মহাদেব সাহা সা’দত আলী আখন্দ পুরস্কারের ভূষিত
বাংলাদেশের বিশিষ্ট কবি মহাদেব সাহা সা’দত আলী আখন্দ সাহিত্য পুরস্কার ২০১০-এ ভূষিত হয়েছেন।আজ মঙ্গলবার বিকেলে বাংলা একাডেমীর সেমিনার কক্ষে আনুষ্ঠানিকভাবে কবি মহাদেব সাহাকে এই পুরস্কার প্রদান করা হয়। বাংলা একাডেমীর সভাপতি জাতীয় অধ্যাপক কবীর চৌধুরীর সভাপতিত্বে পুরস্কার প্রদান অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান।বাংলা সাহিত্যের উত্কর্ষ সাধনের লক্ষ্যে বাঙালি মুসলমানের ‘বুদ্ধির মুক্তি’ আন্দোলনের অন্যতম প্রবক্তা সা’দত আলী আখন্দের নামে বাংলা একাডেমীর পরিচালনায় ১৯৯০ সালে ‘সা’দত আলী আখন্দ সাহিত্য পুরস্কার’ প্রবর্তন করা হয়। বর্তমানে এই পুরস্কারের অর্থমূল্য ২৫ হাজার টাকা।পুরস্কার পাওয়ার পর অনুভূতি ব্যক্ত করে কবি মহাদেব সাহা বলেন, ‘আমি আমার সকল পুরস্কার এ দেশের মানুষের জন্য উত্সর্গ করতে চাই। আজকের পুরস্কারটিও এ দেশের মানুষ, বিশেষভাবে যাঁরা দেশের মুক্তির জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন, তাঁদের অমর স্মৃতির প্রতি উত্সর্গ করছি।’কবি মহাদেব সাহার গ্রন্থসংখ্যা ৯২টি। কাজের স্বীকৃতিস্বরূপ তিনি একুশে পদক, বাংলা একাডেমী সাহিত্য পুরস্কারসহ বহু পুরস্কারে ভূষিত হয়েছেন। বাসস।