মহাখালীতে কসমস-২
কসমসের দ্বিতীয় গ্যালারির যাত্রা শুরু হলো। গতকাল শুক্রবার সারা দিন নবীন প্রজন্মের শিল্পীদের নিয়ে অঙ্কনবিষয়ক কর্মশালা পরিচালনা করলেন প্রখ্যাত শিল্পী শাহাবুদ্দিন আহমেদ। দিনের শেষে সেসব কাজের প্রদর্শনী দিয়েই মহাখালীর নিউ ডিওএইচএসের ৬ নম্বর সড়কের ১১৫ নম্বর বাড়ি ভিলা ডি আঞ্জুমানের চতুর্থ তলায় উদ্বোধন করা হলো ‘গ্যালারি কসমস-২’-এর। সকালে মিলাদ মাহফিলের মধ্য দিয়ে অঙ্কনবিষয়ক কর্মশালা শুরু হয়। সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে গ্যালারির উদ্বোধন করেন শাহাবুদ্দিন আহমেদ, ঢাকায় জাপানের রাষ্ট্রদূত সিরো সাদোসিমা। উপস্থিত ছিলেন গ্যালারির চেয়ারম্যান এনায়েতউল্লাহ খান, পরিচালক তেহমিদা এনায়েত, কূটনীতিক, বিশিষ্ট শিল্পী ও শিল্পানুরাগীরা।কর্মশালায় অংশ নিয়েছেন: অনুকূল চন্দ্র মজুমদার, মোস্তফা জামিল আকবর, সোহেল রানা, সোউল হাচ্চা, ফারজানা আহমেদ, টিনা কবির, নাজমুন নাহার, শহীদ কাজী, কামালুদ্দিন, কন্তুন বড়াই, মনজুর রশীদ, নগরবাসী বর্মণ, তারিকত ইসলাম, মিঠু দে ও রনি আহমেদ। অতিথি শিল্পীদের মধ্যে ছিলেন: অলকেশ ঘোষ, সুখময় মজুমদার, গুলশান হুসেন, দেবদাস মালাকার, সোহেল পারভেজ ও আল আঁখির সরকার।শাহাবুদ্দিন আহমেদ বললেন, ‘যেকোনো শিল্পীর জন্যই অঙ্কন হচ্ছে মূল ভিত্তি। অঙ্কনে পারদর্শিতা ছাড়া বড় শিল্পী হওয়া সম্ভব নয়। এই পারদর্শিতা ছাড়া কেউই পৃথিবীর বড় মাপের শিল্পী হতে পারেননি। সে কারণে তরুণদের নিয়ে এ ধরনের একটি কর্মশালা করতে পেরে আমি আনন্দিত। কসমস যে এই আয়োজন করেছে সে জন্য তাদেরও ধন্যবাদ।’এনায়েতউল্লা খান বললেন, ‘আমরা শিল্পের শক্তিকে দেশের সব সংকট, অসংগতির বিরুদ্ধে প্রতিবাদ ও পরিবর্তনের নিয়ামক হিসেবে নিয়ে যেতে চাই। এ জন্যই মহানগরের বিভিন্ন এলাকায় গ্যালারি করার পরিকল্পনা নিয়েছি। তার অংশ হিসেবেই মহাখালীতে দ্বিতীয় গ্যালারিটির যাত্রা শুরু হলো। এখানে নবীন-প্রবীণ শিল্পীরা কাজ করেন। চারুকলার পাশাপাশি সংগীত, সাহিত্যসহ শিল্পের সব মাধ্যমের চর্চার কেন্দ্র হিসেবেই এ গ্যালারিটি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।’কর্মশালায় অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে সোহেল রানা, সোহাগ পারভেজ, গুলশান হুসেনসহ অনেকেই বললেন, শিল্পী শাহাবুদ্দিনের সঙ্গে একত্রে কাজ করতে পারা তাঁদের জন্য অনেক বড় প্রাপ্তি এবং অনুপ্রেরণার বিষয়। প্রাতিষ্ঠানিক শিক্ষাপর্ব শেষে অনেকেই অঙ্কনের ক্ষেত্রে উদাসীন হয়ে পড়েন। কিন্তু এই কর্মশালায় অংশ নিয়ে তাঁরা অঙ্কনের গুরুত্ব যেমন বিশেষভাবে উপলব্ধি করছেন, তেমনি অনেক করণকৌশলও জানতে পেরেছেন, যা ভবিষ্যতে তাঁদের কাজের ক্ষেত্রে অনেক ইতিবাচক ভূমিকা রাখবে।