পৌরসভা নির্বাচনে প্রার্থীজটে পড়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট। কেন্দ্রীয়ভাবে মেয়র পদে প্রার্থী সমর্থন করা হলেও অনেক পৌরসভায়ই বিদ্রোহী প্রার্থী রয়েছেন। ২৪৩টি পৌরসভার মধ্যে প্রায় ১০০টিতেই দলীয় বিদ্রোহী প্রার্থী আছেন বলে জানা গেছে।সমঝোতার মাধ্যমে যে ১৯টি পৌরসভায় মহাজোট থেকে জাতীয় পার্টির প্রার্থীকে সমর্থন জানানো হয়েছে, সেগুলোর ১০টিতে আওয়ামী লীগের প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। একইভাবে আওয়ামী লীগকে দেওয়া বেশ কিছু পৌরসভায় জাতীয় পার্টির প্রার্থীও সরে দাঁড়াননি। এ নিয়ে এসব পৌরসভায় মহাজোটের প্রধান দুই শরিকের স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের মধ্যে টানাপোড়েন চলছে। ফলে কেন্দ্র থেকে জোটগতভাবে নির্বাচন করার কথা বলা হলেও কার্যত অনেক পৌরসভায়ই দুই দলের নেতারা পরস্পরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন।খোঁজ নিয়ে জানা যায়, মহাজোট সরকারের দুই বছরের মাথায় এই পৌরসভা নির্বাচন নিয়ে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে বিবাদ শুরু হয়েছে। বেশ কিছু পৌরসভায় দলের একাধিক, কোনোটিতে চার-পাঁচজনও প্রার্থী হয়েছেন। মন্ত্রী ও সাংসদদের আত্মীয়স্বজনকে প্রার্থী করা দলীয়ভাবে নিষিদ্ধ করা হলেও দু-একজন মন্ত্রী-সাংসদ কিছু পৌরসভায় দলীয় সমর্থনের বিপরীতে নিজস্ব প্রার্থী দাঁড় করিয়েছেন। দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেও এ রকম বেশ কিছু অভিযোগ এসেছে বলে জানা যায়।জানা যায়, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকদের সবাই বর্তমানে নিজ দায়িত্বপ্রাপ্ত বিভাগে অবস্থান করছেন। তাঁরা চেষ্টা করেও বিদ্রোহী প্রার্থীদের নিবৃত্ত করতে পারছেন না। সর্বশেষ অস্ত্র হিসেবে বেশ কয়েকজন বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এমনকি দলের সমর্থিত প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়ায় ময়মনসিংহের গৌরীপুরে পৌর আওয়ামী লীগের পুরো কমিটিই বিলুপ্ত করা হয়েছে।দলীয় বিদ্রোহী প্রার্থী থাকার বিষয়টি স্বীকার করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ প্রথম আলোকে বলেন, ‘তাঁদের সঙ্গে আলাপ-আলোচনা করে প্রার্থিতা প্রত্যাহার করানোর চেষ্টা করছি। কেউ নির্দেশ অমান্য করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’আওয়ামী লীগকে সমর্থন দেওয়া পৌরসভায় জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার না করা প্রসঙ্গে জাতীয় পার্টির দপ্তর সম্পাদক তাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘বেশির ভাগ পৌরসভা থেকেই আমাদের প্রার্থী প্রত্যাহার করে নিয়েছি। যাঁরা প্রত্যাহার করেননি, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু আওয়ামী লীগের প্রার্থীরা আমাদের প্রার্থীর সমর্থনে প্রার্থিতা প্রত্যাহার করছেন না।’সূত্র জানায়, ময়মনসিংহের ত্রিশাল পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের কেন্দ্রীয়ভাবে সমর্থিত প্রার্থী এ বি এম আনিসুজ্জামানের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন আনোয়ার হোসেন আকন্দ। মুক্তাগাছায় কেন্দ্রের সমর্থিত বিল্লাল হোসেনের পাশাপাশি প্রার্থী হয়েছেন সাবেক মেয়র আবদুল হাই আকন্দ। ফুলপুরে মো. শাহজাহানের বিরুদ্ধে শশধর সেন ও মনিরুজ্জামান প্রার্থী হয়েছেন। গৌরীপুরে শফিকুল ইসলাম হবির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন সৈয়দ রফিকুল ইসলাম। জামালপুরের ইসলামপুরে আবদুল কাদের শেখের সঙ্গে বিদ্রোহী প্রার্থী হয়েছেন মঞ্জুর মোর্শেদ। সরিষাবাড়ীতে মনিরউদ্দিনের সঙ্গে লড়ছেন বিদ্রোহী প্রার্থী নূর ই আলম তরফদার। টাঙ্গাইলের ধনবাড়ীতে মঞ্জুরুল ইসলামের পাশাপাশি বিদ্রোহী প্রার্থী রয়েছেন আবদুল ওয়াদুদ। ঘাটাইলে হাসান আলী মিয়ার সঙ্গে বিদ্রোহী প্রার্থী রফিকুল ইসলাম। মির্জাপুরে সমর্থন পেয়েছেন শাহাদাত হোসেন, বিদ্রোহী প্রার্থী হয়েছেন মোশাররফ হোসেন ও শহীদউদ্দিন। ভূঞাপুরে মাসুদুল হকের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন আমিরুল ইসলাম তালুকদার।সূত্র জানায়, কুমিল্লার লাকসামে সমর্থন পাওয়া আবুল কাশেমের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন রফিকুল ইসলাম। অভিযোগ রয়েছে, স্থানীয় সাংসদ বিদ্রোহী প্রার্থীর পক্ষে কৌশলে কাজ করছেন। চৌদ্দগ্রামে দলের সমর্থিত প্রার্থী মিজানুর রহমান, বিদ্রোহী প্রার্থী আখতার হোসেন পাটোয়ারী। নোয়াখালীর হাতিয়ায় সাইফুদ্দিন আহমেদের বিপরীতে প্রার্থী হয়েছেন ইউসুফ আলী। ঠাকুরগাঁও পৌরসভায় এস এম মইনের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন সোলায়মান আলী সরকার। সৈয়দপুরে আখতার হোসেনের সঙ্গে হিটলার চৌধুরী, তাহমিদ ইসলাম ও জোবায়দুল ইসলাম। রংপুরের হারাগাছে এরশাদুল হকের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন জামিল আখতার ও শামীমুল আলম। দিনাজপুরের বীরগঞ্জে মোশাররফ হোসেনের পাশাপাশি বিদ্রোহী প্রার্থী রয়েছেন পাঁচজন। রাজশাহীর তাহেরপুরে মনসুর মৃধার বিপরীতে আবুল কালাম আজাদ, গোদাগাড়ীতে মনিরুল ইসলাম বাবুর বিপরীতে দুজন লড়ছেন। চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আবদুর রশিদের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন মজিবুর রহমান। নাটোরে কামরুল ইসলামের বিপরীতে সাজেদুল আলম খান, বগুড়ার সারিয়াকান্দিতে আবদুল হালিম সরদারের বিপরীতে প্রার্থী হয়েছেন নজরুল ইসলাম। ভোলায় আবদুল মমিনের বিরুদ্ধে মনিরুজ্জামান মনির এবং লালমোহনে এমদাদুল ইসলামের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন মিজানুর রহমান।মৌলভীবাজারে আওয়ামী লীগের সমর্থন পাওয়া সাইফুর রাহমানের বিরুদ্ধে একই দলের নাহিদ আহমেদও প্রার্থী হয়েছেন। হবিগঞ্জের নবীগঞ্জে তোফাজ্জল ইসলামের বিরুদ্ধে কৃপা সিন্ধু রায় চৌধুরী, মাধবপুরে এস এম মুসলিমের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন হীরেন্দ্র লাল সাহা। এ ছাড়া ঢাকা বিভাগের নেত্রকোনা, মোহনগঞ্জ, দুর্গাপুর, রাজবাড়ী, কোটালীপাড়া, ডামুড্যা, বাজিতপুর, করিমগঞ্জ প্রভৃতি পৌরসভায় আওয়ামী লীগের একাধিক প্রার্থী আছেন।নোয়াখালীর চৌমুহনী, সেনবাগ ও চাটখিলে মহাজোটের নির্দেশ অমান্য করে প্রার্থী হয়েছেন জাতীয় পার্টির এ বি এম ইউসুফ, তালেবুজ্জামান ও ফজলুল করিম বাচ্চু।জাতীয় পার্টির বিরুদ্ধে আওয়ামী লীগ: জাতীয় পার্টিকে সমর্থন দেওয়া ১৯টি পৌরসভা থেকে আওয়ামী লীগের প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত হলেও সব ক্ষেত্রে তা হয়নি। জাতীয় পার্টির নেতারা অভিযোগ করেছেন, অন্তত ১০টিতে আওয়ামী লীগের প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।যেমন বরিশালের বাকেরগঞ্জে জাতীয় পার্টির মিজানুর রহমানের বিরুদ্ধে আওয়ামী লীগের লোকমান হোসেন ডাকুয়া ও মাহবুব আলম, কুড়িগ্রামের উলিপুরে জাতীয় পার্টির গোলাম মোস্তফার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের চারজন। নীলফামারীর জলঢাকায় ইলিয়াস হোসেনের বিরুদ্ধে লড়ছেন আওয়ামী লীগের আবদুল ওয়াহেদ বাহাদুর। খুলনার চালনায় আবদুল হামিদের বিরুদ্ধে কুমারেশ বিশ্বাস ও সাধনকুমার বিশ্বাস, সুনামগঞ্জে সালেহা বেগমের বিরুদ্ধে মাঠে নেমেছেন আওয়ামী লীগের আইউব বখত জগলু। তবে বগুড়ার গাবতলী, মুন্সিগঞ্জ ও নরসিংদীর মাধবদী থেকে আওয়ামী লীগের প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।