মহাজোট আমলে দেশে ৩২৫ জন খুন হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মহাজোট সরকারের আমলে চলতি বছরের মে পর্যন্ত সারা দেশে ৩২৫ জন মানুষ খুন হয়েছে। এর মধ্যে ঢাকা মহানগরে সর্বোচ্চ ১৭১ জন খুন হয়েছে। একই সময়ে আহত হয়েছে ২৭৬ জন।আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদের টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরপর্বে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এ তথ্য জানান।আমিন আহমেদের অন্য এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আজমের দেহরক্ষী আকতার হামিদের তিন মামলা প্রত্যাহারের আদেশটি বাতিল হচ্ছে। মন্ত্রী বলেন, কক্সবাজার জেলার বিভিন্ন মামলার আসামি আকতার হামিদসহ অন্যদের বিরুদ্ধে দায়ের করা ছয়টি মামলা প্রত্যাহারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশসহ নথি পাঠায় মামলা প্রত্যাহার-সংক্রান্ত জেলা কমিটি। এর মধ্যে তিনটি মামলা প্রত্যাহারের জন্য কেন্দ্রীয় কমিটি প্রাথমিকভাবে সুপারিশ করলেও বর্তমানে ওই আদেশ বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে।মমতাজ বেগমের প্রশ্নের জবাবে সাহারা খাতুন বলেন, মহাজোট সরকারের আমলে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার-সংক্রান্ত কেন্দ্রীয় কমিটি ২০০৯ সাল থেকে চলতি বছরের ৭ জুন পর্যন্ত অনুষ্ঠিত ২৮টি সভায় মোট সাত হাজার ৩২টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে। এর মধ্যে কতগুলো মামলা আদালত প্রত্যাহার করেছেন, সে-সংক্রান্ত কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। তবে আদালতের মাধ্যমে মামলা প্রত্যাহার কার্যক্রম অব্যাহত রয়েছে।মন্ত্রী বলেন, ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত গত আট বছরে মোট ছয় হাজার ৮৩৩টি মামলা প্রত্যাহারের জন্য বিভিন্ন জেলা থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। এরই পরিপ্রেক্ষিতে পাঁচ হাজার ৮৮৮টি মামলা সম্পূর্ণ প্রত্যাহার এবং ৯৪৫টি মামলা থেকে তিন হাজার ১০ জন আসামির নাম প্রত্যাহার করার সুপারিশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ ছাড়া ওই আট বছরে নির্বাহী আদেশ পেয়ে দুই হাজার ৩০৩টি ফৌজদারি মামলা প্রত্যাহার করেছেন আদালত।