মহাকাশ ভ্রমণ-বিমা চালু হচ্ছে (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাধারণ মহাকাশ ভ্রমণকারীদের জন্য মহাকাশ ভ্রমণ-বিমা চালু করতে যাচ্ছে জার্মানির বিখ্যাত বিমা প্রতিষ্ঠান এলিয়ানজ। মহাকাশ ভ্রমণের জন্য মানুষের যে আগ্রহ তৈরি হয়েছে, সেই সুযোগকেই কাজে লাগিয়েছে জার্মানির এই বিমা প্রতিষ্ঠান। আগামী বছরের প্রথম বাণিজ্যিক মহাকাশ ফ্লাইট থেকেই এই বিমা চালু করতে যাচ্ছে তারা। মহাকাশ ভ্রমণের আয়োজনকারী ভার্জিন গ্যালাক্টিকের আগামী বছরের প্রথম মহাকাশ ফ্লাইট থেকেই এই বিমা চালু হবে বলে জানিয়েছে বিমা কর্তৃপক্ষ।

কক্ষপথের একটি নির্দিষ্ট স্থানে মাত্র পাঁচ মিনিট ভ্রমণের জন্য এ পর্যন্ত প্রায় ৪৫০ জন ব্যক্তি অগ্রিম অর্থ জমা দিয়েছেন। এই অবস্থান থেকে ভ্রমণকারীরা মহাকাশের ভরশূন্য অবস্থা পর্যবেক্ষণের পাশাপাশি পৃথিবীর বৃত্তাকার অবস্থা ও মহাকাশের অন্ধকারাচ্ছন্ন অবস্থা পর্যবেক্ষণ করতে পারবেন।আগামী প্রজন্মের ভ্রমণকারীদের জন্য মহাকাশ ভ্রমণের আয়োজনকে ব্যবসার নতুন ক্ষেত্র হিসেবে দেখা হচ্ছে বলে রয়টার্সকে জানিয়েছেন এলিয়ানজের হিসাবপরিচালক এরিক মোরাজিন। তিনি জানান, মহাকাশ ভ্রমণের জন্য বিমানীতিও তৈরি করেছে এলিয়ানজ।তবে ভার্জিন গ্যালাক্টিকই বাণিজ্যিক ভিত্তিতে মহাকাশ ভ্রমণের একমাত্র আয়োজনকারী প্রতিষ্ঠান নয়। ওয়ান ফার্ম, স্পেস অ্যাডভেঞ্চার ও বোয়িং কো নামের প্রতিষ্ঠানগুলোও বাণিজ্যিক ভিত্তিতে মহাকাশ ভ্রমণের আয়োজন করতে যাচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষ। মার্কিন মহাকাশ গবেষণা নাসাও সিদ্ধান্ত নিয়েছে, মহাকাশ অভিযান কমিয়ে তারা সাধারণ ভ্রমণকারীদের জন্য মহাকাশ ভ্রমণের আয়োজন করবে।