মহাজোটের ঐক্য এখন ডিপ ফ্রিজে: মেনন
চট্টগ্রামে গণ ঐক্য কমিটির সমাবেশে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, সরকারের তিন বছরে মহাজোটের ঐক্য ডিপ ফ্রিজে চলে গেছে। মাঝেমধ্যে সেখান থেকে তুলে এ ঐক্য দেখানো হয়। কিন্তু যেসব ইস্যুতে এ ঐক্য হয়েছিল, তার কোনো বাস্তবায়ন নেই।যুদ্ধাপরাধীদের বিচার, বাহাত্তরের সংবিধান পুনঃপ্রতিষ্ঠা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, পার্বত্য শান্তিচুক্তির পূর্ণ বাস্তবায়ন ও মুক্তিযুদ্ধের ধারায় দেশ পরিচালনার দাবিতে আজ শনিবার মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে গণ ঐক্য কমিটি এ সমাবেশের আয়োজন করে।সমাবেশে রাশেদ খান মেনন বলেন, ‘ক্রসফায়ারের বিরুদ্ধে আমরাই সবচেয়ে বেশি কথা বলেছি। আর এখন লিমনকে ক্রসফায়ারে হত্যার চেষ্টা করা হয়। এখন ক্রসফায়ার আর গুপ্ত হত্যা কিছুতেই ঠেকানো যাচ্ছে না। অথচ বলা হচ্ছে, এখন নাকি আইনশৃঙ্খলা পরিস্থিতি বিগত ১০ বছরের মধ্যে সবচেয়ে ভালো।’ তিনি বলেন, ‘টিপাইমুখের বাঁধ নিয়ে আমরা কথা বলতে পারি না, হাঁটু কাঁপে। যারা টিপাইমুখের বাঁধ নিয়ে সমালোচনা করেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা তাঁদের বিরুদ্ধে বিষোদগার করেন। অথচ এ বাঁধ হলে সুরমা কুশিয়ারাসহ তিনটি নদী শুকিয়ে যাবে।’ মেনন বলেন, ‘আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল দ্রব্যমূল্য সহনশীল রাখব কিন্তু সেটা সম্ভব হয়নি। দুর্নীতি আর লুটপাটের অর্থনীতির বন্যায় আমরা ভেসে গেলাম।’সমাবেশে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা বলেন, দেশে গণতান্ত্রিক অসাম্প্রদায়িক শাসনব্যবস্থা না থাকায় সাধারণ মানুষের আশার প্রতিফলন হচ্ছে না। ৫৪টি আদিবাসী জাতিগোষ্ঠী ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। পার্বত্য শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়েছে ১৪ বছর আগে। এখনো সেভাবে পড়ে আছে। নির্বাচনকে কেন্দ্র করে কিছু রাজনৈতিক দল আদিবাসীদের তাদের ভোটব্যাংক বলে মনে করে।গণ ঐক্য কমিটির নেতা আনোয়ারুল কবির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন গণ ঐক্য কমিটির আহ্বায়ক পঙ্কজ ভট্টাচার্য, সদস্যসচিব এস এম এ সবুর, ন্যাপের প্রেসিডিয়াম সদস্য আবদুল মোমেন ভূঁইয়া, গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য শাহাদাত হোসেন, পেশাজীবী নেতা সুভাষ চন্দ্র লালা, মিজানুর রহমান প্রমুখ।