মহাঅষ্টমীতে কুমারী পূজা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শারদীয় দুর্গোত্সবের তৃতীয় দিনে আজ শুক্রবার ছিল মহাঅষ্টমী। এ উপলক্ষে রাজধানীর রামকৃষ্ণ মিশনে অনুষ্ঠিত হয় কুমারী পূজা। কুমারী পূজায় অংশ নিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ভক্ত ও দর্শনার্থী মন্দিরে জড়ো হয়। খবর বাসসের।আজ সারা দেশে সকাল আটটা ৫৯ মিনিটে একযোগে মণ্ডপে মণ্ডপে দেবীর মহাঅষ্টমী পূজা অনুষ্ঠিত হয়। পূজা শেষে অঞ্জলি প্রদানসহ মহাপ্রসাদ বিতরণ করা হয়। এ ছাড়া আজ মধ্যরাতে অনুষ্ঠিত হবে সন্ধি পূজা।সকালে রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা শুরু হয়। কুমারী পূজায় পৌরহিত্য করেন ব্রহ্মচারী দেবদেব চৈতন্য। তাঁকে সহযোগিতা করেন স্বামী বেদময় আনন্দ। এ ছাড়াও কুমারী পূজার তাত্ত্বিক এবং আনুষ্ঠানিক ব্যাখার ধারাভাষ্য দেন স্বামী স্থিরাত্মানন্দজী।পূজার আনুষ্ঠানিকতায় কুমারী প্রতীকে জগত জননীর প্রতি ১৬টি উপহার দিয়ে সম্মান জানানো হয়, যা দুর্গাপূজার একটি বিশেষ অংশ।এ ছাড়াও পা ধোয়ার জল, চন্দন, সুগন্ধি, পুষ্প, স্নানের জল, নৈবেদ্য, বস্ত্র, তৈল, আলতা, ধূপ, দীপ ইত্যাদি উপাচার দিয়ে কুমারীকে সম্মান জানানো হয়।পূজা শুরুর আগে ঢাক-ঢোল ও কাঁসা বাদনের আওয়াজ এবং মুহুর্মুহু উলুধ্বনির মধ্য দিয়ে পঞ্চপ্রদীপ জ্বালিয়ে কুমারীকে বরণ করে নেওয়া হয়। শঙ্খ, ঢাক আর উলুধ্বনিতে মিশন এলাকায় উত্সবের আমেজ সৃষ্টি হয়। দুর্গার আরেক নাম কুমারী। সব নারীর মধ্যে মাতৃভাব উপলব্ধি করার জন্যই কুমারী পূজার আয়োজন করা হয়।