মহাজোটের বৈঠক হয় না, কর্মসূচিও নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাজোট শুধু কাগজে-কলমে। সাংগঠনিক কোনো অস্তিত্ব নেই। শরিক দলগুলোর মধ্যে আনুষ্ঠানিক বৈঠক হয় না কয়েক বছর। সংগঠনগুলোর দলীয় কার্যক্রম থাকলেও জোটগত কোনো কর্মসূচি নেই।গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ১৪ দল-সমর্থিত মেয়র পদপ্রার্থী আজমত উল্লা খানকে জাতীয় পার্টির সমর্থন দেওয়া নিয়ে এইচ এম এরশাদের সঙ্গে আওয়ামী লীগের নেতাদের কয়েক দফা বৈঠক হয়েছিল। শেষ মুহূর্তে এরশাদের মৌখিক সমর্থন পেলেও জাতীয় পার্টির স্থানীয় নেতা-কর্মীরা প্রকাশ্যেই ১৮ দলের প্রার্থীর পক্ষে কাজ করেন। এ পরিস্থিতিতে অক্টোবরে ঢাকায় মহাসমাবেশ করে জাতীয় পার্টির মহাজোটে থাকা না-থাকা নিয়ে সিদ্ধান্ত হবে বলে জানা গেছে।পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে পরাজয়ের পর আওয়ামী লীগ ও ১৪ দলের নেতারা মহাজোটকে সক্রিয় করা বা প্রয়োজনবোধে এর কলেবর বাড়ানোর কথা বলছেন। কিন্তু কার্যত সে রকম কোনো তৎপরতা নেই। গত শনিবার এক সংবাদ সম্মেলনে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন মহাজোট সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথা জানান।গতকাল বুধবার রাশেদ খান মেননের নেতৃত্বে ওয়ার্কার্স পার্টির একটি প্রতিনিধিদল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে তাঁর বেইলি রোডের সরকারি বাসভবনে বৈঠক করে। বৈঠক সম্পর্কে মেনন প্রথম আলোকে বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে শুধু বাংলাদেশ নয়, এ অঞ্চলে বিপর্যয় নেমে আসবে। এ অবস্থায় অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও প্রগতিশীল শক্তির ঐক্যের বিকল্প নেই। বৈঠকে কীভাবে এই ঐক্য প্রতিষ্ঠা করা যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে। ঘণ্টাব্যাপী এ বৈঠকে সাংসদ ফজলে হোসেন বাদশা ও বিমল বিশ্বাস উপস্থিত ছিলেন।একইভাবে আওয়ামী লীগের ঘরোয়া বৈঠকগুলোতেও মহাজোট সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। গত বছরের রোজায় মহাজোটের পরিধি বাড়ানোর উদ্যোগ নিয়ে বাম ঘরানার কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে আওয়ামী লীগের বৈঠক হয়। কিছুদিন আগে আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টির (জেপি) সঙ্গেও আওয়ামী লীগের বৈঠকের একটা উদ্যোগ ছিল। শেষ পর্যন্ত তা হয়নি।এ সম্পর্কে জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ প্রথম আলোকে বলেন, মহাজোট আছে এবং অবশ্যই সক্রিয় হবে। ঈদের পর ১৪ দল ও মহাজোটগত কর্মসূচি নেওয়া হবে। সাধারণ নির্বাচন সামনে রেখে মহাজোটকে সম্প্রসারণ করারও চিন্তাভাবনা আছে।আওয়ামী লীগের পক্ষ থেকে মহাজোটের ঐক্য অটুট বা ঠিক আছে বলা হলেও এ নিয়ে তাদের শরিকেরা সন্তুষ্ট নয়। নানা বক্তৃতা-বিবৃতিতেই এরশাদ আওয়ামী লীগের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করছেন। এরই মধ্যে তিনি এককভাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। দলটি ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার কথাও বলছে। কয়েক মাস আগে শতাধিক আসনে তাদের প্রার্থীদের নামও প্রকাশ করেছে।মহাজোটের অবস্থান সম্পর্কে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য জিয়াউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, তাত্ত্বিকভাবে মহাজোট থাকলেও কার্যক্ষেত্রে নেই। গত কয়েক বছরে সাংগঠনিক কোনো তৎপরতা নেই মহাজোটের। তিনি বলেন, ‘আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। ৩০০ আসনেই আমরা প্রার্থী দেব।’আওয়ামী লীগের আদর্শিক জোট ১৪ দলেরও তেমন সাংগঠনিক তৎপরতা নেই। এ জোটের মোটামুটি বৈঠক হলেও মাঠে কোনো সাংগঠনিক বা সমন্বিত কর্মসূচি নেই। এ সম্পর্কে ১৪ দলের অন্যতম শরিক কমিউনিস্ট কেন্দ্রের যুগ্ম আহ্বায়ক অসিত বরণ রায় বলেন, ‘বর্তমানে দেশের যে পরিস্থিতি, তাতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির মহাঐক্য ছাড়া বিকল্প নেই। ঈদের পর ১৪ দলের বৈঠক করে সাংগঠনিক কর্মসূচি নিয়ে আমরা মাঠে নামব।’