মহাখালীতে সাবেক নৌপ্রধানের বাসায় ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌবাহিনীর সাবেক প্রধান আমীর আহমদ মুস্তফার মহাখালীর ডিওএইচএস এলাকার বাসায় গত বৃহস্পতিবার গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ১০-১২ জনের একটি ডাকাত দল গ্রিল ভেঙে ভেতরে ঢুকে ১৫ ভরি স্বর্ণালংকার, টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।ডাকাতদের হামলায় নৌপ্রধানের স্ত্রী আহত হন। ডিওএইচএস এলাকাটি নিরাপত্তারক্ষীর পাহারায় সুরক্ষিত থাকে। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার আহম্মদ প্রথম আলোকে জানান, ঘটনার সময় বাসায় আমীর আহমদ মুস্তফা, তাঁর স্ত্রী শিক্ষিকা সেলিমা মুস্তফা, যুক্তরাষ্ট্রপ্রবাসী আত্মীয় ইফতেখার রহমান ও তাঁর মেয়ে ছিলেন। রাত দুইটার দিকে বাড়িতে ডাকাত ঢোকে। বাসার দারোয়ান পুলিশকে জানান, ১০-১২ জনের একদল ডাকাত এসে তাঁকে মারধর করে বেঁধে ফেলে। আমীর আহমদ মুস্তফা প্রথম আলোকে বলেন, ‘গভীর রাতে বাইরে আওয়াজ শুনে দরজা খুলে দেখি, মুখে কালো কাপড় বাঁধা লোকজন অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে।’ মুস্তফা আরও জানান, ডাকাতরা পাশের কক্ষে থাকা আমার আত্মীয় ও তাঁর মেয়েকেও শোয়ার ঘরে নিয়ে আসে। এরপর সবার হাত-পা ও চোখ বেঁধে আলমারি ভেঙে ফেলে ডাকাতেরা। তারা তাঁর স্ত্রীকেও মারধর করে। মুস্তফা জানান, ডাকাতেরা ৬০০ ডলার, সোনার গয়না, কিছু নগদ টাকা, ল্যাপটপ, ক্যামেরা, ফোন ও একটি আংটি নিয়ে যায়। আংটিটি ছিল বিয়ের।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রথম আলোকে আরও জানান, এ ঘটনায় মামলা হয়েছে। তবে পুলিশ এ পর্যন্ত কাউকে ধরতে পারেনি। আমীর আহমদ মুস্তফা ১৯৯১ সালে নৌবাহিনীর প্রধানের পদ থেকে অবসর নেন।