মহানন্দা ট্রেনে আগুন, ঝাঁপ দিতে গিয়ে আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আজ মঙ্গলবার আগুন ধরে যায়। এতে ভয় পেয়ে ট্রেনের দরজা ও জানালা দিয়ে ঝাঁপ দেওয়ার সময় একজন টিটিই, যাত্রীসহ অন্তত ৩০ জন আহত হয়েছে।ট্রেনের যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা পৌনে ১২টার দিকে মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহীর বেলপুকুর স্টেশন ছাড়ার পরই এর ইঞ্জিন থেকে প্রচণ্ড বেগে ধোঁয়া বের হতে থাকে। ইঞ্জিনে আগুন লাগার বিষয়টি টের পেয়ে ট্রেনের চালক ট্রেনের গতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় ইঞ্জিনের পাশের একটি বগি থেকে একজন টিটিই শহীদুল ইসলাম (৩৫) ঝাঁপ দিয়ে নিচে নেমে ‘আগুন’ ‘আগুন’ বলে চিত্কার করতে থাকেন। তাঁর চিত্কার শুনে এবং ধোঁয়া দেখে যাত্রীরা দরজা ও জানালা দিয়ে বাইরে ঝাঁপিয়ে পড়তে থাকেন। ট্রেনের গতি কম থাকায় বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। তবে ওই টিটিই, যাত্রীসহ ৩০ জন আহত হয়েছেন।ট্রেনে কর্তব্যরত টিটিই দেলোয়ার হোসেন বলেন, এই ট্রেনের পেছনে আরেকটি অতিরিক্ত ইঞ্জিন ছিল। সারদা স্টেশনে এসে পেছনের ইঞ্জিন সামনে লাগিয়ে এক ঘণ্টা পরে আবার ট্রেন ছাড়া সম্ভব হয়। তিনি বলেন, আহতেরা সামান্য আঘাত পেয়েছে। তবে ট্রেনটি না থামালে ইঞ্জিন থেকে আগুন পুরো ট্রেনে ছাড়িয়ে পড়তে পারত।