মহানগর আ.লীগের সম্পাদক নিয়ে জটিলতার অবসান
ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব ফিরে পেলেন মোফাজ্জল হোসেন চৌধুরী। এর ফলে সাধারণ সম্পাদকের পদ নিয়ে গত এক বছরের বেশি সময় ধরে চলা জটিলতার অবসান হলো। দেশে জরুরি অবস্থা জারির পর থেকে কামরুল ইসলাম ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। তিনি আগের স্থান যুগ্ম সাধারণ সম্পাদক পদে ফিরে গেলেন।গতকাল রোববার বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সূত্র জানায়, বৈঠকে দলীয় সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল এ সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। একই সঙ্গে এক-এগারোর পরে দলের পক্ষে ভালো ভূমিকা রাখায় কামরুল ইসলামকে আরও সম্মানজনক পদ দেওয়া হতে পারে বলে তিনি জানান।বৈঠক শেষে নগরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে মুক্ত হওয়া কামরুল ইসলামও সংবাদ ব্রিফিংয়ে এ সিদ্ধান্ত জানান।এক-এগারোর পর মোফাজ্জল হোসেন চৌধুরী পলাতক ছিলেন। এ অবস্থায় তিনি সাজাপ্রাপ্ত হন। তাঁর অনুপস্থিতিতে কামরুল ইসলাম ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে দলীয় বিরোধের প্রভাব পড়তে পারে ভেবে শেখ হাসিনা মহানগরের সাধারণ সম্পাদকের পদের ব্যাপারে একটি সিদ্ধান্তে পৌঁছান বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর নির্দেশে গতকালের বৈঠকে সৈয়দ আশরাফ মহানগরের সাধারণ সম্পাদকের পদ নিয়ে জটিলতার অবসান ঘটান।বৈঠক সূত্র জানায়, সৈয়দ আশরাফ বলেন, এক-এগারোর পর এম এ আজিজ ও কামরুল ইসলামের নেতৃত্বে ঢাকা মহানগর আওয়ামী লীগ সভানেত্রীর মুক্তির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নেত্রীর মুক্তির দাবিতে তাঁরা লাখ লাখ মানুষের স্বাক্ষর সংগ্রহ করেন। এম এ আজিজ এখনো দায়িত্ব পালন করছেন। কামরুল ইসলাম আগামী দিনে হয়তো আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।সূত্র জানায়, বৈঠকে মহানগরের সদস্য সংগ্রহ অভিযান নিয়ে আলোচনা হয়। মহানগরের নেতারা প্রধানমন্ত্রীর উপস্থিতিতে একটি অনুষ্ঠানের মাধ্যমে সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধন করতে চান। বৈঠকে ঢাকা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আলোচনা হয়। মেয়র ও কাউন্সিলর পদে দলের একক প্রার্থী দেওয়ার ওপর বৈঠকে গুরুত্বারোপ করা হয়।মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও বাহাউদ্দিন নাছিম। নগর নেতাদের মধ্যে ছিলেন কামাল মজুমদার, আসলামুল হক, ফয়েজউদ্দিন মিয়া, মুকুল চৌধুরী, শেখ বজলুর রহমান, এইচ বি এম ইকবাল, আওলাদ হোসেন প্রমুখ। যুবলীগ থেকে ১০ জন বহিষ্কার: সংগঠন ও আইনবিরোধী কার্যকলাপে জড়িত থাকায় আওয়ামী যুবলীগ থেকে ১০ জনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। কেন তাঁদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে ব্যাপারে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গতকাল যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এ সিদ্ধান্ত নেয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।বহিষ্কৃত নেতাদের কয়েকজন হলেন রাজশাহীর মণ্ডুমালা পৌর কমিটির সভাপতি আহমদ হোসেন, সাধারণ সম্পাদক শওকত আলী ও টঙ্গী থানার সাধারণ সম্পাদক কামরুল হাসান।