মহাজোটকে ক্ষমতায় বসিয়ে তরুণসমাজ এখন আশাহত: অলি আহমদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদ বলেছেন, যে আশা নিয়ে দেশের তরুণসমাজ মহাজোট সরকারকে ক্ষমতায় বসিয়েছে, তা বাস্তবায়িত হয়নি। তাই তারা এখন আশাহত। যুদ্ধাপরাধীদের বিচারকাজ ধীরগতিতে চলছে। মানবতাবিরোধী অপরাধের বিচারের পক্ষে যারা জনমত গঠন করেছে, তারা এখন বিচার নিয়ে সন্দিহান।’ আজ সোমবার বিকেলে চট্টগ্রাম নগরের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে এলডিপির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অলি আহমদ এসব কথা বলেন। তিনি বলেন, ‘মহাজোট সরকারের দিন বদলের অঙ্গীকার বাস্তবায়ন করতে হলে এখনই ঘুরে দাঁড়াতে হবে। ঘুষ, দুর্নীতি ও দুর্বৃত্তায়নকে দমন করতে হবে। সরকারের জনকল্যাণমূলক কাজে এলডিপির নৈতিক সমর্থন থাকবে। কিন্তু সরকার আমাদের পরামর্শ গ্রহণে কুণ্ঠাবোধ করলে এলডিপি জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হবে।’ চট্টগ্রাম নগর এলডিপির সভাপতি ওয়াহেদ আজগর চৌধুরী সভায় সভাপতিত্ব করেন।সভায় আরও বক্তৃতা করেন এলডিপির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ম. সলিমুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন, উত্তর জেলার সভাপতি ও সাবেক সাংসদ মো. নুরুল আমিন, দক্ষিণ জেলার সভাপতি কফিল উদ্দীন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবদুল গফুর, লোহাগাড়া পৌর মেয়র জিয়াউল হক চৌধুরী, চন্দনাইশ উপজেলার চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী প্রমুখ।