মহানবী (সা.)-এর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য প্রচার গর্হিত কাজ: তথ্যমন্ত্রী (ভিডিও)
মন্ত্রী বলেন, ব্লগ, সামাজিক যোগাযোগের মাধ্যমে যেসব বক্তব্য বা ছবি বা চলচ্চিত্র বৃহত্তর সমাজের অনুভূতিতে আঘাত হানতে পারে, সেগুলো নিয়ন্ত্রণ বা প্রচার বন্ধের জন্য কঠোর পদক্ষেপ নেওয়া হবে।‘আমার দেশ’ পত্রিকায় প্রকাশিত একটি ধর্মীয় বিজ্ঞাপন দেখিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘এটা বিজ্ঞাপন নীতিমালার পরিপন্থী। এ ছাড়া নিহত রাজীবকে নিয়ে ‘আমার দেশ’ পত্রিকায় প্রকাশিত লেখালেখির প্রতি ইঙ্গিত করে মন্ত্রী বলেন, ‘তিনি (রাজীব) আস্তিক না নাস্তিক তা যাচাই-বাছাই না করে বারবার এ ধরনের সংবাদ প্রচার করা আইনত দণ্ডনীয়, যা যুদ্ধাপরাধের বিচারের দাবিতে চলমান আন্দোলনকে পাশ কাটানোর শামিল। তাই আমরা এ ধরনের প্রচার থেকে বিরত থাকার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানাব।’সাংবাদিকের প্রশ্নের জবাবে হাসানুল হক ইনু বলেন, ‘আমরা গণমাধ্যমের বিকাশ চাই। সরকার গণমাধ্যমের প্রতি সংবেদনশীল। তাই এ আহ্বান জানাচ্ছি। এর পরও যদি এ ধরনের প্রচার বন্ধ না হয়, তাহলে বাধ্য হয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নিতে বলব।’জামায়াতকে নিষিদ্ধ করা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘যুদ্ধাপরাধী দল হিসেবে জামায়াতকে নিষিদ্ধ করার বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে। তবে অন্য কোনো ধর্মীয় দল নিষিদ্ধের বিষয়ে আমাদের কোনো চিন্তা নেই এবং এ বিষয়ে কোনো আলোচনাও হয়নি।’ আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মানবতাবিরোধী অপরাধের দায়ে ব্যক্তির পাশাপাশি সংগঠনের কী ধরনের সাজা হবে, তা নির্ধারণ করতে প্রয়োজনে আমরা আইন সংশোধন করব।’