত্য, সংগীত, নাটক, ছোটগল্প প্রজন্মান্তরে ছড়িয়ে দেওয়া প্রয়োজন। সোনিয়া গান্ধী বলেন, তিনি ছিলেন শেক্সপিয়ার ও গ্যেটের সমন্বিত রূপ।দ্বিপক্ষীয় বন্ধন: বাংলাদেশ ও ভারতের জাতীয় সংগীতের রচয়িতা রবীন্দ্রনাথ। এ কারণে যৌথভাবে কবির সার্ধশততম জন্মবার্ষিকী উদ্যাপন করার কথা স্মরণ করিয়ে দিলেন প্রায় সব বক্তা। তাঁদের আশা, এতে দুই দেশের সম্পর্ক ও সংহতি আরও দৃঢ় হবে। মনমোহন সিং বলেন, ২০১০ সালের জানুয়ারীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যৌথ আয়োজনের প্রস্তাব দিলে তিনি সানন্দে রাজি হন। এ কে খন্দকার বলেন, বাংলাদেশ ও ভারত অভিন্ন ঐতিহ্য, ভাষা ও সংস্কৃতির উত্তরাধিকার বহন করছে। রবীন্দ্রসাহিত্যের এক বিরাট অংশ রচিত হয়েছে বাংলাদেশের শিলাইদহ, শাহজাদপুর ও পতিসরে। লোকশিল্পী লালনের প্রভাব আছে তাঁর বাউলগানে। প্রণব মুখার্জি যোগ করলেন, এই উদ্যোগ প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের এক অনন্য উদাহরণ হয়ে থাকবে।নারীবাদ: সোনিয়া গান্ধী রবীন্দ্রনাথকে নারীবাদী হিসেবে আখ্যায়িত করেন। প্রণব মুখার্জি বলেন, নারী-পুরুষের সমতায় বিশ্বাসী ছিলেন কবি। তাঁর রচনায় নারীর বঞ্চনার কথা বারবার এসেছে। কুমারি সেলজার মত হলো, রবীন্দ্রনাথ সব ধরনের বৈষম্যের অবসান চেয়েছেন। নারী-পুরুষের বৈষম্য ও ধর্মের বিভাজন তাঁকে দারুণভাবে আহত করত। শিক্ষা ও শান্তির সাধক: রবীন্দ্রনাথ ছিলেন শান্তির সাধক। গানে, কবিতায় অসংখ্যবার তিনি হিংসা-হানাহানি এড়িয়ে মানুষের মধ্যে শান্তি ও সম্প্রীতির কথা বলেছেন। মনমোহন সিং বলেন, ‘তাঁর সংগীত ও চিত্রকলা আজও আমাদের অনুপ্রাণিত করে।’ কুমারি সেলজার মতে, রবীন্দ্রনাথ বঞ্চিতের আশা-আকাঙ্ক্ষাকে ভাষায় রূপ দিয়েছেন। তিনি সবার জন্য শিক্ষা ছড়িয়ে দিতে চেয়েছেন। শিক্ষাকে চাপিয়ে না দিয়ে জীবনাচরণের অংশ করতে গঠন করেছিলেন শান্তিনিকেতন।বারবার বাংলাদেশ: অনুষ্ঠানে সব বক্তার কণ্ঠে বাংলাদেশ প্রথমে এসেছে। প্রণব মুখার্জি বললেন কীভাবে দুই দেশের মধ্যে সমন্বিত কর্মসূচি নেওয়া হয়েছে, তার কথা। বাংলাদেশ কবির উত্তরাধিকার বহন করছে—এ কথা উল্লেখ করে মনমোহন সিং জানালেন, কাজী নজরুল ইসলাম, কাজী আবদুল ওদুদ, সুফিয়া কামাল তাঁর দ্বারা দারুণভাবে অনুপ্রাণিত।পুরস্কার ও গবেষণা: মনমোহন সিং রবীন্দ্রনাথের সাহিত্য ও শিল্পকর্মের গবেষকদের জন্য টেগোর ন্যাশনাল ফেলোশিপ চালু করার কথা বলেন। ভারত ও ভারতের বাইরের গবেষকেরাও এর সুযোগ নিতে পারবেন। এ ছাড়া রবীন্দ্রনাথের নামে আন্তর্জাতিক পুরস্কার দেওয়ার কথাও জানান তিনি। বিশ্বভারতীকে বিশেষ মঞ্জুরি দেওয়া হয়েছে ৯৫ কোটি রুপি। ইতিমধ্যে অনলাইনে রবীন্দ্র রচনাবলী ইংরেজি ও বাংলা ভাষায় পাওয়া যাচ্ছে।অনুষ্ঠানে রবীন্দ্রনাথের আঁকা ছবির সংকলন ‘চিত্রাবলি’ অবমুক্ত করেন সোনিয়া গান্ধী।বাংলাদেশ প্রতিনিধিদলে ছিলেন অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী, অধ্যাপক আনিসুজ্জামান, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, সৈয়দ হাসান ইমাম, সাংসদ নিলুফার জাফরুল্লাহ, কেরামত আলী, রুবী রহমান প্রমুখ।গতকাল কেন্দ্রীয়ভাবে শুরু হওয়া ভারতের সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত তিন দিনের অনুষ্ঠানমালায় রয়েছে রবীন্দ্রনাথের সৃষ্টিকর্মের ওপর সেমিনার, তাঁর আঁকা ছবির প্রদর্শনী, তাঁর লেখা নাটক মঞ্চায়ন এবং তাঁকে নিয়ে নির্মিত ছবির প্রদর্শনী।