মহাজোট ছাড়তে এরশাদকে কাজী জাফরের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে মহাজোট থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন দলটির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমদ। আজ রোববার এক যৌথ সভায় তিনি এই আহ্বান জানিয়ে বলেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট এখন মহাজটে পরিণত হয়েছে।তিস্তা অভিমুখে লংমার্চ সফল করার লক্ষ্যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে দলের বিভিন্ন অঙ্গসংগঠনের সঙ্গে আয়োজিত যৌথ সভায় প্রধান অতিথি ছিলেন তিনি।কাজী জাফর বলেন, মানুষ এখন আর তথাকথিত মহাজোট চায় না। সব স্থানীয় নির্বাচনে মানুষ শাসক দলের বিরুদ্ধে রায় দিচ্ছে। বাস্তবে মহাজোটের অস্তিত্ব নেই মন্তব্য করে তিনি বলেন, জোট গঠনের আগে জাতীয় পার্টির সঙ্গে করা চুক্তিগুলো বাস্তবায়িত হয়নি। মহাজোটে থেকে জাতীয় পার্টি লাশে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেন, ‘জাতিকে দিকনির্দেশনা দিতে এই মুহূর্তে এরশাদের বিকল্প কোনো নেতৃত্ব নেই।’ তিনি বলেন, জাতীয় পার্টি ক্ষমতায় গেলে পদ্মা সেতুর পাশাপাশি আরিচা হয়ে আরেকটি সেতুও করা হবে।