মহাজোটে যুক্ত হচ্ছে তরিকত ফেডারেশন
যোগাযোগমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেছেন, মহাজোট সম্প্রসারণের উদ্যোগ চলছে। সম্প্রসারণের এ উদ্যোগে বাংলাদেশ তরিকত ফেডারেশনকে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়াও রয়েছে।আজ বুধবার বিকেলে রাজধানীর পান্থপথের একটি কমিউনিটি সেন্টারে তরিকত ফেডারেশনের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের মহাজোট সম্প্রসারণের এই আভাস দেন।ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে আমি এখানে এসেছি। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আপনাদের ঈদ ও মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। বর্তমানে ইফতার ও পলিটিক্স এক হয়ে গেছে, এটাই বাস্তবতা।’এদিকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে আবারও ক্ষমতায় আনার আহ্বান জানিয়ে তরিকত ফেডারেশনের সভাপতি সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, মৌলবাদী সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে সব সময় তরিকত ফেডারেশন কাজ করবে। সাম্প্রদায়িক গোষ্ঠীকে মোকাবিলা করে মুক্তিযুদ্ধের পক্ষে দেশের কল্যাণে তারা কাজ করে যাবে। ঈদের পর সমাবেশের মাধ্যমে নিজেদের অবস্থান পরিষ্কার করা হবে বলেও জানান নজিবুল বশর।ইফতারে মাহফিলে বক্তব্য দেন পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, বিএনএফের আহ্বায়ক অধ্যাপিকা জাহানারা বেগম, সাংসদ ফজলে হোসেন বাদশা, জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক প্রমুখ।