মহাকালের ‘মুক্তিযুদ্ধের সংস্কৃতি উৎসব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতার ৪০ বছর পূর্তি উপলক্ষে মহাকাল নাট্য সম্প্রদায় আয়োজন করেছে ‘মুক্তিযুদ্ধের সংস্কৃতি উৎসব’। আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় শুরু হচ্ছে সপ্তাহব্যাপী এই উৎসব। এখানে মূল মিলনায়তন, পরীক্ষণ থিয়েটার হল, স্টুডিও থিয়েটার এবং হলগুলোর বাইরের অংশে উৎসব ঘিরে নানা আয়োজন করা হয়েছে। ‘মুক্তিযুদ্ধের সংস্কৃতি উৎসব’ উদ্যাপন পরিষদের আহ্বায়ক আফজাল হোসেন জানান, এই উৎসবে এবার ঢাকা থিয়েটারের বিনোদিনী ও মহাকাল নাট্য সম্প্রদায়ের ঘুম নেই নাটক দুটির শততম প্রদর্শনী হবে। উৎসবে অংশ নিচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের অনীক নাট্যদল ও ত্রিপুরার কালচারাল ক্যাম্পেন। ঢাকা থেকে নাগরিক নাট্যাঙ্গনের সেইসব দিনগুলো, সময়ের ভাগের মানুষ, প্রাচ্যনাটের সার্কাস সার্কাস, শূন্যন রেপার্টরির লালজমিন, বুনন থিয়েটারের চাকা, থিয়েটার আর্ট ইউনিটের সময়ের প্রয়োজনে, শব্দ নাট্যচর্চা কেন্দ্রের রাইফেল এবং সুবচন নাট্য সংসদের মহাজনের নাও মঞ্চস্থ হবে।জাতীয় নাট্যশালার লবিতে নাট্য গবেষক বাবুল বিশ্বাসের সংগ্রহ করা মুক্তিযুদ্ধভিত্তিক নাটকের পোস্টার, স্মরণিকা ও আলোকচিত্র প্রদর্শনী এবং মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী হবে। প্রতিদিন মুক্তিযুদ্ধের কাহিনির ওপর নির্মিত চলচ্চিত্রের প্রদর্শনী হবে স্টুডিও থিয়েটার হলে, সন্ধ্যায় হবে শিশুনাট্যদলের নাটক ও মূকাভিনয়। মুক্ত মঞ্চে হবে মুক্তিযুদ্ধের গান, গণসংগীত ও মুক্তিযুদ্ধের কবিতার আবৃত্তি।