মহাখালীর রেডিয়েন্ট কলেজে ছাত্র বিক্ষোভ, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মহাখালীর রেডিয়েন্ট কলেজ অব মেডিকেল টেকনোলজির শিক্ষার্থীরা আজ শনিবার ক্যাম্পাসে ব্যাপক বিক্ষোভ ও ভাঙচুর করেছে। কারিগরি বোর্ডে নিবন্ধনের দাবিতে আজ সকাল থেকে তারা ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করে। পরে তারা ক্যাম্পাসে ব্যাপক ভাঙচুর চালায়। এতে এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে কর্তৃপক্ষ দাবি করেছে। বর্তমানে গুলশান থানায় শিক্ষার্থী ও কর্তৃপক্ষের মধ্যে বৈঠক চলছে। ক্ষুব্ধ শিক্ষার্থীরা জানায়, ২০০৯-১০ শিক্ষাবর্ষে তারা ল্যাবরেটরি মেডিসিন ও ডেন্টালে ভর্তি হন। ২০০৯ সালের ১ নভেম্বর থেকে তাদের ক্লাস শুরু হয়। এ বছরের ফেব্রুয়ারিতে তারা প্রথম সেমিস্টারের পরীক্ষা দেয়। ১১ এপ্রিল থেকে তাদের প্রথম পর্বের সমাপনী পরীক্ষা শুরু হওয়ার কথা। কিন্তু পরীক্ষা শুরুর আগে হঠাত্ জানানো হয়, কারগরি বোর্ডে নিবন্ধন না হওয়ায় তারা পরীক্ষা দিতে পারবে না। ছাত্ররা এর প্রতিবাদ করলে ১৬ মার্চ কলেজ কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য ক্লাস বন্ধ করে দেয়। মঞ্জুরুল ইসলাম, সুমন, আনিছসহ কলেজের ছাত্ররা প্রথম আলোকে জানান, কলেজ কর্তৃপক্ষ এখন বলছে, এসএসসিতে গ্রেড পয়েন্ট দুই দশমিক পাঁচের নিচে থাকলে কারও নিবন্ধন হবে না। অথচ ভর্তির সময় তাদের বলা হয়েছিল, এই গ্রেড কোনো সমস্যা হবে না। কলেজের চেয়ারম্যান মাইনউদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ক্ষুব্ধ ছাত্ররা ক্যাম্পাস ভবনে ব্যাপক ভাঙচুর করেছে। গবেষণাগার গুঁড়িয়ে দিয়েছে। এতে এক কোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। কেন এ সমস্যা জানতে চাইলে তিনি বলেন, কারিগরি বোর্ড শুরুতে বলেছিল গ্রেড দুই থাকলেই যে কেউ ভর্তি হতে পারবে। তাই তাঁরা ছাত্র ভর্তি করেছিলেন। কিন্তু পরে বোর্ড বলে, গ্রেড দুই দশমিক পাঁচের নিচে কেউ ভর্তি হতে পারবে না। এ ক্ষেত্রে কলেজের কিছুই করার নেই।ছাত্রদের সঙ্গে গুলশান থানায় বৈঠক চলছে বলে জানান তিনি।