মহাত্মা গান্ধীকে নিয়ে লেখা বই গুজরাটে নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপমহাদেশে অহিংস আন্দোলনের প্রবক্তা মহাত্মা গান্ধীকে নিয়ে লেখা একটি বিতর্কিত বই নিষিদ্ধ করেছে গুজরাট সরকার। গতকাল বুধবার গুজরাটের রাজ্যসভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে দ্য টাইসম অব ইন্ডিয়ার অনলাইনে জানানো হয়েছে।‘গ্রেট সোল; মহাত্মা গান্ধী অ্যান্ড হিজ স্ট্রাগল উইথ ইন্ডিয়া’ (মহামতী মহাত্মা গান্ধী ও ভারতে তাঁর সংগ্রাম) নামের এ বিতর্কিত বইটির লেখক পুলিত্জার পুরস্কার বিজয়ী জেসেপ লিলেভেল্ড ।গতকাল গুজরাটের রাজ্যসভায় এক ভোটাভুটির পর বইটি নিষিদ্ধ করা হয়। মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যে বইটির বিক্রি, বিপণন, প্রকাশনা ও প্রচার নিষিদ্ধের ঘোষণা দেন। তিনি অভিযোগ করেন, ‘গান্ধী ও তাঁর অহিংস আন্দোলনের প্রতি বইটির বিষয়বস্তু ন্যায়-ভ্রষ্ট ও অপমানজনক।’নরেন্দ্র মোদি আরও বলেন, ‘এই বই আমাদের আবেগকে আহত করেছে। মহাত্মা গান্ধী কেবল ভারতেরই আদর্শ নয়, সারা বিশ্বের। এ বই প্রকাশের উদ্দেশ্য গান্ধীকে হেয় করা।’ নরেন্দ্র মোদি সারা দেশে বইটি নিষিদ্ধ করারও প্রস্তাব দেন। তিনি প্রকাশককে জনসম্মুখে ক্ষমা চাওয়ারও দাবি জানান। সমালোচকেরা বলছেন, ওই বইয়ে ভারতের অহিংস আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীকে সমকামী ও বর্ণবাদী হিসেবে চিহ্নিত করা হয়েছে। যদিও বইটি এখনো ভারতে প্রকাশিত হয়নি। তবে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের কিছুসংখ্যক পাঠক তা ইতিমধ্যে পড়েছেন।তা ছাড়া বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বইটির বিষয়বস্তু নিয়ে পর্যালোচনা প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে, ওই বইয়ে উল্লেখ রয়েছে যে গান্ধী কখনো কখনো বর্ণবাদী ছিলেন এবং জার্মান নাগরিক হারম্যান ক্যালিনব্যাচের সঙ্গে তাঁর অন্তরঙ্গ (সমকামিতা) সম্পর্ক ছিল। তবে বইটির লেখক লিলেভেল্ড এ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, গান্ধী সমকামী কিংবা বর্ণবাদী ছিলেন, এ কথা তাঁর বইয়ে কোথাও উল্লেখ নেই।