মহাজোটে সমন্বয় দরকার : এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ক্ষমতায় আবার ফিরে আসার জন্য মহাজোটের মধ্যে সমন্বয় দরকার। একই সঙ্গে মহাজোটকে সাংগঠনিকভাবে আরও সুদৃঢ় করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।আজ মঙ্গলবার জাতীয় পার্টির বনানীর কার্যালয়ে দলের সভাপতিমণ্ডলী ও সাংসদদের যৌথ সভায় এরশাদ এসব কথা বলেন। তিনি বলেন, ‘জাতীয় পার্টি এখনো ভারসাম্যপূর্ণ অবস্থায় রয়েছে। আমরা সাংগঠনিকভাবে আরও শক্তি অর্জন করতে পারলে মহাজোট লাভবান হবে।’সভায় এরশাদ আরও বলেন, দলীয় পরিচয়ে পৌর নির্বাচন করা সঠিক হয়নি। স্থানীয় সরকার ব্যবস্থার নির্বাচন নির্দলীয়ভাবে হওয়াই বাঞ্ছনীয়। তিনি বলেন, মহাজোটের ভিত্তিতে পৌর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় জাতীয় পার্টি ক্ষতিগ্রস্ত হয়েছে। মেয়র পদে ১৯টি পৌরসভা দেওয়া হলেও মহাজোটের একাধিক প্রার্থী থাকায় জাতীয় পার্টি ভালো ফলাফল করতে পারেনি।এইচ এম এরশাদ বলেন, ‘দুটি উপনির্বাচনে প্রার্থী মনোনয়নে মহাজোটে সমন্বয় ছিল না। ফলে দুই আসনেই মহাজোটের যৌথ প্রার্থী থেকে গেছে। তবে এ নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হয়েছে, মহাজোটের মধ্যে সমন্বয়ের প্রয়োজন আছে।’সভায় জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমেদ বক্তব্য দেন।