মহাখালীতে পোশাকশ্রমিকদের ছয় ঘণ্টা অবরোধ
রাজধানীর মহাখালী বাসস্ট্যান্ড থেকে চৌরাস্তা পর্যন্ত এলাকা ছয় ঘণ্টা অবরোধ করে রাখেন পোশাকশ্রমিকেরা। আজ সোমবার সকাল ১০টা থেকে বিকেল সোয়া চারটা পর্যন্ত প্রায় দুই হাজার পোশাকশ্রমিক সড়ক অবরোধ করেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকদের অভিযোগ, আগে কোনোরকম ঘোষণা না দিয়ে নাসা গ্রুপের একটি পোশাক কারখানা বন্ধ করে দিয়েছে মালিকপক্ষ। শ্রমিকদের আশঙ্কা, মালিকপক্ষ তাঁদের চলতি মাসের বেতন ও অন্যান্য পাওনা টাকা দেবে না।কারাখানার পোশাকশ্রমিকদের আরও অভিযোগ, আজ সকাল আটটায় তাঁরা কারখানায় যান। মালিকপক্ষের তরফ থেকে তাঁদের বলা হয়, ভবনে ফাটল ধরেছে। তাই কারখানা বন্ধ থাকবে। শ্রমিকদের চলতি মাসের বেতন আরও ছয়-সাত দিন পর দেওয়া হবে বলে মালিকপক্ষের প্রতিনিধি জানান। এ ছাড়া বকেয়া বেতন ও ওভারটাইমের ব্যাপারে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে শ্রমিকদের জানানো হয়।শ্রমিকদের অভিযোগ, গত বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে নাসা গ্রুপের ওই কারখানা বন্ধ হওয়ার পর থেকে মালিকপক্ষের লোকজন মালপত্র সরানো শুরু করে। এরপর হঠাত্ তাঁদের কারখানা বন্ধের কথা জানানো হয়। তাঁদের আশঙ্কা, মালিকপক্ষ তাঁদের চলতি মাসের বেতন ও অন্যান্য পাওনা টাকা দেবে না। বেতন ও পাওনা টাকার ব্যাপারে মালিকপক্ষের কারও সঙ্গে শ্রমিকেরা যোগাযোগ করতে পারেননি। মালিকপক্ষের প্রতিনিধির সঙ্গে আজ তাঁদের কথা হয়েছে।এ ব্যাপারে মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। পোশাক কারখানাটির মালিকপক্ষ বিজিএমইএ ভবনে বৈঠক করেছে বলে জানা গেছে।মহাখালী ও এর আশপাশের এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। এ ব্যাপারে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূঁইয়া মাহবুব হাসান প্রথম আলো ডটকমকে জানান, মহাখালীতে শ্রমিকদের অবরোধের কারণে টাঙ্গাইল পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। তিনি জানান, নাসা গ্রুপের ওই কারখানার মালিক প্রতিশ্রুতি দিয়েছেন যে কালকের মধ্যে শ্রমিকদের পাওনা টাকা পরিশোধ করা হবে।পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার প্রথম আলো ডটকমকে বলেন, গতকাল রোববার রাতে নাসা গ্রুপের একটি কারখানার ভবনের বিভিন্ন স্থানে ফাটল ধরা পড়ে। এরপর মালিকের সঙ্গে আলোচনা করে কারখানাটিতে কাজ বন্ধ রাখার পরামর্শ দেয় পুলিশ। কর্তৃপক্ষ ওই কারখানা থেকে রাতেই যন্ত্রপাতি ও পোশাক তৈরির সরঞ্জাম অন্যত্র নিয়ে যাচ্ছিল। শ্রমিকেরা এতে বাধা দেন। পরে কর্তৃপক্ষ কারখানাটি বন্ধ রাখে। আজ সকালে কাজে গিয়ে কারখানা বন্ধ দেখে শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। কারখানা খুলে দেওয়া ও পাওনা পরিশোধের দাবিতে সকাল ১০টার দিকে পর দুই হাজারের বেশি শ্রমিক সড়ক অবরোধ করেন। সংকট নিরসনে বিজিএমইএ, সংশ্লিষ্ট কারখানার মালিক ও শ্রমিক প্রতিনিধিদের বৈঠক হয়েছে।