মহসীন হলে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ, কক্ষ ভাঙচুর, আহত ১৩ , আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসীন হলে ছাত্রলীগের বর্ধিত কমিটি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে গতকাল সোমবার রাতে ও আজ মঙ্গলবার সকালে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় ছাত্ররা ১৫-২০টি কক্ষ ভাঙচুর করে। এতে আহত হয়েছে ১৩ ছাত্র। এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে।আহতদের আটজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের মধ্যে একজনকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।আহতদের কয়েকজন হলেন—এনামুল হক (রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ বর্ষ), জিয়াউর রহমান (লোকপ্রশাসন তৃতীয় বর্ষ), রহমত আলী (আইইআর প্রথম বর্ষ), ওয়ারেস (মার্কেটিং), মনির ইসলাম (ইসলামিক স্টাডিজ), বর্ধিত কমিটির সহসভাপতি মো. শাহীন, মোয়াজ্জেম হোসেন ও হল কমিটির মিলন। আটককৃত দুইজন হলেন মো. রিপন (ফিন্যান্স তৃতীয় বর্ষ) ও বাবু (ইংরেজি দ্বিতীয় বর্ষ)।হল ও পুলিশ সূত্রে জানা যায়, ছাত্রলীগের ৫১ সদস্যবিশিষ্ট হল কমিটিতে আরও একজন সদস্য বাড়াতে সেক্রেটারি মো. মহিউদ্দিন ও প্রেসিডেন্ট মোহাম্মদ আলী একমত হন। কিন্তু পরে প্রেসিডেন্ট সেই তালিকায় আরও ১১ জনের নাম যুক্ত করেন। এতে সেক্রেটারি ক্ষিপ্ত হয়ে তালিকায় অতিরিক্ত নাম ঢুকিয়ে ১০৪ সদস্যের একটি নামের তালিকা হলের দেয়ালে লাগিয়ে দেন।এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল রাত সাড়ে তিনটা থেকে ভোর পৌনে পাঁচটা পর্যন্ত দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরে পুলিশ ও প্রক্টর গিয়ে পরিস্থিতি শান্ত করেন।এদিকে এর জের ধরে আজ সকালেও শদীদ মিনার এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় পুলিশ দুইজনকে আটক করে।