মহাজোটে থেকে শান্তিতে রাজনীতি করতে পারছি: এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘মহাজোটে থেকে কিছু না পেলেও শান্তিতে রাজনীতি করতে পারছি। অনেক আশা নিয়ে জোটে যোগ দিলেও সব পূর্ণ হয়নি, আবার একেবারেও অপূর্ণও থাকেনি। তাই জোট সম্পর্কে এখনো বলার সময় আসেনি।’আজ মঙ্গলবার দুপুরে যশোরে স্থানীয় পৌর কমিউনিটি সেন্টারে যশোর জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এরশাদ এ কথা বলেন।হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘হাইকোর্টের রায় অনুযায়ী ১৯৮৬ থেকে ১৯৯০ সাল পর্যন্ত গণতান্ত্রিক সরকার ক্ষমতায় ছিল। তাই ওই রায় অনুযায়ী আমি স্বৈরাচার নই। আমি স্বেচ্ছায় ক্ষমতা ছেড়েছিলাম গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে। আর জাতীয় পার্টির ওই নয় বছরের শাসনামল ছিল স্বর্ণযুগ।’এরশাদ আরও বলেন, ‘বিএনপি-জামায়াত জোটের সময় ৪০টি মামলা খেয়েছি। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে, এবার আমার দলের লোকজনই আমার বিরুদ্ধে মামলা করেছে।’ তিনি মামলা প্রত্যাহারের নির্দেশ দিয়ে বলেন, ‘এর অন্যথা হলে ফল শুভ হবে না।’সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শরিফুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ, দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব লিংকন, পার্টির কেন্দ্রীয় নেতা হাসান সিরাজ সুজা, মোস্তাকুর রহমান মুস্তা, আবু সাঈদ স্বপন, কেশবপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি জি এম এরশাদ ও অভয়নগরের সভাপতি আশরাফুজ্জামান উপস্থিত ছিলেন। —বাসস।