মহাখালীতে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানববন্ধন
বেতনের ওপর সাড়ে চার শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) প্রত্যাহারের দাবিতে আজ মঙ্গলবার সকালে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ সকাল সাড়ে ১০টার দিকে তাঁরা মহাখালী ওয়ারলেস গেটে মানববন্ধন করেন। একই দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা সকাল থেকে ক্লাস বর্জন করছেন।গুলশান থানার পুলিশ জানায়, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করেছেন। প্রসঙ্গত, একই দাবিতে গতকাল দিনভর বিক্ষোভ করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাজধানীর ১৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী তিন ঘণ্টারও বেশি সময় বিমানবন্দর সড়ক এবং প্রায় আড়াই ঘণ্টা মহাখালী-গুলশান সড়ক অবরোধ করে রাখেন। এ সময় তাঁরা ৮-১০টি গাড়ি ভাঙচুর করেন। রাজধানীর অন্যতম দুটি প্রধান সড়ক দীর্ঘ সময় বন্ধ থাকায় বিকেলে নগরের উত্তর থেকে মধ্য অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়। অফিস-আদালত থেকে ঘরমুখী মানুষ বিপাকে পড়ে।চলতি ২০১০-১১ অর্থবছরের বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফির ওপর সাড়ে চার শতাংশ মূসক আরোপ করা হয়েছে। এর ফলে প্রতি সেমিস্টারে শিক্ষার্থীদের খরচ বেড়ে যাচ্ছে এক হাজার ২০০ থেকে দুই হাজার টাকা।