মহাজোটের ঐক্য অটুট রাখতে চায় আ.লীগ
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে রাজনৈতিক অস্থিরতার পরিপ্রেক্ষিতে জোটগত ঐক্য সুদৃঢ় করার পরিকল্পনা নিয়েছে আওয়ামী লীগ। মহাজোটের শরিকদের সঙ্গে ঐক্য অটুট রেখে বিএনপি-জামায়াত জোটকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে চায় দলটি। পাশাপাশি মুক্তিযুদ্ধের পক্ষের দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করারও উদ্যোগ নেওয়া হচ্ছে। মহাজোটের একাধিক নেতা এসব তথ্য জানিয়েছেন। তবে সরকারে অংশীদারি নিয়ে কিছুটা মান-অভিমান ও রাজনৈতিক কিছু বিষয়ে মতভিন্নতার কারণে শরিক দলগুলোর মধ্যে ক্ষোভ আছে। তা সত্ত্বেও ঐক্য ধরে রাখতে চায় আওয়ামী লীগ। আওয়ামী লীগের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকের আলোচনা সভায় মহাজোটের শরিকদের আমন্ত্রণ জানানো হয়েছে। শরিক দলের নেতারা সভায় বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন।সূত্র জানায়, বিরোধী দলের আন্দোলনের হুমকির পরিপ্রেক্ষিতে মহাজোটের অভ্যন্তরীণ সম্পর্ক জোরদার করা ছাড়াও আওয়ামী লীগের সাংগঠনিক সমস্যা নিরসনেরও উদ্যোগ নেওয়া হয়েছে। সহযোগী সংগঠনগুলোর কাউন্সিলের পাশাপাশি বিভাগভিত্তিক বড় কমিটিগুলো সক্রিয় করা হচ্ছে। এরই মধ্যে সিলেট জেলা ও মহানগরের পূর্ণাঙ্গ কমিটি করা হয়েছে। রাজশাহী জেলা ও মহানগর কমিটি পুনর্গঠন নিয়েও শিগগিরই বসবেন দলের শীর্ষস্থানীয় নেতারা। আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের কাউন্সিলের তারিখ নির্ধারণ করা হয়েছে। এরপর সহযোগী সংগঠনগুলোর কাউন্সিল শুরু হবে বলে জানা গেছে। জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের প্রথম আলোকে বলেন, বিরোধী দলকে রাজনৈতিকভাবে মোকাবিলা ও নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মহাজোটের নবযাত্রা শুরু হবে। সংগঠনকে ঢেলে সাজানোর পাশাপাশি মুক্তিযুদ্ধের পক্ষের দলগুলোর সঙ্গেও সম্পর্ক বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। সূত্র জানায়, আওয়ামী লীগের বড় শরিক জাতীয় পার্টি সরকারে অংশীদারি নিয়ে অনেক দিন ধরেই ক্ষুব্ধ। এ দলের একজনকে মন্ত্রী করা হলেও আরও কেউ কেউ মন্ত্রী হওয়ার আশায় ছিলেন। তা ছাড়া সরকারের শুরুর দিকে এইচ এম এরশাদকে মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত করার একটা উদ্যোগ থাকলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। এ নিয়ে জাতীয় পার্টির মধ্যে একটা নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দেয়। সরকারের অংশীদার হয়েও তৃণমূল পর্যায়ে জাতীয় পার্টির নেতা-কর্মীদের মূল্যায়ন না করারও একটা অভিযোগ ছিল। এইচ এম এরশাদ বক্তৃতা-বিবৃতিতে প্রায়ই সরকারের সমালোচনা করতেন। তবে সরকারের সমালোচনার মধ্যেও তিনি মহাজোটের প্রয়োজনের কথা বলতেন। সূত্র জানায়, গত এক মাসের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে এরশাদের দুই দফা একান্ত বৈঠকের পর আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মধ্যে সম্পর্কের বিস্ময়করভাবে উন্নতি হয়েছে। বর্তমান রাজনৈতিক আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দু তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে দেওয়া উচ্চ আদালতের রায়কে এরশাদ অভিনন্দন জানিয়েছেন। শুধু তাই নয়, এরশাদ প্রকাশ্যেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের পক্ষে অবস্থান নিয়েছেন। জানতে চাইলে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মধ্যে আগে দূরত্ব থাকলেও এখন সেটা নেই। প্রধানমন্ত্রী ও এরশাদের মধ্যে রাজনৈতিক মতৈক্য হয়েছে। দুই নেতার মধ্যে ঐক্য থাকলে কর্মীদের মধ্যেও হয়ে যাবে। তিনি বলেন, ‘আমরা শিগগিরই জাতীয় পার্টির মাঠপর্যায়ের নেতাদের ঢাকায় ডেকে আমাদের রাজনৈতিক অবস্থানের কথা জানিয়ে দেব। আমাদের মধ্যে রাজনৈতিক দূরত্ব কমছে এবং আরও কমবে।’ সূত্র জানায়, আওয়ামী লীগের আদর্শিক জোট ১৪ দলের শরিকদের মধ্য থেকে একজনকে মন্ত্রী, দুজনকে সংসদীয় দলের সভাপতি ও দুজনকে সংরক্ষিত আসনে মহিলা সাংসদ করা হলেও অনেকের মধ্যে চাপা ক্ষোভ এবং মান-অভিমান ছিল। বিশেষ করে ১৪ দলের নেতাদের মূল্যায়ন না করার অভিযোগ ছিল। প্রধানমন্ত্রীর সঙ্গে ১৪ দলের কয়েক দফা বৈঠকের পর বাম-ঘরানার এসব নেতার মান-অভিমান কিছুটা কমে। শেষ পর্যন্ত সৈয়দা সাজেদা চৌধুরীকে ১৪ দলের সমন্বয়ক করে মাসে একবার বৈঠকের সিদ্ধান্ত হয়। কয়েক মাস ঠিকঠাকমতো বৈঠক হলেও আবারও তা অনিয়মিত হয়ে পড়ে। ফলে রাজনৈতিক বিষয়ে মতবিনিময়ের সুযোগ না থাকায় ১৪ দলের মধ্যে আবারও কিছুটা মান-অভিমানের আভাস পাওয়া গেছে।এ প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ প্রথম আলোকে বলেন, ‘শরিকদের সঙ্গে আমাদের সমস্যা নেই। সবার সঙ্গে আমাদের যোগাযোগ আছে। ১৪ দলের বৈঠক মাসে না পারলেও অন্তত দুই মাসে একবার হবে।’সূত্র জানায়, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করা নিয়ে উচ্চ আদালতের রায়ের পক্ষে আওয়ামী লীগ ও ১৪ দল অভিন্ন অবস্থান নিয়েছে। শরিক দলের দুই নেতা ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু মনে করেন, রায় অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল হয়ে গেছে। রায়ের পর্যবেক্ষণ মতে, আগামী দুই মেয়াদের জন্য নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করতে হলে বিএনপিকে আলোচনায় আসতে হবে।জানতে চাইলে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ১৪ দলের বৈঠক না হওয়ায় রাজনৈতিক বিষয়ে মতবিনিময় হচ্ছে না। ঐক্য সুদৃঢ় ও ভুল বোঝাবুঝি দূর করার জন্য মতবিনিময় দরকার।সূত্র জানায়, ১৪ দল ছাড়াও মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্ক পুনরায় স্থাপনের লক্ষ্যে আওয়ামী লীগের পরিকল্পনা আছে। কয়েক মাস আগে দলীয় সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সিপিবির দুই শীর্ষস্থানীয় নেতা মনজুরুল আহসান খান ও মুজাহিদুল ইসলাম সেলিমের সঙ্গে বৈঠক করেন। সিপিবির মহাজোটে আসার সম্ভাবনা না থাকলেও দলটির সঙ্গে আওয়ামী লীগ সব সময় সম্পর্ক রাখবে বলে দলীয় নেতারা জানিয়েছেন।