মহা দুর্ভোগে ঘরমুখী বাসযাত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সকাল সাতটায় বাস ধরার জন্য আগারগাঁও থেকে খুব সকালে গাবতলী বাস টার্মিনালে হাজির হয়েছি রংপুরে যাব বলে। এখন বাজে বেলা দুইটা, বাসের দেখা নেই। কখন যাত্রা করতে পারব জানি না। এক সপ্তাহ আগে লাইনে দাঁড়িয়ে অগ্রিম টিকিট নিয়েছিলাম, এমন দুর্ভোগে পড়তে হবে আগে বুঝিনি।’পরিবারের সদস্যদের নিয়ে গাবতলীর এস আর ট্রাভেলসের কাউন্টারের সামনের রাস্তায় বসে থাকা বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আবদুর রহমান এভাবেই দুর্ভোগের চিত্র তুলে ধরেন। গতকাল শুক্রবার গাবতলী টার্মিনালে হাজার হাজার যাত্রীর এমন দুর্ভোগ ছিল দিনভর।গতকাল ঢাকা-টাঙ্গাইল হয়ে উত্তর ও দক্ষিণবঙ্গগামী মহাসড়কে ছিল ৭০ থেকে ১০০ কিলোমিটার যানজট। দীর্ঘ যানজট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেও। বৃহস্পতিবার বিকেল থেকেই ঘরমুখী মানুষ রাজধানী ছাড়তে শুরু করে। তবে গতকাল স্বাভাবিকের চেয়ে অনেক বেশি যাত্রী বাস টার্মিনালে এসে হাজির হয়। আর এসেই পড়ে মহা বিড়ম্বনায়।বিকেলে গাবতলী বাস টার্মিনালে দেখা গেল, যাত্রীদের কেউ সিঁড়িতে, কেউ বা খোলা স্থানে খবরের কাগজ বিছিয়ে বাসের অপেক্ষায়। শ্যামলী কাউন্টারের সামনে যমজ দুই শিশুকন্যা নিয়ে বসে থাকা তসলিমা বেগম বললেন, ঝিনাইদহে যাওয়ার জন্য তিনি গত ২৪ অক্টোবর অগ্রিম টিকিট সংগ্রহ করেন। তাঁর স্বামী ঈদের আগের দিন যাবেন। চার ঘণ্টা বসে আছেন বাসের জন্য, কখন বাসে উঠতে পারবেন জানেন না।দুপুরে গাবতলী বাস টার্মিনাল ছাড়াও কল্যাণপুরে নিউ এলিগেন্স ট্রাভেলস, মডার্ন এন্টারপ্রাইজ, শ্যামলী পরিবহন, আগমনী এক্সপ্রেস, এস আর ট্রাভেলস, টিআর ট্রাভেলস ও শ্যামলীতে হানিফ এন্টারপ্রাইজের টিকিট কাউন্টারের সামনে শত শত মানুষকে নির্দিষ্ট বাসের জন্য পরিবার-পরিজন নিয়ে অপেক্ষায় থাকতে দেখা গেছে। এদের অধিকাংশই উত্তর ও দক্ষিণবঙ্গের যাত্রী।শ্যামলী পরিবহনের রমেশ ঘোষ বলেন, বেশির ভাগ বাস রাস্তায় আটকা পড়ে আছে এবং চার-পাঁচ ঘণ্টা দেরিতে ছাড়ছে। মহাসড়কে দুর্ঘটনাকবলিত বা বিকল বাস-ট্রাক তাৎক্ষণিকভাবে সরানো সম্ভব হলে এ ধরনের যানজট এড়ানো সম্ভব, কিন্তু বাস্তবে তা হয় না।বৃহস্পতিবার রাতে মির্জাপুরে একটি ট্রাক বিকল হলে যানজট তীব্র হয়। এর জের ধরে উভয় দিকে অন্তত ৭০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। দিনাজপুর থেকে ২২ ঘণ্টায় গাবতলীতে আসা যাত্রী আলিজা ইসলাম রাতে প্রথম আলোয় ফোন করে ক্ষোভের সঙ্গে বলেন, পুরো পথে তিনি আইন প্রয়োগকারী সংস্থার পর্যাপ্ত তৎপরতা দেখতে পাননি।মহাখালী বাস টার্মিনালে দুপুরে গিয়ে দেখা যায়, ঢাকা-ময়মনসিংহ রুটে যাত্রার জন্য শত শত নারী-পুরুষ কাউন্টারে লাইন দিয়েছে, কিন্তু বাস ছিল খুব কম। সৌখিন এক্সপ্রেসের সুপারভাইজার আবদুল হক জানান, বাসের তুলনায় যাত্রী অন্তত দ্বিগুণ। আবার যানজটের কারণে অনেক বাস পথে আটকা রয়েছে। সায়েদাবাদ বাস টার্মিনালে দূরপাল্লার বাসগুলোর কাউন্টার থেকে অগ্রিম টিকিট দেওয়া হলেও ঢাকা-চট্টগ্রাম রুটে কাঁচপুর থেকে চান্দিনা পর্যন্ত দীর্ঘ যানজটের কারণে নির্ধারিত সময়ের চার-পাঁচ ঘণ্টা দেরিতে বাসগুলো যাত্রা করছিল। সেসব বাসও পথেই আটকা পড়ে যায়।এদিকে, নির্ধারিত সময়ে বাস আসতে দেরি হওয়ায় অনেক যাত্রী টিকিট ফেরত দেওয়ারও চেষ্টা করে। অনেকে লোকাল বাস, কোনো কোনো ক্ষেত্রে দূরপাল্লার বাসের ছাদে উঠে যাত্রা শুরু করে। টার্মিনালে র‌্যাবের অভিযোগকেন্দ্র আছে। বিআরটিএর পর্যবেক্ষক দলও কাজ করছে। কিন্তু পরিস্থিতির কারণে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা বাসের ছাদে ওঠার নিষেধাজ্ঞাজনিত বিষয়ও এড়িয়ে যেতে বাধ্য হন।তবে কোনো কোনো যাত্রী অভিযোগ করেন, ফেরত দেওয়া টিকিট চড়া দামে অন্য যাত্রীদের কাছে বিক্রি করা হচ্ছে।বিভিন্ন দূরপাল্লার ‘যাত্রীসেবা’ বাসগুলো থেকেও অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করেন অনেক যাত্রী। সায়েদাবাদ বাস টার্মিনালে খুলনা, বাগেরহাট, পিরোজপুর ও বরিশালগামী বিভিন্ন পরিবহনেও ১০০ থেকে ১৫০ টাকা বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ অনেক যাত্রীর। মাওয়া হয়ে এসব বাস গন্তব্যে পৌঁছায়।