মহাজোট সরকারের সময়েই পদ্মা সেতুর কাজ শুরু হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাজোট সরকারের আমলেই পদ্মা সেতুর কাজ শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘মন্ত্রীর শপথ নিয়ে পদ্মা সেতুর বিষয়ে জনগণকে যে কথা দিয়েছিলাম, তা অবশ্যই রাখব। আর এ সরকারের আমলে সেতুর কাজ শুরু করব।’আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস অ্যান্ড ওয়েলফেয়ার আয়োজিত ‘সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে যোগাযোগমন্ত্রী এসব কথা বলেন। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪২ কিলোমিটার চার লেনে উন্নীত করার কাজ শেষ হবে বলেও জানান মন্ত্রী।উপস্থিত বক্তাদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘যেহেতু আমি কথা দিয়েছি, পদ্মা সেতু হবে। তাই সেটা কীভাবে হবে, তাও আমি জানি।’ অন্যথায় ব্যর্থতার পুরো দায়ভার তিনি নেবেন বলেও প্রতিজ্ঞা করেন যোগাযোগমন্ত্রী।ওবায়দুল কাদের আরও বলেন, ‘সড়ক দুর্ঘটনা রোধে অতিরিক্ত গতিতে গাড়ি চালনা বন্ধে হাইওয়ে পুলিশকে ২৪টি স্পিডগান দেওয়া হয়েছে। এ ছাড়া মাদক সেবন করে গাড়ি চালনা বন্ধে দেওয়া হয়েছে ২৭টি অ্যালকোহল ডিটেক্টর মেশিন।’ঢাকা-আরিচা মহাসড়কে ১৯টি দুর্ঘটনাপ্রবণ স্পটে এমএস পাইপ ডিভাইডারসহ রাস্তা প্রশস্ত করার কাজ শুরু হয়েছে বলে জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘ইতিমধ্যে তিনটি স্পটের কাজ শেষ। পাশাপাশি ঢাকা-আরিচা, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের ঝুঁকিপূর্ণ স্থানে ছয়টি ফুট ওভারব্রিজের নির্মাণকাজ দ্রুত শুরু করা হবে।’গাড়িচালকদের লাইসেন্স প্রসঙ্গে মন্ত্রী বলেন, দক্ষ গাড়ি চালক তৈরি ও উপযুক্ত ব্যক্তিকে লাইসেন্স দিতে বিআরটিএকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে সেনাবাহিনীর সাহায্যে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।বর্ষা মৌসুমে ভোগান্তি বিষয়ে বক্তাদের প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী বলেন, ‘আগামী বর্ষা মৌসুমের আগে রাস্তাঘাট মেরামতে দ্রুত কাজ চলছে। এ কারণে মন্ত্রণালয়ের সব বিভাগের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে।’ তিনি বলেন, ‘আজকের এই ভাঙাচোরা যোগাযোগব্যবস্থাকে একটা সন্তুষ্টজনক জায়গায় নিয়ে যেতে না পারলে জনগণ হতাশ হয়ে পড়বে।’অনুষ্ঠানে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. হারুন-অর-রশিদসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।