মহানগরের ইউনিয়নবাসীর চাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগরের তেজগাঁও সার্কেলের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য নির্বাচন শুরু হয়েছে গত সপ্তাহে। সেই ধারাবাহিকতায় ২২ জুন ডেমরা, মান্ডা, দক্ষিণগাঁও ও নাসিরাবাদ ইউনিয়নে ভোট গ্রহণ করা হবে। এই চার ইউনিয়নে বইছে এখন নির্বাচনী হাওয়া। মহানগরের এসব ইউনিয়নে রয়েছে নানা নাগরিক-বঞ্চনা।  ডেমরা ইউনিয়নচাপকলেও পানি নেই!ডেমরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে দাঁড়িয়ে আছেন বেশ কয়েকজন। তাঁদের কারও হাতে কলস, কারও হাতে জগ। গভীর নলকূপ থেকে পানি নিতে এসেছেন তাঁরা পাশের গ্রাম কায়েতপাড়া থেকে। তাঁরা জানান, পুরো কায়েতপাড়া গ্রামের বাসিন্দাদের জন্য মাত্র একটি গভীর নলকূপ রয়েছে। গ্রামের শেষ মাথা থেকেও পানি নিতে আসেন সবাই। একটি নলকূপ থাকায় পানি নিতে হয় সারি বেঁধে। এতে চাপ বেশি পড়ায় প্রায়ই নষ্ট হয়ে যায় নলকূপটি। তখন গ্রামবাসী চাঁদা দিয়ে এটি মেরামত করেন।ভূগর্ভস্থ পানির স্তর দিনে দিনে নিচে নামছে। তাই ঠিকমতো পানিও আসে না। ‘নলকূপের নল অনেক পুরোনো হয়ে গেছে। এসব বদলানো দরকার। কিন্তু এত টাকা আমরা কই পামু। আরও একটি নলকূপ দরকার।’ বলছিলেন স্থানীয় বাসিন্দা আবদুল্লাহ মিয়া।কায়েতপাড়া গ্রামের ভেতরে যোগাযোগব্যবস্থাও খারাপ। কোনো সড়কই নেই ভেতরে। বর্ষাকালে নৌকায় চলতে হয়। ডেমরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে দিয়ে যাওয়া খলাপাড়া বাজার পর্যন্ত সড়কটিও ভাঙাচোরা। ইট বিছানো এই সড়ক অনেক জায়গায় ভেঙে গর্তে পরিণত হয়েছে। রাজাখালী এলাকার আবদুল হামিদ ভূঁইয়া বলেন, ‘অনেক টিউবওয়েল থেকেই পানি উঠতে চায় না। আমরা ওয়াসার পানি চাই। যোগাযোগব্যবস্থার উন্নয়নে এখান থেকে সরাসরি বাস চালু করা প্রয়োজন।’ডেমরা ইউনিয়ন পরিষদ কার্যালয় সূত্রে জানা যায়, এখানকার পাঁচটি গ্রামে কোনো গ্যাসসংযোগ নেই। বালু নদের পানি দূষিত হওয়ায় এই পানি ব্যবহার করতে পারছে না এলাকাবাসী। ওয়াসার পানি জরুরি হয়ে পড়েছে। ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে স্যুয়ারেজের অবকাঠামো প্রয়োজন। ইউনিয়নে বিদ্যুতের খুঁটি নতুন করে বসানো দরকার। পুরোনো এসব খুঁটি ঝড়ে প্রায়ই ভেঙে পড়ে। ইউনিয়নে অনেক কাঁচা সড়ক রয়েছে। বৃষ্টি হলে এসব সড়ক দিয়ে চলাচল করা যায় না। সরকারি কোনো স্বাস্থ্যসেবাকেন্দ্র না থাকায় কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে যেতে যেতেই তার অবস্থা কাহিল হয়ে যায়। এ জন্য দরকার স্বাস্থ্যকেন্দ্র। মান্ডা ইউনিয়নসড়ক সংস্কার জরুরিমুগদা থেকে মান্ডায় চলে গেছে যে সড়কটা, তাতে হাঁটতে গেলেই হোঁচট খেতে হয়। সড়কের কথা বলতেই স্থানীয় ব্যবসায়ী আবুল কালাম বললেন, ‘ভাই, কেবল তো শুরু। আরেকটু ভেতরে যান। তাইলেই বুঝবেন সড়ক কাকে বলে!’কালামের কথার প্রমাণ পাওয়া গেল সড়ক ধরে এলাকার ভেতরে গিয়ে। সড়কটি পিচঢালাই, নাকি ইটের, না কাঁচা মাটির, তা বোঝা যায় না। এলাকাবাসী জানান, সড়কটি একসময় পাকা ছিল। অনেক দিন ধরে সংস্কারকাজ না হওয়ায় এই অবস্থা। সড়কের ইটের খোয়া পর্যন্ত উঠে গেছে। এখানে-সেখানে গর্ত হয়ে আছে। কাদাপানিতে একাকার হয়ে গেছে সড়কটি। সড়কের পাশের এক ব্যবসায়ী বলেন, ‘যদি কয়টা দিন আগে আইতেন, তাইলে দেখতে পাইতেন। এহন তো খোয়া ফেলাইছে। তাই একটু হাঁটা যাইতাছে।’ সড়কের কোথাও বালু ফেলা হয়েছে, আবার কোথাও ফেলা হয়েছে ইটের খোয়া। সড়কের একপাশে কোথাও কোথাও নর্দমার দেখা মিলেছে। আবার কোথাও মাটি-আবর্জনায় বন্ধ হয়ে গেছে। নর্দমার পানি চলাচলের ব্যবস্থা ভালো নয়। তাই বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। তখন হাঁটু পানি মাড়িয়ে পথ চলতে হয় এলাকাবাসীকে। মান্ডা ইউনিয়নের প্রধান সড়কের এই চিত্র। আর ভেতরের ছোট ছোট গলিতে কোনো রিকশাই চলতে পারে না। বৃষ্টি হলে এগুলোতে পানি জমে থাকে।মান্ডা ইউনিয়নের একাধিক বাসিন্দা জানান, ঢাকা শহরের এত কাছে থেকেও কোনো নাগরিক সুবিধা পাচ্ছেন না তাঁরা। প্রতিদিন সকালে গ্যাস চলে যায়, আসে সন্ধ্যায়। মশার উপদ্রবে এলাকায় থাকা দায়। তাঁদের এলাকায় নেই কোনো সড়কবাতি। বর্ষার সময় প্রধান সড়কে পানির জন্য হাঁটা যায় না। কোনো রিকশাও আসতে চায় না। এখানে নেই কোনো কবরস্থান, খেলার মাঠ, কোনো স্বাস্থ্যকেন্দ্র—এসব সমস্যা সমাধানের দাবি জানান তাঁরা। দক্ষিণগাঁও ইউনিয়নজলাবদ্ধতায় নাকালনামাজ শেষ করে সড়কে দাঁড়িয়ে কথা বলছিলেন আলী আকবর। হঠাৎ তাঁর মুখটা কালো হয়ে গেল। কারণ, সড়ক দিয়ে সিএনজিচালিত অটোরিকশা যাওয়ার সময় সড়কে জমে থাকা পানি এসে ছিটকে পড়েছে তাঁর পাঞ্জাবিতে। দক্ষিণগাঁও ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দাসপাড়া-শাহীবাগ এলাকার প্রধান সড়কে ছোট ছোট গর্ত। এসব গর্তে বৃষ্টির পানি জমে আছে। নাগরিক সুবিধার কথা বলতেই ৫ নম্বর ওয়ার্ডের ২ নম্বর সড়কের বাসিন্দা সোহরাব সড়ক থেকে টেনে নিয়ে গেলেন বাড়ির ভেতরে। তাঁর বাড়ির আঙিনায় ঢেউ খেলছে বৃষ্টির পানি। শুধু তাঁর বাড়িই নয়, আশপাশের সব বাড়িতেই একই অবস্থা। ৫ নম্বর ওয়ার্ডজুড়েই দেখা গেছে এই চিত্র। সারা বছর এলাকাবাসী যে পানি ব্যবহার করে, তা কোথাও নেমে যাওয়ার ব্যবস্থা নেই। আবার বর্ষাকালে ঘরের মেঝে পর্যন্ত ডুবে যায়। সামান্য বৃষ্টিতে সড়ক থেকে পানি চলে যায় বাড়ির আঙিনায়। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এলাকাবাসীকে সারা বছর জলাবদ্ধ অবস্থায় থাকতে হয়।দক্ষিণগাঁও ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে পাওয়া তথ্যানুযায়ী, পুরো ইউনিয়নের কোথাও পানি নিষ্কাশনের নালা কিংবা ড্রেন নেই। তাই পানি নিষ্কাশনের নালা কিংবা ড্রেন করা দরকার। বেশির ভাগ এলাকায় গ্যাস নেই। ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে গ্যাস এবং পানির কোনো পাম্প নেই। চাপকলে পানি তুলতে হয়। এ ছাড়া দূর থেকে কষ্ট করে পানি নিয়ে আসতে হয়। এসব এলাকায় পানির পাম্প বসানো দরকার। বেশ কিছু সড়ক রয়েছে ভাঙা ও কাঁচা। এগুলোর সংস্কার হওয়া প্রয়োজন। বেশ কিছু এলাকায় কালভার্ট প্রয়োজন। কেননা, বাঁশের সাঁকো ঝুঁকিপূর্ণ। শিক্ষার্থীর তুলনায় আরও সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করা দরকার। এলাকায় কোনো খেলার মাঠ নেই। স্বাস্থ্যসেবার কোনো ব্যবস্থা নেই। যোগাযোগব্যবস্থাও ভালো নয়। রিকশা আর ব্যাটারিচালিত টমটম দিয়ে ঢাকার অন্যান্য এলাকায় যেতে হয়। নাসিরাবাদ ইউনিয়নপানির জন্য হাহাকার!‘আমার এই গেঞ্জিটা ধুইতে হয় নদীর ময়লা পানিতে। তারপর শুধু ভালো পানিতে চুবিয়ে নিই। এভাবে আমাদের সব কাজ করতে হয়।’ বলছিলেন নাসিরাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বুলবুল। তিনি জানান, এলাকায় পানির জন্য মানুষের জীবন যায় যায় অবস্থা। গোসল করতে হয় তিন-চার দিন পরপর। গভীর নলকূপ থেকে অনেক সময় পানি আসে না। নড়াই, দেবধোলাই আর বালু নদের পানির দূষণ বাড়ছে।তাই এই তিন নদকে ঘিরে থাকা নাসিরাবাদ ইউনিয়নের বাসিন্দারা নদের পানি ব্যবহার তো করতে পারেই না, উল্টো দুর্গন্ধে থাকতে হচ্ছে সব সময়। নদীর দূষিত পানির কারণে এলাকাবাসী নানা ধরনের চর্মরোগে আক্রান্ত হচ্ছে। ত্রিমোহনী এলাকায় মিশেছে এই তিনটি নদ। ত্রিমোহনী এলাকার পর রয়েছে আরও কয়েকটি গ্রাম। কিন্তু এগুলোতে খাওয়ার পানির জন্য একটি মাত্র পাম্প রয়েছে, যা দরকারের তুলনায় কম। এই এলাকার লোকজন এখন পানি নিতে আসে ত্রিমোহনী বাজারে। গত সোমবারও অনেককে দেখা গেল রিকশাভ্যান দিয়ে বড় হাঁড়ি, কলস, বালতিতে ভরে পানি নিচ্ছে।এখানকার বাসিন্দা বুলবুল জানান, বর্ষার সময় এলাকাবাসীকে নৌকায় চলাচল করতে হয়। অন্য সময়ের জন্য একটি বাঁশের সাঁকো রয়েছে। এদিকে ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে কোনো রাস্তাঘাট নেই বলে নাসিরাবাদ ইউনিয়ন পরিষদ কার্যালয় সূত্রে জানা যায়। সেখানকার তথ্যানুযায়ী, পুরো ইউনিয়নের কোথাও গ্যাস নেই। চারটি গ্রামে পানির কোনো ব্যবস্থা নেই। কমপক্ষে আরও পাঁচটি পানির পাম্প দরকার। ডিসিসির এলাকাগুলোর সঙ্গে যোগাযোগের একমাত্র সড়কটিও (ত্রিমোহনী রোড) ভাঙা ও সরু। এলাকার যোগাযোগব্যবস্থা আরও উন্নত করা দরকার। যাতায়াতের জন্য সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা রয়েছে। কিন্তু তার জন্যও অপেক্ষা করতে হয় ঘণ্টার পর ঘণ্টা। সরকারি কোনো স্বাস্থ্য সেবাকেন্দ্র নেই, নেই কোনো খেলার মাঠ। ইউনিয়ন পরিষদ কার্যালয়ের জন্য নিজস্ব কোনো ভবনও নেই।অনুসন্ধানে জানা যায়, ডেমরার স্টাফ কোয়ার্টার-শেখের জায়গা-ত্রিমোহনী-বনশ্রী পর্যন্ত একটি মহাসড়কের কাজ শুরু হয়েছে ২০০৪ সালে। দুই বছরে অর্ধেকের বেশি কাজ হয়েছে। এখনো সড়কটির কাজ চলছে। এ ছাড়া ত্রিমোহনী-নাসিরাবাদ-গৌড়নগর-ডেমরা (ইটখোলা) পর্যন্ত আরও একটি সড়ক হওয়ার কথা। কিন্তু এর কোনো অগ্রগতিই নেই। মাইঝনা-কায়েতপাড়া-নাসিরাবাদ-দাসেরকান্দি-ত্রিমোহনী-বনশ্রী পর্যন্ত আরও একটি সড়ক হওয়ার কথা। সড়ক তিনটি হলে এই ইউনিয়নের যোগাযোগব্যবস্থা ও নাগরিক সুবিধা বাড়বে। এই তিনটি সড়কের নির্মাণের দাবি করেন ইউনিয়নবাসী।