বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ায় জনগণ আজ দিশেহারা ও অসহায়। সারা দেশে নিরীহ জনগণের পাশাপাশি বিরোধীদলীয় নেতা-কর্মীদের ওপর জুলুম, নির্যাতন চালিয়ে এবং হামলা-মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। তাই এ সরকারের অন্যায়-অবিচার ও দুঃশাসনের প্রতিবাদ করা এখন দেশপ্রেমিক সব নাগরিকের কর্তব্য হয়ে পড়েছে।আজ শুক্রবার বিকেল পাঁচটায় লালমনিরহাট জেলা কালেক্টরেট মাঠে বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, দেশ এখন কোন সংবিধানে চলছে, আওয়ামী লীগ না বাকশালের? আওয়ামী লীগ আদালত কর্তৃক সংবিধানের পঞ্চম ও অষ্টম সংশোধনী বাতিল করার পর সেই বাকশালতন্ত্র কায়েম করার জন্য বাহাত্তরের সংবিধানে ফিরে যেতে মরিয়া হয়ে উঠেছে। মির্জা ফখরুল আরও বলেন, বর্তমানে সাধারণ মানুষ আদালত ও প্রশাসনের কাছে বিচার পায় না। বিচার বিভাগকেও দলীয়করণ করা হয়েছে। পাবনায় প্রশাসন সঠিকভাবে দায়িত্ব পালন করতে চাইলেও ছাত্রলীগ ও যুবলীগকে সান্ত্বনা দেওয়ার জন্য প্রশাসনের কর্মকর্তাদের গণবদলি করা হয়েছে। এতেই বোঝা যায় দেশের মানুষ এখন কেমন শান্তিতে আছে। সভাপতির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, নাটোরের বড়াইগ্রাম উপজেলার চেয়ারম্যানকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়েছে। একই ধারায় গতকাল রাতে লালমনিরহাটের মোগলহাট ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক ও ইউপি সদস্য রফিকুল ইসলামকে আওয়ামী সন্ত্রসীরা পিটিয়ে যখম করার একদিন পর তিনি মারা যান। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করে তাদের শাস্তির দাবি জানান তিনি। জনসভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি সাবেক সাংসদ সালেহ উদ্দিন আহম্মেদ হেলাল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা প্রমুখ।