মহান স্বাধীনতা দিবস আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের শেষ পর্যন্ত বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর প্রত্যয় নিয়ে জাতি আজ শুক্রবার উদ্যাপন করছে ৩৯তম স্বাধীনতা দিবস। মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের বিরুদ্ধে চক্রান্তকারী ও হানাদার পাকিস্তানি বাহিনীর সহযোগীদের বিচারের দাবিতে দেশ এখন ঐক্যবদ্ধ।আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার যুদ্ধাপরাধের বিচার-প্রক্রিয়ার আনুষ্ঠানিক সূচনা করেছে। এর মধ্য দিয়ে প্রায় দুই দশক ধরে এ দাবিতে আন্দোলনকারী তথা সর্বস্তরের জনতার একটি প্রত্যাশা পূরণের সম্ভাবনা জেগে উঠেছে।বাঙালি আজ বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় স্মরণ করবে স্বাধীনতার জন্য এ দেশের আত্মদানকারী বীর সন্তানদের; শ্রদ্ধা নিবেদন করবে স্বাধীনতার স্থপতি ও বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় নেতাদের, আত্মদানকারী বীর মুক্তিযোদ্ধাদের এবং নৃশংস গণহত্যার শিকার লাখো সাধারণ মানুষের প্রতি।মহান স্বাধীনতা দিবস আমাদের জাতীয় জীবনে একই সঙ্গে অপার আনন্দ ও বেদনার। সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসনের অবসানের পর দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে ভারত বিভাগের ফলে সৃষ্টি হয়েছিল পাকিস্তান নামের রাষ্ট্রটি। এর পশ্চিমাংশের শাসকেরা একই ঔপনিবেশিক কায়দায় শোষণ ও বঞ্চনা চালিয়ে যায় পূর্ব পাকিস্তানের বাঙালিদের প্রতি। শোষণ আর বঞ্চনার এই কালপর্ব চলে টানা ২৩ বছর। বাংলা ভাষা ও সংস্কৃতির ওপর আক্রমণের মধ্য দিয়ে বস্তুত পাকিস্তানের কবর রচনার কাজটি শুরু হয়। বাঙালির মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার আন্দোলন ক্রমে রূপ নেয় স্বাধিকার এবং তা থেকে স্বাধীনতাসংগ্রামে। এভাবে ঘনিয়ে আসে সত্তরের নির্বাচন। এতে বঙ্গবন্ধুর নেতৃত্বে পূর্ব পাকিস্তানের প্রধান দল আওয়ামী লীগ জাতীয় ও প্রাদেশিক পরিষদে বিপুল সংখ্যাগরিষ্ঠতা লাভ করলেও ‘পশ্চিমি’ প্রেসিডেন্ট ইয়াহিয়া খান তাদের শাসনভার দেওয়ার বদলে টালবাহানা শুরু করেন। আলোচনার নামে চলে কালক্ষেপণ আর তৈরি হয় বাঙালিদের গণহত্যার নীলনকশা। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে ঢাকার রাজপথে নামে ট্যাংক ও সাঁজোয়া গাড়ির বহর। ঘুমন্ত বাঙালির ওপর নির্বিচারে গুলি চালিয়ে সংঘটিত হয় মানব-ইতিহাসের ঘৃণ্যতম গণহত্যা। বঙ্গবন্ধুকে গভীর রাতে তাঁর ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি থেকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। কিন্তু আগেই তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে একটি বার্তা পাঠাতে সক্ষম হন। বার্তায় তিনি বলেছিলেন, ‘আজ থেকে বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম একটি রাষ্ট্র। একে যে রকম করেই হোক শত্রুর হাত থেকে রক্ষা করতে হবে।’ ইপিআরের (পরে যা বিডিআর হয়) ওয়্যারলেস থেকে তাঁর এ ঘোষণা প্রচারিত হয়েছিল। চট্টগ্রামে আওয়ামী লীগের নেতারা মাইকে এটি প্রচার করেন। পরে চট্টগ্রামে অবস্থানরত বাঙালি সেনা কর্মকর্তা মেজর জিয়াউর রহমান বঙ্গবন্ধুর এ ঘোষণা তাঁর পক্ষে বেতারে পাঠ করলে দেশবাসী স্বাধীনতাযুদ্ধ শুরু হওয়ার বিষয়টি জানতে পারে।বাঙালি বঙ্গবন্ধুর সাতই মার্চের ঐতিহাসিক ভাষণের নির্দেশনামতো যার যা আছে তা নিয়েই ঝাঁপিয়ে পড়ে শত্রুর মোকাবিলা করতে। গঠিত হয় প্রবাসী বাংলাদেশ সরকার। তাঁদের নেতৃত্বে ধীরে ধীরে সংগঠিত রূপ নেয় মুক্তিযুদ্ধ। নয় মাস পাকিস্তানি বাহিনীর হত্যা-নির্যাতন, লুণ্ঠন, ধ্বংসযজ্ঞ এবং এর বিরুদ্ধে বাঙালির মরণপণ সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত হয় চিরকাঙ্ক্ষিত স্বাধীনতা।কিন্তু মুক্তিযুদ্ধের সময় এ দেশেরই কিছু লোক বিশ্বাসঘাতকতা করে হাত মিলিয়েছিল পাকিস্তানি ঘাতকদের সঙ্গে। তারা অংশ নিয়েছিল গণহত্যা, নারী নির্যাতন, লুটতরাজ ও অগ্নিকাণ্ডের মতো অপরাধে। তাদের বিচারের কাজটি স্বাধীনতার পরও সুসম্পন্ন হয়নি। আর ১৯৭৫ সালের পট-পরিবর্তনের পর তা একেবারেই অনিশ্চয়তার নিগড়ে পড়ে। এর পর থেকে জাতি দেখে এসেছে ধীরে ধীরে পুনর্বাসিত অভিযুক্ত যুদ্ধাপরাধীদের আস্ফাালন, যাদের অনেকে সর্বোচ্চ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পর্যন্ত পেয়েছে। মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগের নেতৃত্বাধীন বর্তমান সরকার যুদ্ধাপরাধীদের বিচারের প্রতিশ্রুতি দিয়েছিল নির্বাচনী ইশতেহারে। এ বিচার অতি দ্রুত কার্যকর করার দাবি নিয়েই পালিত হচ্ছে এবার স্বাধীনতার আনন্দ ও স্বজন-হারানোর বেদনার দিনটি।আজ সরকারি ছুটির দিন। সারা দেশে সরকারি ও বেসরকারি পর্যায়ে অসংখ্য কর্মসূচির মধ্যে দিয়ে উদ্যাপিত হবে স্বাধীনতা দিবস। ভোর থেকেই আজ সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামবে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণের পর সাধারণ মানুষের নিবেদন করা শ্রদ্ধার ফুলে ফুলে ছেয়ে যাবে স্মৃতিসৌধের বেদি।স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী পৃথক বাণী দিয়েছেন।রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান তাঁর বাণীতে দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বেগবান করতে নাগরিকদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাণীতে মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদ ও দুই লাখ সম্ভ্রমহারা মা-বোনকে স্মরণ করেন। এ ছাড়া তিনি মুক্তিসংগ্রামের নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা এবং অকুতোভয় মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান।