মহাকরণ কার জানা যাবে কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল দুপুর ১২টার পর থেকেই পরিষ্কার হতে শুরু করবে মহাকরণ কাদের নিয়ন্ত্রণে থাকবে। সকাল আটটায় ভোট গণনা শুরু হবে। অধিকাংশ আসনের ফল জানা যাবে বিকেল চারটার মধ্যে।২০ নির্বাচনী জেলার ৮৭টি গণনাকেন্দ্রে ভোট গণনা হবে। আসনপ্রতি ১০ থেকে ২৪ রাউন্ডে ভোট গণনা শেষ হবে। কিছু স্থানে সন্ধে ছয়টাও গড়াতে পারে। পশ্চিমবঙ্গের যুগ্ম মুখ্য নির্বাচন আধিকারিক দিব্যেন্দু সরকার জানান, প্রতিটি হলের ফলাফল এসএমএসের মাধ্যমে কেন্দ্রীয় সার্ভারে ঢুকবে। একই সঙ্গে তা যাবে মিডিয়া কেন্দ্রে। তার মানে, কলকাতায় নির্বাচন কমিশন ও জনগণ টিভি পর্দায় একই সঙ্গে ফলাফল জানবে। গণনায় এসএমএস-প্রযুক্তির ব্যবহার হবে এবারই প্রথম। দারুণ ভালো নির্বাচন করায় প্রধান নির্বাচন কমিশনার কুরেশি দিল্লিতে গতকাল বলেছেন, ‘পশ্চিমবঙ্গের নির্বাচন একটি মডেল।’বুথ-ফেরত জরিপের ফলাফল নিয়ে যথারীতি চাপানউতোর চলছে। মমতাশিবির উল্লসিত। ফলের আগে ফল বের করেছে এনটিভি, সিএনএন- আইবিএন, সিএসডিএসসহ ১১টি সংস্থা। এর মধ্যে মাত্র একটি বলেছে, বামফ্রন্ট সরকার করবে। ১০টির মধ্যে আটটি সংস্থা বামদের ৬০-৭০ আসন, আর তৃণমূল-কংগ্রেস জোটকে দিয়েছে ২০০ থেকে ২৩৫ আসন। মহুয়া বাংলা বামদের ১০০, মমতাদের ১৮৭ আসন দিয়েছে। জিটিভিই ব্যতিক্রম। বামদের তারা ১৫০-এর বেশি ও মমতাদের ১৩৮ আসন দিয়েছে। বাম-সমর্থিত ‘চব্বিশ ঘণ্টা’ জিটিভির ওই ফলাফলকে তাদেরও ফলাফল বলে সম্প্রচার শুরু করেছে। জিটিভির সঙ্গে চব্বিশ ঘণ্টার মালিকানা সম্পর্ক আছে বলে জানা যায়। গতকাল বাম মুখপাত্র দৈনিক গণশক্তির শিরোনাম ছিল, ‘বুথ-ফেরত সমীক্ষার নামে কানামাছি খেলার প্রতিযোগিতা’। তারা উল্লেখ করে, ২০০১ সালে ওরাই বামকে ১০৫ থেকে ১৫৫ আসন দিয়েছিল; বাস্তবে বাম পায় ১৯৯। মমতাদের দিয়েছিল ১২৯ থেকে ১৭৫ আসন; পেয়েছিল মোটে ৮৬। ২০০৬ সালেও একই রকম কাণ্ড করে ধরা খায় তারা; এবারও খাবে। গণশক্তি তাদের প্রতিবেদনের সঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক সত্যব্রত মুখোপাধ্যায়ের বক্তব্য ছাপে। তিনি জরিপের প্রতিনিধিত্বশীলতা ও বিজ্ঞানমনস্কতা নিয়ে প্রশ্ন তোলেন। কলকাতায় বিভিন্ন মহলের সঙ্গে আলাপ করে মনে হচ্ছে, লড়াইটা হবে হাড্ডাহাড্ডি। খুব বেশি আসন পেয়ে কোনো পক্ষই সরকার গঠন করবে না। প্রথম আলোর সঙ্গে আলোচনায় অধ্যাপক সত্যব্রত ব্যক্তিগত ধারণা প্রকাশ করে জানান, তিনি মনে করেন, বামরা যদি সরকার গঠন করে, তাহলে বিরোধীদের চেয়ে মাত্র সাত-আটটি আসন বেশি পেয়ে সরকার করতে পারে। তৃণমূল-কংগ্রেস সরকার গঠন করতে পারলে তারা বামদের চেয়ে ১০-১৫টি আসন বেশি পেতে পারে। এক প্রশ্নের জবাবে তিনি ওই আটটি জরিপের মধ্যে সিএনএন-আইবিএনকে অধিকতর পেশাদারি সংস্থা বলে বর্ণনা করেন। ওই সংস্থা তাদের জরিপে মমতাদের ২২২ থেকে ২৩৪ এবং বামদের ৬০ থেকে ৭২টি আসন দিয়েছে। তাদের এই হিসাব সাড়ে পাঁচ কোটি ভোটারের মধ্যে মাত্র পাঁচ হাজার জনকে নিয়ে। আলিমুদ্দিন স্ট্রিটে গত সন্ধ্যায় মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য জোটের টানটান উত্তেজনাপূর্ণ বৈঠকে অংশ নেন। মুজাফ্ফর আহমেদ ভবনে ফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু কথা বলারই সুযোগ দিলেন না। ‘বাংলাদেশের সাংবাদিক জেনেও বলছি, এ মুহূর্তে কোনো কথা নয়,’ মন্তব্য করে ছুটলেন বিমান। তবে বুথ-ফেরত জরিপকে নির্বাচনপূর্ব সমীক্ষার মতোই তিনি তুড়ি মেরে উড়িয়ে দেন সংবাদ সম্মেলনে। তাঁর মতে, ‘এসব বিজ্ঞানসম্মত নয়। কালই মিথ্যাচার পরাস্ত হবে, গুঁড়ো গুড়ো হবে।’ বামদের সহযোগী ছাত্রসংগঠনের প্রধান ঋতব্রত ব্যানার্জি গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমাদের মিডিয়া ঠান্ডা ঘরে বসে ১৯৮২ সালে গনি খান চৌধুরী, সাতাশিতে প্রিয়রঞ্জন দাসমুন্সি, একানব্বইতে সিদ্ধার্থ রায়, ছিয়ানব্বইতে সোমেন মিত্র এবং ২০০১ ও ২০০৬ সালে মমতাকে মুখ্যমন্ত্রী করেছে। কিন্তু বাংলার রায় হয়েছে ভিন্ন।’ তবে একটি শীর্ষস্থানীয় উর্দু দৈনিকের একজন সাংবাদিক বলেন, অনেক সময় নির্বাচনী পূর্বাভাস সঠিক বা কাছাকাছি বলেও প্রমাণিত হয়েছে। সর্বভারতীয় ভিত্তিতে সব নির্বাচনই জরিপ হয়। ভুল-ঠিক দুটোরই উদাহরণ আছে। সুতরাং একে উড়িয়ে দেওয়া যাবে না। আলিমুদ্দিন স্ট্রিটের অন্য সূত্র বলেছে, বামফ্রন্টও বুথ-ফেরত জরিপ করেছে। এটা দলের কাঠামোতে হয়েছে। রাজ্যে দলের প্রায় দুই কোটি সদস্য আছে, যারা চাঁদা দেয়। বামফ্রন্টের নিজের হিসাবেও ১৬০ থেকে ১৭০ আসনের বেশি ওঠেনি। পশ্চিমবঙ্গ রাজ্য কংগ্রেসের সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী গতকাল তাঁর রাধানাথ মল্লিক লেনের বাড়িতে অকপটে বলেন, ‘নির্বাচন এতটাই সুষ্ঠু হয়েছে যে হেরে গেলেও নির্বাচন কমিশনকে দোষারোপ করার কিছু থাকবে না।’ বুথ-ফেরত ফল তিনি বিজ্ঞানসম্মত বলেই মনে করেন। তিনি অবশ্য ইঙ্গিত দেন যে তারা (বামফ্রন্ট) ১০০ আসন পেলেও পেতে পারে। কিন্তু তাদের বিদায়ঘণ্টা বেজে গেছে।