মহানগরে ইউনিয়ন থাকছেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগরের ১৭টি ইউনিয়নের গ্রামগুলো ঢাকা সিটি করপোরেশনের আওতায় আনা হচ্ছে। গণমাধ্যমকে দেওয়া নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেনের এই ভাষ্যে রীতিমতো নড়েচড়ে বসেছিলেন ইউনিয়নবাসী ও ইউনিয়নগুলোর জনপ্রতিনিধিরা। তবে শেষ অবধি সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে জানা গেল, ১৭ ইউনিয়ন নয়, নগরের চারটি ইউনিয়নের ১৩টি মৌজার কিছু অংশ ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) আওতায় আসছে। সামনের ডিসিসি নির্বাচনে সেসব এলাকার বাসিন্দারা ডিসিসি নির্বাচনে ভোট দিতে পারবে। তবে এর চেয়েও তাদের কাছে বড় স্বস্তির বিষয়ে হচ্ছে এত দিন অবকাঠামো উন্নয়নে হেলায় পড়ে থাকা এলাকাগুলো এবার উন্নয়নের ছোঁয়া পাবে। তবে পৌরকরের বোঝা চেপে বসায় অনেকে আবার আপত্তির কথাও শোনালেন। তাঁদের মতে, আগে নাগরিক সুবিধাগুলো নিশ্চিত করে তারপর তাঁদের কাছ থেকে পৌরকর আদায় করা উচিত।নগরের ১৭ ইউনিয়নে নাগরিক সেবা নাজুক থাকায় ইউনিয়নগুলোর বাসিন্দারা ডিসিসির আওতায় আসতে চায়। কিন্তু নগরের ইউনিয়নগুলোর চেয়ারম্যান ও ডিসিসির ওয়ার্ড কাউন্সিলররা জানান, নগরের ইউনিয়নগুলো ডিসিসির আওতায় নিতে হলে ডিসিসির ওয়ার্ডের সংখ্যা বাড়াতে হবে। এখনকার কোনো ওয়ার্ডের সঙ্গে ইউনিয়নের এলাকা যুক্ত করলে উন্নয়নকাজ করা অসম্ভব হয়ে পড়বে। কারণ ওয়ার্ডের তুলনায় একেকটি ইউনিয়ন আয়তনে অনেক বড়।ডিসিসিতে এসেছে ইউনিয়নের একাংশনগরের ১৭টি ইউনিয়ন ডিসিসিতে যুক্ত হচ্ছে, নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেনের উদ্ধৃতি দিয়ে দিন দশেক আগে গণ্যমাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে। তবে এই খবর ‘সঠিক নয়’ বলে জানান ইউনিয়নগুলোর দেখভালে থাকা তেজগাঁও সার্কেলের কর্মকর্তা নিরোদচন্দ্র মণ্ডল। অর্থাত্ ইউনিয়ন থাকছে আগের মতোই। একই তথ্য দিলেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব (সিটি করপোরেশন শাখা) মহসীন চৌধুরী। এ প্রসঙ্গে মহসীন চৌধুরী ও নিরোদচন্দ্র মণ্ডল জানান, নগরের ১৭টি ইউনিয়নে আগের মতোই স্থানীয় সরকারকাঠামো বজায় রয়েছে। তবে চারটি ইউনিয়নের ১৩টি মৌজার কিছু অংশ আশপাশে থাকা ডিসিসির ওয়ার্ডের আওতায় চলে গেছে। এই ইউনিয়নগুলো হচ্ছে সুলতানগঞ্জ, ভাটারা, দক্ষিণ খান ও হরিরামপুর ইউনিয়ন। এসব ইউনিয়নের অংশবিশেষ ডিসিসিতে অন্তর্ভুক্ত করতে গেজেট প্রকাশিত হয়েছে। গেজেটে উল্লেখ করা মৌজা ও দাগ নম্বর অনুসরণ করে এখন জরিপকাজ চলছে। যার মাধ্যমে ইউনিয়ন ও ডিসিসির সংশ্লিষ্ট ওয়ার্ডের নতুন সীমানা নির্ধারিত হবে। জরিপকাজের জন্য ঢাকা বিভাগীয় কমিশনারের নেতৃত্বে একটি দল কাজ করছে বলে তাঁরা জানান।এদিকে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন জানান, নির্বাচন কমিশন মূলত ডিসিসি ও ঢাকার ১৭ ইউনিয়নের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। এখন সরকার যেভাবে সিদ্ধান্ত নেবে সেভাবেই ইউনিয়ন ডিসিসির সঙ্গে যুক্ত হবে। তবে ১৭ ইউনিয়ন ডিসিসিতে যুক্ত করা হলেও ডিসিসির নির্বাচন পরিচালনা করতে তাঁদের কোনো সমস্যা হবে না। কারণ তাঁরা সেভাবেই প্রস্তুত আছেন।ইউনিয়নের যেসব অংশ যাচ্ছে ডিসিসিতেনগরের চার ইউনিয়নের কিছু অংশ ডিসিসিতে যুক্ত হয়েছে। সেই অংশ মূলত ডিসিসির আশপাশের চার ওয়ার্ডের সঙ্গে যুক্ত হচ্ছে। এর মধ্যে ডিসিসির ১৮ নম্বর ওয়ার্ডের আওতায় আসছে ভাটারা ইউনিয়নের ভাটারা, শামাইর ও ভোলা মৌজার একাংশ। ইউনিয়নের কিছু অংশ ডিসিসিতে যুক্ত হওয়ার কারণ জানতে চাইলে ভাটারা ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক জানান, ইউনিয়নের যে অংশ ডিসিসিতে যাচ্ছে সে অংশটা এমনিতে বারিধারা জে ব্লক নামে পরিচিতি। এলাকাবাসী ইউনিয়ন ও ওয়ার্ডের মাঝখানে পড়ায় উন্নয়নকাজ থেমে ছিল। এখন থেকে ডিসিসির মাধ্যমে ওই এলাকার উন্নয়নকাজ হবে।দক্ষিণ খান ইউনিয়নের আব্দুল্লাহপুর, পুরাকৈর, শৈলপুর, ফায়দাবাদ ও দক্ষিণ খান মৌজার কিছু অংশ যুক্ত হয়েছে ডিসিসির এক নম্বর ওয়ার্ডে। একই ওয়ার্ডের আওতায় এসেছে হরিরামপুর ইউনিয়নের বাউনিয়া, রানাভোলা, রসাদিয়া ও মাসুমপুর মৌজার কিছু অংশ। ডিসিসির এক নম্বর ওয়ার্ডের ভারপ্রাপ্ত কাউন্সিলর কাজী হযরত আলী জানান, যে এলাকাগুলো ওয়ার্ডে যুক্ত হচ্ছে এর একাংশ উত্তরা মডেল টাউনের আওতায় পড়েছে। আগে থেকেই সেখানে ডিসিসি উন্নয়নকাজ করছে। এ জন্য নতুন এলাকা যুক্ত হওয়ায় তেমন কোনো সমস্যা হবে না।এদিকে সুলতানগঞ্জ ইউনিয়নের চর কামরাঙ্গী মৌজার একাংশ এসেছে ডিসিসিতে। তবে ওই অংশ ডিসিসির কোন ওয়ার্ডে যুক্ত হবে তা ঠিক বলতে পারলেন না সুলতানগঞ্জ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম এ রশিদ সরকার। তিনি জানান, ইউনিয়নের একাংশ ডিসিসিতে যুক্ত করার জন্য তাঁর দপ্তরে চিঠি এসেছে। এরপর জেলা প্রশাসন থেকে জরিপের মাধ্যমে সীমানা নির্ধারণ করা হয়েছে। জেলা প্রশাসন থেকেই জানা যাবে তাঁদের ইউনিয়নের একাংশ ডিসিসির কোন ওয়ার্ডের সঙ্গে যুক্ত হবে।ইউনিয়নবাসীর চাওয়াঢাকা মহানগরে ১৭টি ইউনিয়ন হচ্ছে সুলতানগঞ্জ, শ্যামপুর, দনিয়া, ডেমরা, মাতুয়াইল, সারুলিয়া, মাণ্ডা, দক্ষিণগাঁও, বাড্ডা, সাঁতারকুল, বেরাইদ, ডুমনি, ভাটারা, উত্তর খান, দক্ষিণ খান, হরিরামপুুর ও নাসিরাবাদ ইউনিয়ন। ২০০১ সালের আদমশুমারি অনুযায়ী, ইউনিয়নগুলোয় ১১ লাখ লোক বাস করে। তেজগাঁও সার্কেলের নিজস্ব জরিপ অনুযায়ী, ১৭টি ইউনিয়নে বর্তমান লোকসংখ্যা প্রায় ৫২ লাখ। ডিসিসির একটি ওয়ার্ড প্রতি অর্থবছরে ৫০ লাখ টাকা রুটিন বরাদ্দ পায়। আবার বিশেষ বরাদ্দের মাধ্যমেও ওয়ার্ডগুলোর উন্নয়নকাজ করা হয়। ওয়ার্ডের চেয়ে আয়তনে বড় হলেও এক অর্থবছরে একেকটি ইউনিয়ন রুটিন বরাদ্দ পাচ্ছে লাখ ছয়েক টাকা। ইউনিয়নগুলো অবকাঠামোগত দিক দিয়েও ওয়ার্ডের চেয়ে অনেক পিছিয়ে আছে। খোঁজ নিয়ে জানা যায়, সব নাগরিক সুবিধা এখনো পৌঁছায়নি ইউনিয়বাসীর দোরগোড়ায়। অনেক এলাকার যোগাযোগ অবকাঠামো বেহালে আছে। ইউনিয়নগুলোর বেশির ভাগ এলাকায় নেই ঢাকা ওয়াসা ও তিতাস গ্যাসের সেবা। আবার বন্যার সময় ক্ষতিগ্রস্ত হয় ঢাকা পূর্বাঞ্চলের ইউনিয়নের এলাকাগুলো। ইউনিয়নগুলোয় নাগরিক সেবার মানোন্নয়নে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন ইউনিয়নবাসী।এ বিষয়ে ইউনিয়নগুলোর দেখভালের দায়িত্বে থাকা তেজগাঁও সার্কেলের কর্মকর্তা নিরোদচন্দ্র মণ্ডল জানান, প্রতিবছর রুটিন বরাদ্দের বাইরেও ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের মাধ্যমে বেশ কিছু উন্নয়নকাজ হয়। এ ছাড়া ইউনিয়নের নিজস্ব আয় থেকেও উন্নয়নকাজ করা হয়। আবার অনেক সময় সরকারের বিশেষ বরাদ্দের মাধ্যমেও কিছু কাজ করা হয়। তবে ডিসিসির ওয়ার্ডগুলোর তুলনায় ইউনিয়নগুলোর বাসিন্দারা নাগরিক সেবা অনেক কম পাচ্ছে। তবে ডিসিসির বাসিন্দাদের পৌরকর দিতে হলেও তেমন কোনো কর দিতে হচ্ছে না ইউনিয়নবাসীকে।ঢাকা মহানগরের ইউনিয়নগুলো ডিসিসির আওতায় এলে পৌরকরসহ নানা রকম কর দিতে হবে বাড়ি ও জমির মালিকদের। এ জন্য ভূস্বামী ও স্থানীয় বাসিন্দারা ডিসিসির আওতায় আসতে ইচ্ছুক নন। আবার ভাড়াটে বা চাকরিজীবীদের মধ্যে ডিসিসিতে অন্তর্ভুক্ত হওয়ার পক্ষপাতী এমন অনেকে জানান, এলাকার উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি, পরিকল্পিত রাস্তাঘাট ও দালানকোঠা নির্মাণের জন্য ইউনিয়নগুলো ডিসিসির আওতায় যাওয়া উচিত। এ প্রসঙ্গে মাতুয়াইল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিকুল ইসলাম পনির বলেন, ‘স্থানীয় কিছু বাসিন্দা না বুুঝেই পৌরকরের ভয়ে ডিসিসিতে যুক্ত হতে চায় না। কিন্তু ডিসিসিতে এলাকা অন্তর্ভুক্ত হলে আমাদের সামাজিক মর্যাদা বেড়ে যাবে। শিক্ষিত লোকজন তাই চান ইউনিয়নগুলো ডিসিসির আওতায় আসুক। এখন আমাদের বাড়ির কোনো নম্বর নেই। আমরা তো শহরের ভেতর থেকেও গ্রামে বাস করছি।’