মহাখালী টার্মিনালে নিশ্চল বাস, অলস সময় শ্রমিকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিশ্চল অসংখ্য বাস। যাত্রী ডাকাডাকি, টানাটানি নেই। পরিবহন শ্রমিকদের কেউ কেউ অলস সময় কাটাতে এদিক-ওদিক ঘুরছেন। কেউ কেউ দাবা, তাস খেলছেন। নিস্তব্ধ টার্মিনালে হাতেগোনা কয়েকজন যাত্রী উদ্ভ্রান্তের মতো এক কাউন্টার থেকে অন্য কাউন্টারে ছুটছেন। বাস চলবে না জেনে হতাশ হয়ে ফিরে গেলেন তাঁরা।গতকাল রোববার দুপুরের এ দৃশ্য ঢাকার মহাখালী আন্তজেলা বাস টার্মিনালের। এই টার্মিনাল থেকে বৃহত্তর ময়মনসিংহ, টাঙ্গাইলের পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বাস চলাচল গতকালও বন্ধ ছিল।ফলে গতকালও পুরো অচল ছিল টার্মিনালটি। মহাসড়ক মেরামত না হলে বাস না চালানোর সিদ্ধান্তে বাসমালিকেরা অটল রয়েছেন।যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) পাঁচটি বাস ঢাকা-ময়মনসিংহের পথে চালু করা হয়েছে। রাস্তা মোটামুটি ঠিক হয়ে গেছে। এখন চাইলে মালিকেরা বাস চালাতে পারেন।অবশ্য ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির মহাসচিব রবিউল আলম মুঠোফোনে রাতে প্রথম আলোকে বলেন, ‘বিআরটিসির বাস আজ (রোববার) চলেনি। শুনেছি, সোমবার চলবে। ময়মনসিংহের পুলিশ সুপার বিকেলে জানতে চেয়েছেন, বিআরটিসির বাস চললে আমাদের আপত্তি আছে কি না।’ এদিকে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক ও এনা পরিবহনের মালিক খোন্দকার এনায়েতুল্লাহ গতকাল বলেন, মহাখালী থেকে দিনে বেসরকারি মালিকানার ৫০০টি বাস চলে। আর বিআরটিসি চালাচ্ছে মাত্র পাঁচটি বাস। তিনি বলেন, সড়কগুলো এখনো যানবাহন চলাচলের উপযোগী হয়নি। রাস্তা চলাচলের উপযোগী না হলে বেসরকারি মালিকেরা বাস চালু করবেন না।মহাখালী টার্মিনাল থেকে ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, নওগাঁ, বগুড়া, রংপুরসহ উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বাস চলাচল করে। মহাসড়কের বেহাল দশার কারণে প্রথমে গাজীপুর ও বৃহত্তর ময়মনসিংহের পথে এবং গত শনিবার থেকে উত্তরাঞ্চলের জেলাগুলোয় বাস চলাচল বন্ধ করে দেন বাসমালিকেরা।টার্মিনালে জলসিঁড়ি পরিবহনের কাউন্টারের সামনে গিয়ে দেখা গেল, পরিবহন শ্রমিকেরা দাবা খেলছেন। কয়েকজন জটলা করে খেলা দেখছেন। সাংবাদিক পরিচয় জেনে সেখানে থাকা ওই পরিবহনের বাসচালক নজরুল ইসলাম বলেন, ‘লিইখ্যা দেন, গাড়ির চাকা ঘুরে না, এই সরকার ভালো না। বাস না চলায় পাঁচ দিন ধইরা বেকার অবস্থায় আছি।’ জলসিঁড়ি পরিবহনের বাস চলে ময়মনসিংহের পথে।নজরুলের পাশে দাঁড়ানো জলসিঁড়ি পরিবহনের আরেক চালক হানিফ বলেন, ‘একবার ঢাকা থেকে ময়মনসিংহ গাড়ি চালিয়ে গেলে ৩৫০ টাকা পেতাম। আগে এক দিনে তিন ট্রিপ (যাওয়া-আসা) মারতে পারতাম। কিন্তু রাস্তার কারণে যানজট হওয়ায় আড়াই ঘণ্টার পথ ১২ ঘণ্টা লাগায় গত এক মাসে এক ট্রিপের বেশি মারতে পারি নাই। এখন তো গাড়িই বন্ধ। ঈদের আগে এমন হইলে ঈদ করমু কেমনে?’ঢাকা থেকে বগুড়াসহ উত্তরবঙ্গের কয়েকটি জেলায় চলাচল করা একতা পরিবহনের মালিক সিরাজুল ইসলাম বলেন, বেশির ভাগ বাস ব্যাংক থেকে ঋণ নিয়ে কেনা হয়েছে। মাসে একটি বাসের জন্য মালিকদের ৬০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত ঋণের কিস্তি পরিশোধ করতে হয়। বাস না চলায় তাঁরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছেন।একতা পরিবহনের ব্যবস্থাপক নাসির আহমেদ জানান, রাস্তা খারাপ হওয়ায় ছয় মাসের মাথায় বেশির ভাগ নতুন বাসের বডিই মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। বাসের যন্ত্রাংশ নষ্ট হয়ে আয়ু কমে গেছে। ফলে বাধ্য হয়ে বাস চলাচল বন্ধ রাখতে হয়েছে।মহাখালী টার্মিনাল থেকে বনানীর দিকে এগোতে পথে অসংখ্য যাত্রীকে দেখা গেল পরিবহনের জন্য অপেক্ষা করছেন। বাস বন্ধ থাকার সুযোগে কিছু মাইক্রোবাসচালক টাঙ্গাইল যেতে যাত্রীপ্রতি ৭০০ টাকা ভাড়া হাঁকছেন। উপায় না থাকায় অনেকে তাতেই রাজি হয়ে মাইক্রোবাসে উঠছেন। অনেকে বাসে টঙ্গী সেতু পর্যন্ত যাওয়ার জন্য বাসে উঠছেন। তাঁদের আশা, সেখান থেকে হয়তো সিএনজিচালিত অটোরিকশা বা অন্য কোনো যানে করে গন্তব্যে যেতে পারবেন।মহাখালী টার্মিনালে সবজির বস্তা নিয়ে বসে থাকতে দেখা যায় শহিদুল ইসলামকে। ট্রাকে করে গতকাল কারওয়ান বাজার এসেছিলেন, কিন্তু পণ্য কিনে ময়মনসিংহের ফুলবাড়ী বাজারে ফিরতে কোনো বাস পাচ্ছেন না। উদ্বেগভরা কণ্ঠে জানতে চান, ‘কবে সরকার বাস চালানোর ব্যবস্থা করবে।’