মহাজোট মহাব্যর্থ সরকার: খালেদা জিয়া
বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া বলেছেন, মহাজোট মহাব্যর্থ সরকার। এই সরকারের দুর্নীতি সর্বকালের সব রেকর্ড ছাড়িয়েছে গেছে। মহাজোট সরকারের ভেতরে থাকা বড় চোর, মাঝারি চোর ও ছোট চোর দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তারা ক্ষমতায় থাকলে দেশে আর কিছুই অবশিষ্ট থাকবে না। তাই এ দেশের মানুষকে সঙ্গে নিয়ে জাতীয়তাবাদী শক্তিকে সুসংগঠিত করে অত্যাচারী জালেম সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে। আজ বুধবার রাতে ঢাকা আইনজীবী সমিতির বিএনপি-সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত সভাপতি সানাউল্লাহ মিয়ার নেতৃত্বে সমিতির আটজন সদস্য গুলশানের কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গেলে তিনি এসব কথা বলেন।খালেদা জিয়া আরও বলেন, ‘দেশ আজ কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। মহাজোট সরকার জনগণকে দেওয়া কোনো প্রতিশ্রুতি রাখেনি, প্রতিশ্রুতি ভেঙেছে। দ্রব্যমূল্য বৃদ্ধি, আইনশৃঙ্খলার অবনতিতে মানুষের নাভিশ্বাস উঠেছে। সারা দেশের মানুষ আজ বিএনপির দিকে তাকিয়ে আছে। তাই আমাদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে।’