মহাজোটে থেকে অনেক প্রত্যাশা পূরণ না হলেও অর্জন কম নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, রাষ্ট্রধর্ম ইসলাম আর বিসমিল্লাহ্ বাদ দিয়ে সরকার বাহাত্তরের সংবিধানে ফিরে গেলে জাতীয় পার্টি তার বিরোধিতা করবে। তবে নীতিগতভাবে বাহাত্তরের সংবিধানে ফিরতে জাতীয় পার্টির আপত্তি নেই। তিনি বলেন, ‘মহাজোটে থেকে আমাদের অনেক প্রত্যাশা পূরণ না হলেও অর্জন কম নয়। শুধু নিজেরা কিছু পাওয়ার জন্য জাতীয় পার্টি রাজনীতি করে না।’ এরশাদ বলেন, মহাজোট গঠনের মাধ্যমে দেশকে একটি লুটেরা-সন্ত্রাসী শক্তির কাছ থেকে রক্ষা করা গেছে। দুর্নীতিমুক্ত সমাজ গড়ার সুযোগ পাওয়া গেছে। জাতি হিসেবে এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে। জাতীয় পার্টির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার রাজধানীর পল্টন ময়দানে আয়োজিত মহাসমাবেশে তিনি এসব কথা বলেন। বেলা ১১টায় শুরু হয়ে এ সমাবেশ চলে বিকেল পাঁচটা পর্যন্ত। সারা দেশ থেকে দলীয় নেতা-কর্মীরা ব্যানার, ফেস্টুন নিয়ে এতে যোগ দেন। বেশ কয়েকটি হাতি ও ঘোড়ার গায়ে ব্যানার লাগিয়ে সমাবেশস্থলের সামনের ফটকে দাঁড় করিয়ে রাখা হয়। সমাবেশের শুরুতে এবং শেষে সংগীত পরিবেশন করেন দেশের খ্যাতনামা শিল্পীরা। আওয়ামী লীগের পক্ষে দলের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম মহাসমাবেশে শুভেচ্ছা বক্তব্য দেন। কয়েকটি দেশের কূটনীতিবিদও উপস্থিত হয়ে শুভেচ্ছা জানান। মহাসমাবেশে বক্তারা বিরোধী দল বিএনপির সংসদ বর্জন এবং হুমকি-ধমকির রাজনীতির সমালোচনা করে বলেন, গায়ের জোরে সংসদ আর সরকারকে অকার্যকর করা যাবে না। এইচ এম এরশাদ বলেন, ‘মহাজোটে জাতীয় পার্টির প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে অনেকের মনে প্রশ্ন আছে। আমি এখন এসবের উত্তর দিতে পারব না। তবে আমি বিশ্বাস করি, রাজনৈতিকভাবে শক্তি অর্জন করলে জাতীয় পার্টির সব প্রত্যাশা পূর্ণ হবে।’ এ জন্য দলের নেতা-কর্মীদের আরও সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতীয় পার্টি মুক্তিযুদ্ধের পক্ষের একমাত্র জাতীয়তাবাদী শক্তি। বিএনপি নিজেকে জাতীয়তাবাদী দাবি করলেও তারা জানে না যে স্বাধীনতাবিরোধী অপশক্তিকে সঙ্গে নিয়ে জাতীয়তাবাদী হওয়া যায় না। নিজের নয় বছরের শাসনামলের উল্লেখ করে এরশাদ বলেন, উপজেলা পদ্ধতি আবার চালু হওয়ায় প্রমাণ হয়েছে এটি কত কার্যকর ব্যবস্থা ছিল। ১৯৯০ সালে পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, ‘সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় সেদিন আলোচনার মাধ্যমে পদত্যাগ করেছিলাম। কিন্তু বিচারপতি সাহাবুদ্দীন আহমদ সেদিন আমার সঙ্গে বেইমানি করে আমাকে জেলে পাঠান। এর পরও জেলে থেকে কোনো প্রচার ছাড়াই পাঁচটি আসনে জনগণ আমাকে বিজয়ী করে। জেলে থেকে একসঙ্গে পাঁচ আসনে বিজয়ী হওয়ার নজির কোথাও নেই।’ বিএনপির সমালোচনা করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, মামলা প্রত্যাহারের দাবিতে বিএনপি সংসদ বর্জন করছে। কিন্তু এ মামলা বর্তমান সরকার দেয়নি। দিয়েছিল তত্ত্বাবধায়ক সরকার। তাদের উচিত আদালতে ওই মামলাগুলো মোকাবিলা করা। মিথ্যা অজুহাত দিয়ে সংসদ অকার্যকর করার চেষ্টা জনগণ মেনে নেবে না। দেশকে আটটি প্রদেশে ভাগ করার প্রস্তাব পুনর্ব্যক্ত করে তিনি বলেন, প্রাদেশিক সরকার গঠন ছাড়া রাজধানীর ওপর মানুষের চাপ কমানো যাবে না। টিপাইমুখ বাঁধ প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকার নিশ্চয়ই এমন কিছু করবে না, যাতে আমাদের দেশের ক্ষতি হয়। ভারত সরকারও নিশ্চয়ই প্রতিবেশীর স্বার্থ দেখেই কাজ করবে বলে আমাদের বিশ্বাস।’শেখ ফজলুল করিম সেলিম বলেন, জনগণকে দেওয়া প্রতিশ্রুতি মহাজোট সরকার অক্ষরে অক্ষরে পালন করবে। কারণ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গঠনে অঙ্গীকারবদ্ধ।জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেন, জাতীয় পার্টি সাবেক রাষ্ট্রপতি এরশাদকে মহাজোট সরকারে সম্মানজনক আসনে দেখতে চায়। বিমান ও পর্যটনমন্ত্রী জি এম কাদের বলেন, জাতীয় পার্টি জনগণের দল, সরকারের দল নয়। বিএনপি-জামায়াত গোষ্ঠীর হাত থেকে দেশ রক্ষার লক্ষ্যেই জাতীয় পার্টি মহাজোটে যোগ দিয়েছিল। আনিসুল ইসলাম মাহমুদ বলেন, মহাজোট সরকারকে শক্তিশালী করতে জাতীয় পার্টি কাজ করে যাচ্ছে।সমাবেশে আরও বক্তব্য দেন বেগম রওশন এরশাদ, কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, গোলাম হাবীব, মুজিবুর রহমান, নাসিম ওসমান, দেলোয়ার হোসেন খান, মাহাবুবুর রহমান, গোলাম কিবরিয়া, সালমা ইসলাম, নুরে হাসনা লিলি চৌধুরী প্রমুখ।