মহাচুরি করবেন, জনগণ কিছু বলবে না, এটা ভাববেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী সরকারের অগণতান্ত্রিক আচরণকে ধিক্কার জানিয়েছেন। তিনি বলেছেন, ‘মহাচুরি করবেন, আর জনগণ কিছু বলবে না, এটা ভাববেন না। আপনাদের সমালোচনা করার অধিকার কি জনগণের নেই?’আজ বিকেলে রাজধানীর গুলশানে একটি কমিউনিটি ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বি. চৌধুরী এসব কথা বলেন। তাঁদের ‘জাতীয় ঐক্যের ডাক’ নিয়ে সাম্প্রতিক সময়ে সরকারি দলের আপত্তিকর মন্তব্যের বিষয়ে বিকল্পধারার দলীয় মূল্যায়ন সভা শেষে এ সংবাদ সম্মেলন হয়। গত ২১ অক্টোবর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সুস্থ রাজনীতি; দুর্নীতি, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত সমাজ এবং সমৃদ্ধ অর্থনীতি—এই তিন দফার ভিত্তিতে জাতীয় ঐক্যের ডাক দেন এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ও ড. কামাল হোসেন। তাঁরা দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যের মঞ্চে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছিলেন।এর পরে গণভবনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভা শেষে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছিলেন, ড. কামাল হোসেন ও বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে যে নতুন ফ্রন্ট হয়েছে, তা যদি আরেকটি এক-এগারো ঘটানোর জন্য করা হয়, তাহলে তা প্রতিহত করা হবে। তিনি বলেছিলেন, ‘ফ্রন্ট গঠনের উদ্যোগ শুভ হলে আমরা স্বাগত জানাব। আর এটা যদি আরেকটি এক-এগারো ঘটানোর জন্য হয়, তাহলে খুবই খারাপ হবে।’সংবাদ সম্মেলনে বি. চৌধুরী বলেন, ‘দেশের নাগরিক হিসেবে ড. কামাল হোসেন ও আমি সন্ত্রাস, দুর্নীতির বিরুদ্ধে জাতীয় ঐক্যের ডাক দিয়েছি। এতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ ও স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, তা কুরুচিপূর্ণ।’ তিনি বলেন, ‘অন্তত আমি সৈয়দ আশরাফের কাছ থেকে এ বক্তব্য আশা করিনি। কারণ, এই নেতার বাবা সৈয়দ নজরুল ইসলাম আমার বন্ধু ছিলেন। আমি চিকিত্সক হিসেবেও সৈয়দ আশরাফের বাবা-মাকে চিকিত্সাসেবা দিয়েছি।’এই সাবেক রাষ্ট্রপতি বলেন, তাঁরা দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। রাষ্ট্রের জন্য বিপজ্জনক কিছু বলেননি। হল-মার্ক কেলেঙ্কারিসহ সরকারের বিভিন্ন দুর্নীতির কারণে সারা পৃথিবীতে বাংলাদেশের মাথা হেঁট হয়ে গেছে। মানুষ গুম হয়ে যায়, অথচ তার চুলও পাওয়া যাবে না, এ ধরনের কর্মকাণ্ড গ্রহণযোগ্য হতে পারে না। তিনি দাবি করেন, তাঁরা সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলছেন। বিএনপির এই প্রতিষ্ঠাতা মহাসচিব বলেন, ‘আমরা জাতীয় ঐক্যের ডাক নিয়ে দেশের ৯৮ ভাগ মানুষের কাছে যেতে চাই, যাঁরা কোনো দল করেন না। জাতীয় ঐক্যের পরই রাজনৈতিক দলের সঙ্গে ঐক্য গড়ার বিষয়টি বিবেচনা করা হবে। তবে ঐক্য হবে কিছু সুনির্দিষ্ট শর্তের ভিত্তিতে। মুসলমান রাজনৈতিক নেতারা পবিত্র কোরআন, হিন্দু নেতারা গীতা, খ্রিষ্টান নেতারা বাইবেল ও বৌদ্ধ নেতারা ত্রিপিটক ছুঁয়ে শপথ করবেন, তাঁরা আর দুর্নীতি করবেন না। আমরা যদি ৮০ ভাগ দুর্নীতি কমাতে পারি, তাহলে দেশের চেহারা বদলে যাবে।’ তিনি বলেন, দুর্নীতি থেকে বেচে যাওয়া টাকায় ‘অ্যান্টিকরাপশন ইনসেনটিভ’ দেওয়া যেতে পারে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বি. চৌধুরী বলেন, আন্দোলন করে অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করা হবে। আওয়ামী লীগ গত নির্বাচনে ডিজিটাল বাংলাদেশের কথা বলে যুবসমাজের ভোট নিয়ে তাদের সঙ্গে প্রতারণা করেছে। তিনি বলেন, ১/১১ হচ্ছে আওয়ামী লীগের আন্দোলনের ফসল, এ কথা তারাই স্বীকার করেছে। সংবাদ সম্মেলনে দলের প্রেসিডিয়াম সদস্য নূরুল আমিন বেপারী, মহাসচিব আবদুল মান্নান, যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে আজ বেলা ১১টায় শুরু হওয়া বিকল্পধারার মূল্যায়ন সভায় নেতারা বলেন, জাতীয় ঐক্যের ডাক সময়ের দাবি। সরকারের অপপ্রচার ও ভয়ভীতির ঊর্ধ্বে উঠে বিকল্পধারাকে অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছাতে হবে।