মহাজোটকে ‘মহা জট’ বললেন ড. কামাল
দলীয়করণ বর্তমান সময়ে রাজনীতি ও গণতন্ত্রের বড় রোগ হয়ে দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।আজ বুধবার স্বাধীনতা দিবসের আলোচনা সভায় কামাল হোসেন এ মন্তব্য করেন। রাজধানীর আরামবাগে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গণফোরাম ওই আলোচনা সভার আয়োজন করে।বিচার বিভাগ, নির্বাচন কমিশনার, প্রশাসন, পুলিশসহ বিভিন্ন জায়গায় দলীয়করণের সমালোচনা করে কামাল হোসেন বলেন, ‘এগুলো জাতীয় সম্পদ। কিন্তু এখন মনে হয় রাষ্ট্রের মালিক হয়ে গেল দল। দলের ভেতর আবার উপদল। কে কী পাবে, তা নিয়ে সেখানে হয় লেনদেন।’কামাল হোসেন বলেন, যে রাষ্ট্র জনগণের, তা এ রকম হতে পারে না। দলীয় বিবেচনা নয়, আইনের বিবেচনায় সবাইকে সমান বিবেচনা করতে হবে।মহাজোট ক্ষমতায় যাওয়ার ক্ষেত্রে গণফোরামেরও অবদান আছে উল্লেখ করে কামাল হোসেন বলেন, ‘দিনবদলের তালিকা ২৩ দফার হিসাব চাই। দিনবদলের বেশির ভাগ বদলই হয়নি।’মহাজোটকে ‘মহা জট’ আখ্যা দিয়ে কামাল হোসেন বলেন, ‘এ মহা জট নজিরবিহীন। যে দলের লোক সরকারে আছে, সে দলই আবার সরকারকে ব্যর্থ বলছে। বিশ্বে এটি নজিরবিহীন।’ বিএনপি-জামায়াত জোট সরকারের প্রসঙ্গ এনে বর্তমান সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘বিদায়ী সরকার ব্যর্থ বলে তাদের সরালাম। যাঁরা এখন আছেন, তাঁদের বোঝা উচিত, জনগণ যেভাবে বিচার করে, কেউ তার বাইরে নয়।’অনেক সাংসদ অসহায় মন্তব্য করে সাংসদদের উদ্দেশে কামাল হোসেন বলেন, ‘আপনারা সংসদে মুখ খোলেন। আপনারা বিজয়ী যোদ্ধাদের প্রতিনিধি। আপনাদের কীসের ভয়? কোনো নারী-পুরুষের চোখ রাঙানোকে ভয় করবেন না।’ তিনি বলেন, গণতন্ত্র যেখানে থাকবে, সেখানে জবাবদিহি নিশ্চিত করতে হবে।নানাভাবে গণমাধ্যমকে নিয়ন্ত্রণের চেষ্টা, হুমকি, চোখরাঙানি আসছে অভিযোগ করে প্রবীণ এই আইনজীবী বলেন, যাদের মধ্যে স্বৈরাচারের চরিত্র ফুটে ওঠে, তারা ক্ষমতায় টিকে থাকতে পারে না। তিনি বলেন, ‘যারা বঙ্গবন্ধুর কালো কোট গায়ে দিয়ে টেন্ডারবাজি, চাঁদাবাজি, লুটপাট করছে, তাদের গায়ের কালো কোট খুলে নামিয়ে ফেলতে হবে।’অনুষ্ঠানে অন্যদের মধ্যে দলের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন, যুগ্ম সম্পাদক শফিক উল্ল্যাহ, মো. সগীর আনোয়ার প্রমুখ বক্তব্য দেন।