মহানগরের ইউনিয়নবাসীর চাওয়া
ঢাকা মহানগরের তেজগাঁও সার্কেলের ইউনিয়ন পরিষদগুলোর চেয়ারম্যান ও সদস্য নির্বাচন চলছে। আগামীকাল মাতুয়াইল, সারুলিয়া, দনিয়া ও শ্যামপুর ইউনিয়নের ভোটের মধ্য দিয়ে শেষ হবে তা। এই চারটি ইউনিয়নের নানা নাগরিক বঞ্চনা নিয়ে আয়োজন।সারুলিয়া ইউনিয়নদরকার পানি নিষ্কাশন পাম্পইউনিয়নের পাড়াডগাইর উত্তর ইসলামবাগ এলাকায় পানি জমে আছে বাড়ির আঙিনায়। যাঁদের বাড়ি একটু নিচে, তাঁদের হাঁটুপানি পাড়ি দিয়ে ঘরে পৌঁছাতে হচ্ছে। এলাকায় পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি বের হতে পারে না। বৃষ্টি হলে সড়কও ডুবে যায়। এখানকার যেসব সড়ক পাকা, তাতে নেই কোনো ড্রেন। এলাকায় অনেকের ঘরের মেঝেতে বৃষ্টির পানি ঢেউ খেলছে। আঙিনার নলকূপ অর্ধেক ডুবে গেছে। এ এলাকায় ওয়াসার কোনো পানির সংযোগ নেই। নলকূপের পানিতে আর্সেনিক পাওয়া গেছে। এলাকাবাসী ঢাকা ওয়াসার পানির লাইন দাবি করেন। এখানকার বাসিন্দা আবদুল জলিল বলেন, ‘চিপাগলিতে কাদা-পানির জন্য হাঁটা যায় না। রাস্তাঘাটের সংস্কার হওয়া দরকার। রাস্তায় কোনো বাতি নেই। সন্ধ্যার পর কাঁচা রাস্তায় হাঁটতে গিয়ে হোঁচট খেতে হয়। সারা বছর পানি জমে থাকায় মশার অত্যাচারটাও অন্য এলাকার চেয়ে বেশি।’সারুলিয়া ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, ডিএনডি (ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা) বাঁধের ভেতরে হওয়ায় পানি বের হওয়ার কোনো ব্যবস্থা নেই। তাই বছরের সব সময় জলাবদ্ধ থাকতে হয় ইউনিয়নবাসীকে। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। কোনো সড়কে নেই ড্রেন। বৃষ্টি হলে এসব সড়ক পানিতে ডুবে থাকে। কাঁচা সড়ক রয়েছে অনেক। জলাবদ্ধতা কমানোর জন্য খাল খনন করা হয়েছে। এসব খালে বেশ কিছু কালভার্ট দরকার। পুরো ইউনিয়নের জলাবদ্ধতা কমাতে আলাদা প্রকল্প হাতে নিতে দাবি করেন অনেকে। ডিএনডি বাঁধে আরও তিনটি সেচপাম্প হাউস বসানো দরকার, যার মাধ্যমে পানি সেঁচে বাঁধের উল্টো পাড়ে ফেলা হবে। এখন একটি পাম্প আছে, তা অনেক পুরোনো এবং বেশির ভাগ সময়ই বন্ধ থাকে।ইউনিয়নে ওয়াসার পানি নেই। এতে খাওয়ার পানির সংকট রয়েছে। কেননা, অনেক সময়ই নলকূপ থেকে পানি ওঠে না। বেশির ভাগ এলাকায় গ্যাস নেই। আবার থাকলেও অনেক সংকট রয়েছে। খেলাধুলার মাঠ নেই। ডগাইর খেলার মাঠ নামে একটি খেলার জায়গা ছিল। কিন্তু কিছু দুষ্কৃতকারী এটা দখল করে বিক্রি করে দেওয়ার পাঁয়তারা করছে। জায়গাটি সংরক্ষণের দাবি জানান এলাকাবাসী। সরকারি কোনো স্বাস্থ্যসেবা নেই। মাদকের স্পট রয়েছে। যোগাযোগব্যবস্থা আরও উন্নত করা দরকার। সারুলিয়ার ভেতর দিয়ে লেগুনা চলে। সকালবেলায় জীবনের ঝুঁকি নিয়ে মানুষ তাতে ঝুলে ঝুলে যাতায়াত করে। নিয়মিত বাস সার্ভিসের দাবি করেন এলাকাবাসী।মাতুয়াইল ইউনিয়নজলাবদ্ধতায় নাকালসড়ক ভরে আছে পানিতে। বৃষ্টির পানি আর বাসায় ব্যবহারের পানি একাকার হয়ে গেছে। বাড়ির মেঝে নিচু হওয়ায় সড়ক থেকে পানি গড়িয়ে পড়ছে। এমনটাই দেখা গেল মাতুয়াইল ইউনিয়নের বেশ কিছু সড়ক ঘুরে। নিষ্কাশনব্যবস্থা ভালো না হওয়ায় সড়কে পানি জমে থাকে। সড়কের দুই পাশের লোকজন পানি মাড়িয়েই চলাফেরা করছেন। অনেকের ঘরে পর্যন্ত পানি উঠে গেছে। বেশির ভাগ সড়কে নেই ড্রেনেজব্যবস্থা। আবার কোনো কোনোটায় থাকলেও তা আবর্জনায় ভরে গেছে। সড়কগুলোর অবস্থাও নাজুক। দীর্ঘদিন সংস্কারকাজ না হওয়ায় এসব সড়কের ইট উঠে গেছে। যেখানে-সেখানে গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও বালু ফেলা হয়েছে। সড়কের ভাঙা অংশে পানি জমে থাকে সব সময়। প্রধান সড়ক ছাড়া অন্যগুলো সরু, যার কারণে বিপরীত দিক থেকে রিকশা এলে রিকশাওয়ালাদের বিপদে পড়তে হয়। ইউনিয়নের আলআমিন সড়ক, শাহজালাল সড়ক ও আধুনিক সড়ক নামের বড় সড়কগুলোই ভাঙা। মাটি ছাড়া এসব সড়কে আর কিছু নেই। কামরুল হাসান নামের একজন বাসিন্দা বলেন, ‘ইউনিয়নের প্রধান সড়কেই তো পানি জইম্যা থাকে। এসব সড়কে ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে চলতে হয়। সড়কগুলোর সংস্কার হওয়া প্রয়োজন।’ আবার বেশ কিছু মাটির সড়কও রয়েছে। ইউনিয়নের বাসিন্দা আবু হাসান শাহীন বলেন, ‘এলাকায় ড্রেনেজব্যবস্থা আরও ভালো করা দরকার। সব সড়কে ড্রেন নেই। উন্নয়নমূলক কাজও কম হয়েছে। বর্ষাকালে সড়কে হাঁটা যায় না।’ তিনি জানান, এ ইউনিয়ন পরিষদের নির্বাচন হচ্ছে ২৩ বছর পর। ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিয়ে চলছে ইউনিয়নের কাজ। ডিসিসির আওতায় নেওয়া হবে—এ কারণে ডিসিসি ও ইউনিয়নের মধ্যে মামলাজনিত ঝামেলা ছিল। অনেক দিন পর নির্বাচন হওয়ায় এলাকাবাসীও বেশ আমেজে আছে। নির্বাচিত চেয়ারম্যান এলাকার কাজ বেশি বেশি করবেন বলে তাঁদের বিশ্বাস। এলাকায় নেই কোনো খেলার মাঠ; নেই সরকারি স্বাস্থ্যসেবার কোনো ব্যবস্থা। তবে মাদকের বেশ কিছু চিহ্নিত স্পট রয়েছে এ ইউনিয়নে। সম্প্রতি এলাকাবাসীর সমস্যায় নতুন যোগ হয়েছে যানজট। অনেক এলাকায় গ্যাস নেই। যেখানে রয়েছে, সেখানে গ্যাসের সংকট প্রচুর। ধার্মিকপাড়ায় গ্যাস কিংবা ওয়াসার পানি কিছুই নেই। এখানকার সড়কও ইট ও মাটির।দনিয়া ইউনিয়নসড়কের সংস্কার চাইদোলাইরপাড় থেকে দনিয়া যেতে কোনো রিকশাওয়ালাই রাজি হচ্ছিলেন না। কারণ হিসেবে তাঁরা জানান, সড়কটি ভাঙা। অনেক বলে-কয়ে একজন রিকশাওয়ালাকে রাজি করানো হলে ভেতরে গিয়ে যতটা মনে হয়েছিল, তার চেয়েও বেশি খারাপ দেখা গেল রাস্তা। দনিয়া রোড নামের এ সড়কটির কোথাও ভালো নেই। পুরো সড়কটি খানাখন্দে পরিণত হয়েছে। সড়কের ঢালাই পিচ ও ইট উঠে গেছে। রিকশা চালাতে গিয়ে বেশ বেগ পেতে হয়েছে চালককে। মাঝেমধ্যে রিকশা থেকে নেমে চালককে তা টানতে হয়েছে। রিকশায় বসে থেকে মনে হচ্ছিল, এই বুঝি উল্টে গেল। সড়কে রিকশা চলতে তেমন একটা দেখা যায়নি। সড়কের কোথাও কোথাও ভাঙা ইট ফেলা হয়েছে। এতে কষ্ট আরও বেড়েছে। কোথাও গর্ত, আবার কোথাও উঁচু হয়ে আছে। পানির নিচে পুরো সড়কটি ডুবে থাকায় তা বোঝার কোনো উপায় নেই। সামান্য বৃষ্টি হলেই সড়কটি বড় নালায় পরিণত হয়। দুই পাশের দোকান-বাসায় পানি ঢুকে পড়ে। কত দিন থেকে সড়কের এ অবস্থা জানতে চাইলে একজন বলেন, ‘কয়েকটা দিন যাইতে দ্যান। কষ্ট কইর্যা থেহান খাইয়্যা রিকশায় যাইতে হবে না। নৌকার ব্যবস্থা করা হবে।’ এলাকাবাসী জানান, কয়েক বছর ধরেই সড়কটি বেহালে আছে। কোনো রিকশা বা সিএনজি বেবিট্যাক্সি চলতে চায় না এ সড়কে। প্রতিদিন হেঁটে অন্যান্য জায়গায় যোগাযোগ রক্ষা করতে হয়। ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না। হাঁটুর ওপরে কাপড় তুলে চলতে হয় এলাকাবাসীকে। সড়কটি সংস্কার করা জরুরি হয়ে পড়েছে। দনিয়া রোড গিয়ে পৌঁছেছে জিয়া সরণিতে। এ সড়কের অবস্থাও খুব খারাপ। কাদা-পানিতে একাকার হয়ে আছে পুরো সড়ক। দনিয়া ইউনিয়নের প্রধান সড়কগুলোর চেয়ে ভেতরের সড়ক আরও ভয়াবহ। বৃষ্টি হলে পানি সড়ক থেকে বাসায় ঢুকে পড়ে। পানি নেমে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। আবার পানি জমে থাকায় ভালো সড়কও ভেঙে যায়। ইউনিয়নে পানি নিষ্কাশনব্যবস্থার প্রয়োজন। কিছু এলাকায় গ্যাস আছে। অনেক এলাকায় ওয়াসার পানির পাম্প না থাকায় খাওয়ার পানির সংকট রয়েছে। খেলার কোনো মাঠ নেই। সরকারি চিকিৎসাসেবার ব্যবস্থা নেই।শ্যামপুর ইউনিয়ননেই পয়োনিষ্কাশন নালাশ্যামপুর ইউনিয়নের আলমবাগ এলাকাটি ডুবে আছে কালো পানিতে। এখানকার পয়োনিষ্কাশন নালার পানি আর বৃষ্টির পানি একাকার হয়ে গেছে। দুর্গন্ধে এখানকার আকাশ ভারি হয়ে উঠছে। এই পানি মাড়িয়েই এলাকাবাসীকে চলাচল করতে দেখা গেল। কয়েকজন শিক্ষার্থী এক হাতে বই আর অন্য হাতে প্যান্ট ওপরে তুলে হাঁটছে। জানা যায়, পয়োনিষ্কাশন নালা ময়লা-আবর্জনায় ভরে গেছে। নিয়মিত পরিষ্কার না করায় সেই পানি এখন সড়কে উঠছে। দিন দিন এই ভোগান্তি বেড়েই চলছে। এর মধ্যে বৃষ্টি হলে সড়ক থেকে পানি পাশের বাড়িতে ঢুকে পড়ে। অনেক বাড়িতেই পয়োনিষ্কাশনের নোংরা পানি দেখা গেছে।ইউনিয়নের অন্যান্য সড়কেও পানি জমে থাকতে দেখা গেছে। ড্রেনেজব্যবস্থা না থাকায় বৃষ্টি হলেই পানি জমে যায়। আবার কোথাও ড্রেনেজব্যবস্থা থাকলেও তা অপ্রতুল। কোথাও বন্ধ হয়ে গেছে। এলাকায় সড়ক থেকে বাড়িঘর নিচু হওয়ায় সহজেই এই পানি ঘরে ঢুকে পড়ে। আবার কাঁচা সড়কও রয়েছে অনেক। সামান্য বৃষ্টি হলেই কোনো সড়কে হাঁটা যায় না। পানি নিষ্কাশনের জন্য শ্যামপুর-দনিয়া খালটি পরিষ্কার করা হয় না। ময়লা-আবর্জনায় ভরে গেছে এই খাল। এটি নিয়মিত পরিষ্কার করা হলে জলাবদ্ধতা কিছুটা কমবে বলে মনে করেন ইউনিয়নের বাসিন্দা কাউসার আহমেদ।আবার শ্যামপুরে রয়েছে বেশ কিছু শিল্প-কারখানা। এসব কারখানার বর্জ্য পদার্থ বের হওয়ার কোনো ব্যবস্থা নেই। কারখানার সামনের ড্রেনে নল দিয়ে এসব বর্জ্য ফেলার ব্যবস্থা করা হয়েছে। এতে ড্রেন থেকে সড়কের ওপরে এসে পড়ছে কারখানার বিষাক্ত বর্জ্য। অন্যদিকে ওয়াসা শ্যামপুরে ঢাকা শহরের বর্জ্য নষ্ট করে। এর আশপাশে দুর্গন্ধে থাকা দায়। নিচু এলাকায় গ্যাসের সংকট রয়েছে। কোথাও কোথাও ঢাকা ওয়াসার পানিতে রয়েছে দুর্গন্ধ।