মহাকাশ স্টেশন থেকে বেরিয়ে এসেছে ‘আটলান্টিস’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার খেয়া যান ‘আটলান্টিস’ আজ মঙ্গলবার ভোরে শেষবারের মতো আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে বেরিয়ে এসেছে। এর মধ্য দিয়ে পৃথিবীতে আটলান্টিসের ঐতিহাসিক প্রত্যাবর্তন পর্ব শুরু হলো।আজ আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে আটলান্টিসের বেরিয়ে আসার ছবি সরাসরি টিভিতে প্রচার করা হয়। এ সময় নাসার এক টিভি ভাষ্যকার বলেন, ‘আমরা মহাকাশ স্টেশন থেকে বেরিয়ে এসেছি।’ প্রশান্ত মহাসাগরের প্রায় ৩৫০ কিলোমিটার ওপরে গ্রিনিচ সময় ছয়টা ২৮ মিনিটে এ ঘটনা ঘটে। এর আগে গতকাল সোমবার আটলান্টিসের আরোহীরা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবস্থানরত নভোচারীদের বিদায় জানান। এ সময় তাঁরা একটি অনুষ্ঠানের আয়োজন করেন। তাঁরা পরস্পরকে আলিঙ্গন করেন ও চুমু খান। নভোচারীরা এরপর খেয়া যান ও মহাকাশ স্টেশনকে পৃথককারী পথে একটি মার্কিন পতাকা স্থাপন করেন। ফাইট ইঞ্জিনিয়ার ও নভোচারী রোনাল্ড গারান বলেন, ‘আমরা আমাদের জাতীয় ইতিহাসের একটি অধ্যায়ের পরিসমাপ্তি ঘটাতে যাচ্ছি।’ তিনি বলেন, ‘ভবিষ্যতে অন্য মহাকাশ যান আবারও মহাকাশ স্টেশনে ভিড়বে। সে সময় নতুন যুগের সূচনা ঘটবে।মার্কিন মহাকাশ সংস্থা নাসা ৮ জুলাই খেয়া যান আটলান্টিস উৎক্ষেপণ করে। আটলান্টিসের আরোহীদের মধ্যে রয়েছেন মিশন কমান্ডার ক্রিস ফারগুন, পাইলট ডগ হারলে, মিশন বিশেষজ্ঞ স্যান্ডি মাগনাস ও রেক্স ওয়ালহেইম। আগামী বৃহস্পতিবার পৃথিবীতে ফেরার মাধ্যমে মহাকাশ আটলান্টিসের ১৩ দিনের অভিযানের সমাপ্তি ঘটবে। বাসস।