মহাকাশ পুষ্টিবিদের সঙ্গে দেখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাশূন্যে নভোচারীরা কী খান? পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষ যে খাবার খায়, মহাশূন্যে থেকে সেসব খাবার কি নভোচারীরা খেতে পারেন? সাত দিনের একটি মহাকাশ অভিযানে পাঁচজন নভোচারী থাকলে তাঁদের জন্য কী পরিমাণ খাদ্যসামগ্রী ও পানীয়ের প্রয়োজন হয়? একই দলের ফরাসি ও জাপানি নভোচারীর জন্য কি পৃথক খাদ্য ও পানীয় নভোযানে নেওয়া সাশ্রয়ী?এসব হলো সমস্যার কথা। মহাকাশ অভিযানে প্রাণী বা মানুষ পাঠানোর শুরু থেকে এ সমস্যা সমাধানের চেষ্টা করেছেন বিজ্ঞানীরা। এ ক্ষেত্রে দুটো বিষয়কে সামনে রেখে এগিয়েছেন তাঁরা। প্রথমত, নভোচারীদের শারীরিক অবস্থা ও পুষ্টি-পরিস্থিতি অটুট রাখা। দ্বিতীয়ত, খাদ্য ও পানীয়ের কারণে নভোযানের ওজন যেন না বাড়ে, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া। এ ক্ষেত্রে গবেষণায় ও সমস্যা সমাধানে যাঁরা সফল, তাঁদের একজন হলেন ড. সেলিনা আহমেদ। পৃথিবীর বিভিন্ন দেশের নভোচারীরা এখন একটি কমিউনিটির সদস্য। সেলিমা আহমেদের তৈরি ফরমুলার খাবারই এখন এই কমিউনিটির সদস্যরা ব্যবহার করছেন।সেলিনা আহমেদ বাঙালি, বাংলাদেশি। জন্ম নোয়াখালী। এখন মার্কিন নাগরিক। থাকেন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউসটন শহরে। মহাকাশবিজ্ঞানী ও নভোচারীদের কাছে এবং হিউসটনের নাগরিক সমাজে তিনি ‘স্পেস নিউট্রিশনিস্ট’ নামে পরিচিত। বাংলায় তরজমা করলে দাঁড়ায় ‘মহাকাশ পুষ্টিবিদ’।হিউসটনের ক্রাউন প্লাজা হোটেলের লবিতে গত ২ আগস্ট এই বিজ্ঞানীর সঙ্গে কথা হয়। ১৯৭০ সাল থেকে যুক্তরাষ্ট্রে বসবাস করলেও চলনে-বলনে এখনো পুরোদস্তুর বাঙালি। নিয়মিত বাংলাদেশে আসতে চান, আসেনও। সর্বশেষ এসেছিলেন গত ডিসেম্বর মাসে। কিন্তু স্বামী দেওয়ান এ আহমেদ অসুস্থ হওয়ায় দেশে আসা অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছে।সেলিনা আহমেদ বলেন, দুটো দিকে লক্ষ রেখে নভোচারীদের জন্য খাবারের ফরমুলা তৈরি করা হয়। খাবারের আয়তন হবে ক্ষুদ্র, যাতে নভোযানে খাবার রাখার জন্য বেশি জায়গার প্রয়োজন না হয়। অন্যদিকে ক্ষুদ্র আয়তনের খাবারে যেন শরীরের প্রয়োজনীয় সব উপাদান উপস্থিত থাকে। এ জন্য নভোচারীদের সব খাবার হয় শুষ্ক; জলীয় অংশ বের করে নেওয়ায় আয়তনও অনেক কমে যায়।সেলিনা আহমেদ বলেন, নভোচারীরা নভোযানে বিশেষ চাপের মধ্যে থাকেন। এ সময় তাঁদের নড়াচড়ার সুযোগ অনেক কম হয়। এ কারণে পেশি দুর্বল হয়ে পড়ে। মহাকাশে নভোচারীদের পেশি সবল রাখার উপযোগী উপাদানও খাবারে রাখতে হয়। তিনি জানান, পানীয় ট্যাংয়ের ধারণাটি এসেছিল মূলত নভোচারীদের খাবার তৈরির ধারণা থেকে।যত সহজে বিষয়টি বোঝানোর চেষ্টা করলেন, প্রকৃত ঘটনা তত সহজে ঘটেনি। সব মহাদেশের বিভিন্ন দেশের খাবার নিয়ে তিনি ও তাঁর দুই সহযোগী দীর্ঘদিন কাজ করেছেন। যুক্তরাষ্ট্র ও কানাডা ছাড়াও এর মধ্যে সুইডেন, পশ্চিম জার্মানি, ইতালি, পোল্যান্ড, সোভিয়েত ইউনিয়ন, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, জাপান, ফিলিপাইন ও থাইল্যান্ড অন্যতম। শুধু সোভিয়েত ইউনিয়নেরই ৩৮ ধরনের খাদ্য ফ্রিজ ও প্যাকেজ করা নিয়ে গবেষণা করেছিলেন।সোভিয়েত ইউনিয়নের প্রসঙ্গ তুলতেই সেলিনা আহমেদ জানান, সোভিয়েত ইউনিয়নে যাওয়ার জন্য নাসা (ন্যাশনাল অ্যারোনটিকস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন) কর্তৃপক্ষ তাঁকে গবেষণা অনুদান দেয়। দুই দেশের মধ্যে তখন রাজনৈতিক টানাপোড়েন তুঙ্গে। তথ্যের ব্যাপারে দুই দেশ খুবই সতর্ক। এ অবস্থার মধ্যে সোভিয়েত মহাকাশ কর্মসূচির বিজ্ঞানীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ছিল রোমাঞ্চকর। তিনি বলেন, ‘আমি তখন দেখেছি সোভিয়েত ইউনিয়নের বিজ্ঞানীদের অনেক দুর্দান্ত প্রকল্প ছিল। কিন্তু অর্থের অভাবে সেসব প্রকল্প তাঁরা বাস্তবায়ন করতে পারেননি।’ সেলিনা আহমেদ আরও বলেন, ‘আমি যখন এই গবেষণা শুরু করি, তখন নাসা থেকে বলা হয়েছিল, “খাবার সামনে নিয়ে তুমি বিশ্বশান্তি আনতে পারো”।’সাক্ষাতের দ্বিতীয় দিন সন্ধ্যায় নাসা স্পেস সেন্টারের সামনে দাঁড়িয়ে বলেছিলেন, সাফল্য এক দিনে আসে না। অবিরাম সাধনার পাশাপাশি ধৈর্য ধরতে হয়। প্রয়োজন হয় অনুপ্রেরণার।স্বামীর পাশাপাশি এই অনুপ্রেরণা তিনি পেয়েছিলেন ঢাকার হোম ইকোনমিকস কলেজে পড়ার সময় সিদ্দিকা কবিরসহ একাধিক শিক্ষকের কাছ থেকে।১৯৭০ সালের শেষ দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমএসসি ডিগ্রি নিয়ে যুক্তরাষ্ট্রে চলে আসেন সেলিনা আহমেদ। তিনি বললেন, ‘তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান অনেক উন্নত ছিল। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে এখানে সরাসরি পিএইচডি কোর্সে ঢুকে যাই। আমাকে বাড়তি কোনো কোর্স করতেই হয়নি।’ ২৭ বছর বয়সে সাড়ে তিন বছরে পিএইচডি শেষ করেন তিনি। তখন তাঁর বয়স ২৭ বছর। ডিগ্রি শেষ করার আগেই হিউসটনের ম্যাথোডিস হাসপাতালে ক্লিনিক্যাল ডায়েটিসিয়ানের চাকরি পান।নোয়াখালীর সোনাপুরের আহমদীয়া হাইস্কুল দিয়ে শিক্ষাজীবন শুরু সেলিনা আহমেদের। এরপর মাইজদি সরকারি হাইস্কুল ও উমা গার্লস হাইস্কুলের পাট চুকিয়ে ঢাকা হোম ইকোনমিকস কলেজে। ১৯৬৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে হোম ইকোনমিকস কলেজ থেকে অনার্স এবং ১৯৬৮ সালে মাস্টার্স ডিগ্রি নেন তিনি। তারপর ১৯৭৩ সালে টেক্সাস উইমেনস ইউনিভার্সিটি থেকে পুষ্টি বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন। সেলিনা আহমেদ ১৯৬৮ সালে ঢাকা হলি ফ্যামিলি হাসপাতালে নিউট্রিশন ইনস্ট্রাক্টর হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৯৪ সাল থেকে টেক্সাস সাউদার্ন ইউনিভার্সিটির মিকে লিল্যান্ড সেন্টার অন ওয়ার্ল্ড হাঙ্গার অ্যান্ড পিসের পরিচালক। পড়িয়েছেন একাধিক বিশ্ববিদ্যালয়ে। অনেক পেশাজীবী সংগঠনের সদস্য তিনি। আমেরিকান লিডারশিপ ফোরামের ফেলো মনোনীত হয়েছেন। ন্যাশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়েছে টেক্সাস সাউদার্ন ইউনিভার্সিটি। রাশিয়া, ইতালি, স্পেন, জাপান, চীন, অস্ট্রিয়া, গ্রিসসহ পৃথিবীর বহু দেশ ভ্রমণ করেছেন। বর্তমানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পুষ্টির সমস্যা সমাধানে কাজ করছেন।বড় মেয়ে লিয়ানা আহমেদ পেশায় ইলেকট্রিক ইঞ্জিনিয়ার এবং ছোট মেয়ে নায়লা আহমেদ পেশায় কেমিক্যাল ইঞ্জিনিয়ার। দুজনই মার্কিন নাগরিক বিয়ে করেছেন। ছেলে মেহরান দেওয়ান আহমেদ কলোরাডোর একটি ইউনিভার্সিটিতে পড়ছেন।পেশাগত জীবনের বাইরে স্মরণীয় ঘটনা ১৯৭৪ সালে হাইজ্যাক হওয়া বিমানের যাত্রী হওয়া। ওই বছর নভেম্বর মাসে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছিলেন। ব্রিটিশ এয়ার ওয়েজের বিমান ছিনতাই করে পিএলওর সদস্যরা। ২৭৬ জন যাত্রীর মধ্যে তিনিও ছিলেন।বর্তমানে সেবাধর্মী একাধিক প্রতিষ্ঠান ও কাজের সঙ্গে জড়িত। ক্যানসারে আক্রান্তদের চিকি ৎ সাসেবা ও জীবনমান উন্নত করার কাজেও যুক্ত হয়েছেন।