মহাজোট সরকার ব্যর্থ হলে দেশে মহাবিপর্যয় নেমে আসবে: এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, মহাজোট সরকার কোনো কারণে ব্যর্থ হলে দেশে মহাবিপর্যয় নেমে আসবে। দেশে স্থিতিশীল অবস্থা থাকবে না। জাতীয় পার্টি শক্তিশালী হলে মহাজোট শক্তিশালী হবে। মহাজোট একত্রিত থাকলে সব সমস্যার সমাধান করা যাবে। আজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার হাতকোপা গ্রামে বীর মুক্তিযোদ্ধা মরহুম নূরুল ইসলাম কিরনের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।এরশাদ আরও বলেন, ‘যে আশা করে আমরা মহাজোট সৃষ্টি করেছিলাম, তা এখনো বাস্তবায়ন করতে পারিনি। মানুষের ভালোবাসায় আমরা ক্ষমতায় এসেছি। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে। মহাজোট সরকার দুই বছর অতিক্রম করেছে। আমাদের সামনে কঠিন পরীক্ষা। বিগত নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে কাঙ্ক্ষিত আসন দেয়নি। আমরা আশা করি ভবিষ্যতে আমাদের প্রতি সুবিচার করা হবে।’অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ নাসিম ওসমান, নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ আবদুল্লাহ আল কায়সার, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন, জেলা জাতীয় পার্টির সভাপতি আবু জাহের, সাধারণ সম্পাদক আকরাম হোসেন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।