রাষ্ট্রধর্মসহ বাহাত্তরের সংবিধানের মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক ধারা রেখে সংবিধান সংশোধনীর কয়েকটি প্রস্তাবের বিরোধিতা করে ক্ষমতাসীন মহাজোটের আট শরিক, সিপিবিসহ ১১টি রাজনৈতিক দল আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে।দলগুলো আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সংসদ অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করবে।গতকাল বুধবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কার্যালয়ে এক যৌথ সভায় এ কর্মসূচির সিদ্ধান্ত হয়।যৌথ সভায় আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের আট শরিক দল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশে সমাজতান্ত্রিক দল (জাসদ), সাম্যবাদী দল, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), গণতন্ত্রী পার্টি, গণতান্ত্রিক মজদুর পার্টি, গণ-আজাদী লীগ ও কমিউনিস্ট কেন্দ্র এবং সিপিবি, গণফোরাম ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় নেতারা অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।সভা শেষে সিপিবির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম সাংবাদিকদের বলেন, বাহাত্তরের সংবিধানের মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক ধারা রেখে সংবিধান সংশোধন প্রস্তাবের বিষয়ে দলগুলো আপত্তি জানিয়েছে।সভায় গৃহীত প্রস্তাবে বলা হয়, সংবিধান সংশোধন-সংক্রান্ত বিলে বিসমিল্লাহ, রাষ্ট্রধর্ম ইসলাম ও ধর্মভিত্তিক রাজনীতির ব্যবস্থা বহাল রাখার বিষয়ে দলগুলো তীব্র আপত্তি জানায়। বিলে বাংলাদেশে বসবাসকারী অন্যান্য জাতি ও আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি না দিয়ে সব নাগরিকের জাতি-পরিচয় ‘বাঙালি’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।এসব কারণে উত্থাপিত বিলটি মুক্তিযুদ্ধের চেতনা এবং বাহাত্তরের সংবিধানের মূলভিত্তি ‘ধর্মনিরপেক্ষতার’ সঙ্গে সাংঘর্ষিক ও অগ্রহণযোগ্য বলে মনে করে এই ১১টি রাজনৈতিক দল। আপত্তিকর বিষয়গুলো বাদ দিয়ে উপযুক্ত সংশোধনের দাবিতে দলগুলোর পক্ষ থেকে গতকাল দুপুরে জাতীয় সংসদের স্পিকারের কাছে লিখিত প্রস্তাব দেওয়া হয়।বৈঠকে অংশ নেওয়া দলগুলোর মধ্যে ওয়ার্কার্স পার্টি, জাসদ, গণতন্ত্রী পার্টি ও ন্যাপের সংসদে প্রতিনিধিত্ব রয়েছে। সংবিধান সংশোধনে গঠিত সংসদীয় বিশেষ কমিটির সদস্য রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু এ বিষয়ে কমিটিতেই আপত্তি জানিয়েছিলেন।