পৌরসভা নির্বাচনে রাজশাহী ও রংপুর বিভাগে খারাপ ফলাফলে বিব্রত সরকারি দল আওয়ামী লীগ। স্থানীয় নির্বাচন হলেও ক্ষমতার দুই বছরের মাথায় এ রকম ফল তারা আশা করেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ উচ্চপর্যায়ের নেতাদের মধ্যে গতকাল দিনভর এ নিয়ে আলোচনা হয়েছে।দলের উচ্চপর্যায় মনে করে, দুই বিভাগে মহাজোটের খারাপ ফলাফলের প্রধান কারণ বিদ্রোহী প্রার্থী। দলীয় সভানেত্রী শেখ হাসিনা বিদ্রোহী প্রার্থী নিয়ন্ত্রণে কঠোর নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। কাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে ফলাফল পর্যালোচনাকালে নেতারা বলেন, বিদ্রোহী প্রার্থী না থাকলে রাজশাহী ও রংপুর বিভাগে ৮০ থেকে ৯০ শতাংশ পৌরসভায় দলীয় প্রার্থীরা জিততেন।সূত্র জানায়, প্রধানমন্ত্রী গতকাল দুপুরে দলীয় সাধারণ সম্পাদক মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে ফোনে কথা বলেন। প্রধানমন্ত্রীর নির্দেশ পেয়ে সৈয়দ আশরাফ বিকেলে বেইলি রোডে তাঁর সরকারি বাসভবন ও রাতে দলের ধানমন্ডির কার্যালয়ে উচ্চপর্যায়ের নেতাদের নিয়ে দুই দফা বৈঠক করেন। উভয় বৈঠকে উপস্থিত ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক, চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক মিজবাহউদ্দিন সিরাজ। বৈঠক থেকে সৈয়দ আশরাফ সংশ্লিষ্ট এলাকার দলীয় সাংসদ ও জেলা সভাপতি-সাধারণ সম্পাদকদের সঙ্গে ফোনে কথা বলেন। তিনি বিদ্রোহী প্রার্থীদের নিয়ন্ত্রণে তাঁদের দিকনির্দেশনা দেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথাও তিনি জানিয়ে দেন। ১৭ জানুয়ারি ঢাকা বিভাগে এবং পরদিন চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভোট হবে।সূত্র জানায়, বৈঠক থেকে জেলার নেতাদের ফোন করে বিদ্রোহী প্রার্থীদের বসিয়ে দিতে বলা হয়। কেউ নির্দেশ না মানলে দল থেকে চিরস্থায়ী বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়। বলা হয়, কোনো বিদ্রোহী প্রার্থী বিজয়ী হলেও তাঁকে আর দলে নেওয়া হবে না। অতীতে বিজয়ী বিদ্রোহী প্রার্থীদের দলে ফিরিয়ে নেওয়ার যে সংস্কৃতি ছিল, তা এবার বন্ধ করে দেওয়া হবে।সূত্র জানায়, দলীয় সাধারণ সম্পাদক জেলা নেতাদের স্পষ্ট জানিয়ে দেন, কোনো জেলা-উপজেলার নেতা বা কমিটি বিদ্রোহী প্রার্থীর পক্ষে অবস্থান নিলে ওই কমিটি বিলুপ্ত করে দেওয়া হবে। এ ছাড়া কোনো দলীয় সাংসদ, উপজেলা চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান বিদ্রোহী প্রার্থীর পক্ষে অবস্থান নিলে সাংগঠনিক ব্যবস্থা ছাড়াও ভবিষ্যতে সংসদ বা অন্য কোনো নির্বাচনে তাঁকে মনোনয়ন দেওয়া হবে না।সূত্র আরও জানায়, দলের কেন্দ্রীয় কার্যালয় খোঁজ নিয়ে জেনেছে, বিদ্রোহী প্রার্থীরা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার পাশাপাশি দলের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন। এতে বিপক্ষ প্রার্থীর বিজয় আরও সহজতর হয়েছে। সূত্র জানায়, মাদারীপুর পৌরসভায় দলীয় প্রার্থী ইয়াদ আলীর বিপক্ষে নৌমন্ত্রী শাজাহান খানের সমর্থক বিদ্রোহী প্রার্থী রয়েছেন। একইভাবে দলের মুন্সিগঞ্জ জেলা সভাপতি মহিউদ্দিন আহমেদ দলীয় প্রার্থীর বিপক্ষে নিজের ছেলেকে দাঁড় করিয়েছেন। কালিয়াকৈরে দলীয় প্রার্থীর বিপক্ষে প্রার্থী নিয়ে মাঠে নেমেছেন স্থানীয় সাংসদ। এ রকম অনেক পৌরসভাতেই সমস্যা আছে বলে গতকালের বৈঠকে আলোচনা হয়।সূত্র জানায়, রংপুর ও রাজশাহী বিভাগের বেশির ভাগ পৌরসভায় মহাজোটের বিদ্রোহী প্রার্থী ছিলেন। রংপুরের পীরগঞ্জে আওয়ামী লীগের বিপক্ষে জাতীয় পার্টির প্রার্থী ছিলেন। রানীশংকৈলে মহাজোট-সমর্থিত জাতীয় পার্টির প্রার্থীর বিপক্ষে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছিলেন। এ ছাড়া বীরগঞ্জ, বিরামপুর, সৈয়দপুর, জলঢাকা, কুড়িগ্রাম, সুন্দরগঞ্জ পৌরসভায় বিদ্রোহী প্রার্থীর কারণে মহাজোটের প্রার্থীরা পরাজিত হয়েছেন বলে নেতারা মনে করেন। সূত্র জানায়, অনেক পৌরসভায় স্থানীয় সাংসদ নেতৃত্ব নিরঙ্কুশ রাখতে কেন্দ্রঘোষিত প্রার্থীর বিপক্ষে অবস্থান নেন। এতে বিএনপির প্রার্থীরা সুবিধা পান। এ ছাড়া পুরোনো নেতা-কর্মী এবং গত দুই বছরে গজিয়ে ওঠা নেতা-কর্মীদের মধ্যে দ্বন্দ্ব থাকায় শাসক দলের প্রার্থীরা সমস্যায় পড়েন। তা ছাড়া স্থানীয় নির্বাচন বলে দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকেরা পুরোপুরি দলীয় কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারেননি। এ কারণেও বিদ্রোহী প্রার্থীদের সরানো যায়নি বলে একজন সাংগঠনিক সম্পাদক জানিয়েছেন।যোগাযোগ করা হলে আওয়ামী লীগের রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বিদ্রোহী প্রার্থীদের জন্যই রাজশাহী ও রংপুর বিভাগে মহাজোটের বেশির ভাগ প্রার্থী পরাজিত হয়েছেন। বিদ্রোহী প্রার্থীদের বসিয়ে দিতে আপ্রাণ চেষ্টা করেও তিনি সফল হননি বলে জানান।