মহা অষ্টমীতে সাড়ম্বরে কুমারী পূজা, আজ মহানবমী
শারদীয় দুর্গাপূজার মহা অষ্টমী ছিল গতকাল সোমবার। এদিন রামকৃষ্ণ মিশনে অনুষ্ঠিত হয় পূজার আকর্ষণীয় পর্ব ‘কুমারী পূজা’। মাতৃভাবে কুমারী কন্যাকে জীবন্ত প্রতিমা করে তাতে জগজ্জননীর উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করাই কুমারী পূজা। গতকালের ‘কুমারী’ মায়ের নাম আদৃতা চক্রবর্তী। শাস্ত্রমতে, এদিন তার নামকরণ করা হয় ‘উমা’।সোমবার সকালে কুমারী মা মণ্ডপে আসার আগেই চলে আসে তার আসন। বেলা ঠিক ১১টায় বাবা মানিক চক্রবর্তীর কোলে চড়ে আসে আদৃতা। লাল টুকুটকে বেনারসি শাড়ি পরে আসা ‘কুমারী মা’ আদৃতার উৎসুক চোখে-মুখে ছিল আনন্দ। এক ভক্ত মন্তব্য করলেন, কুমারী মায়ের আদরভরা মুখখানা দেখে মনে হচ্ছে তারই পেছনে অধিষ্ঠিত হওয়া দেবী দুর্গার সুকোমল মুখখানা। ‘কুমারী মা’ আদৃতা আসনে আসার পরপরই শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। ১৬টি উপকরণ দিয়ে পূজার আনুষ্ঠানিকতার সূত্রপাত। এরপর অগ্নি, জল, বস্ত্র, পুষ্প ও বাতাস—এই পাঁচ উপকরণে দেওয়া হয় ‘কুমারী’ মায়ের পূজা। অর্ঘ্য প্রদানের পর দেবীর গলায় পরানো হয় পুষ্পমাল্য। পূজার শেষে প্রধান পূজারী দেবীর আরতি নিবেদন করে দেবীকে প্রণাম করেন। সবশেষে পূজার মন্ত্র পাঠ করে ভক্তদের মাঝে চরণামৃত বিতরণের মধ্য দিয়ে বেলা সাড়ে ১১টায় শেষ হয় পূজার আনুষ্ঠানিকতা। কুমারী পূজা শেষে ভক্তরা মহা অষ্টমীর পুষ্পাঞ্জলি প্রদান করেন।কুমারী পূজার প্রাক্কালে এর তাৎপর্য ব্যাখ্যা করে রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী অমেয়ানন্দ বলেন, ‘কুমারী পূজার মাধ্যমে মাতৃভাব বোঝানো হয়। এ পূজার মধ্য দিয়ে আমরা মাকে চিনব। মা যেমন সন্তানকে ভালোবাসেন, ঠিক তেমনি আমরাও আমাদের সন্তানকে ভালোবাসব। কল্যাণময় মা কুমারীর মধ্য দিয়ে ভক্তদের পূজা গ্রহণ করবেন এবং তাদের আশীর্বাদ করবেন।’ কুমারী পূজা দেখতে সকাল থেকেই উপচে পড়া ভিড় ছিল পুরো এলাকায়। সেখানে নিরাপত্তা রক্ষায় বিপুলসংখ্যক র্যা ব, পুলিশ ও আনসারের পাশাপাশি অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়। টিকাটুলির ফুলকুঁড়ি নার্সারি স্কুলের নার্সারি শ্রেণীর ছাত্রী এবারের ‘কুমারী মা’ আদৃতা চক্রবর্তী। জাতীয় বিশ্ববিদ্যালয়ে চাকরি করা মানিক চক্রবর্তী ও গৃহণী রাখি গোস্বামীর ছোট মেয়ে আদৃতা। ভক্তদের পূজা গ্রহণ শেষে বিশ্রামকক্ষে গণমাধ্যমের সঙ্গে কথা বলল ‘কুমারী মা’ আদৃতা। অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলল, ‘আমার খুব ভালো লাগছে। সবাই আমাকে দেখতে এসেছে, পুজো দিয়েছে। খুবই ভালো লাগছে।’ মহা অষ্টমী পূজা: রাজধানীর অন্যান্য মন্দিরে ও পূজামণ্ডপেও বিপুল উৎসাহ, আনন্দ আর ধর্মীয় আচার মেনে মহা অষ্টমীর পূজা শেষ হয়েছে। এসব মন্দির ও মণ্ডপে মূল প্রতিমায় পূজা অনুষ্ঠিত হয়। তবে গতকাল পুরান ঢাকাসহ রাজধানীর পূজামণ্ডপগুলোতে দেবী দর্শনের জন্য দর্শনার্থীদের ভিড় ছিল প্রায় বাঁধভাঙা। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান আর আলোকসজ্জায় আলোকিত হয়ে যায় সব মণ্ডপ। রাজধানীর সবচেয়ে বড় অনুষ্ঠান ছিল বনানী সর্বজনীন পূজামণ্ডপে। এ ছাড়া কলাবাগানে ধানমন্ডি সর্বজনীন পূজামণ্ডপ, ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণ, রমনা কালীবাড়ি ও মা আনন্দময়ী আশ্রম এবং পুরান ঢাকার মন্দিরে মন্দিরে ছিল সন্ধ্যা আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ মহানবমীশারদীয় দুর্গোৎসবের চতুর্থ দিনে আজ মহানবমী। নানা আচারের মধ্য দিয়ে মহানবমীর পূজা শেষে যথারীতি থাকবে অঞ্জলি নিবেদন ও প্রসাদ বিতরণ। আর মাত্র এক দিন পরেই মর্ত্য ছেড়ে কৈলাশে স্বামীগৃহে ফিরে যাবেন দুর্গতিনাশিনী দেবী দুর্গা। আর পেছনে ফেলে যাবেন ভক্তদের চার দিনের আনন্দ-উল্লাস আর বিজয়ার দিনের অশ্রু।