যুক্তরাষ্ট্রে নির্মিত ইনোসেন্স অব মুসলিমস চলচ্চিত্রে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা করার প্রতিবাদে গতকাল শুক্রবার রাজধানী ঢাকা ও চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কয়েকটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল ও সংগঠন। ঢাকায় বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতিকৃতি এবং সে দেশের পতাকা পোড়ান।এদিকে যুক্তরাষ্ট্রের পর ফ্রান্সের একটি পত্রিকায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর অবমাননাকর কার্টুন প্রকাশ করায় বিক্ষোভকারী সংগঠনগুলোর নেতা-কর্মীরা তীব্র প্রতিক্রিয়া দেখান। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী আইন বাস্তবায়ন কমিটি, বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন ও বাংলাদেশ ফেকাহ একাডেমি নামের চারটি সংগঠনের ব্যানারে কয়েক হাজার নেতা-কর্মী আলাদা বিক্ষোভে অংশ নেন। জুমার নামাজের পরপরই জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর ফটক এলাকায় জড়ো হন বিক্ষোভকারীরা। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের পর তাঁরা পুরানা পল্টন, জাতীয় প্রেসক্লাব ও দৈনিক বাংলা এলাকায় বিক্ষোভ করেন। এ সময় ওই এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল।এদিকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সকাল থেকে মুক্তাঙ্গনের দিকে যেতে পল্টন মোড়ে কাঁটাতারের বেষ্টনী দিয়ে পথ আটকে দেয়। ফলে বিক্ষোভকারীরা গুলিস্তানের দিকে যেতে পারেননি। পল্টন এলাকায় আজ শনিবার সমমনা ইসলামী ও ১২ দল মহাসমাবেশ কর্মসূচি দিয়েছিল। পুলিশ এ এলাকায় সভা-সমাবেশের ওপর নিষেধজ্ঞা জারি করে। খেলাফত ছাত্র আন্দোলন বায়তুল মোকাররম এলাকা ও ইসলামী আইন বাস্তবায়ন কমিটি জাতীয় প্রেসক্লাবের সামনে পৌঁছার পর যুক্তরাষ্ট্রের পতাকা ও ওবামার প্রতিকৃতিতে আগুন দেয়। এ সময় বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।প্রেসক্লাবের সামনের সড়কে সমাবেশে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির নায়েবে আমির আবদুল লতিফ নেজামী বলেন, যুক্তরাষ্ট্রে রাসুল (সা.)-এর বিরুদ্ধে চলচ্চিত্র নির্মাণ ও ফ্রান্সে অবমাননাকর কার্টুন প্রকাশ একই সূত্রে গাঁথা। এর নিন্দা জানিয়ে মার্কিন প্রশাসনকে উদ্দেশ করে তিনি বলেন, ‘যদি মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক রাখতে চান, তা হলে জঘন্য চলচ্চিত্রনির্মাতার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিন।’সংগঠনের ঢাকা মহানগর কমিটির সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে কেন্দ্রীয় নেতাদের মধ্যে মুফতি ফয়েজুল্লাহ, মুফতি মুহাম্মদ তৈয়ব প্রমুখ বক্তব্য দেন।পৃথক সমাবেশে ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুছ আহমেদ মহানবী (সা.)-এর অবমাননাকারীদের অবিলম্বে বিচারের জন্য যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের প্রেসিডেন্টের কাছে দাবি জানান।এ টি এম হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ, আশরাফ আলী আকন প্রমুখ।খেলাফত ছাত্র আন্দোলনের সমাবেশে বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির শাহ আহমদুল্লাহ আশরাফ, মহাসচিব জাফরুল্লাহ খান, ছাত্র আন্দোলনের সভাপতি সুলতান মহিউদ্দীন প্রমুখ বক্তব্য দেন।চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ: চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আইন বাস্তবায়ন কমিটি। গতকাল জুমার নামাজ শেষে নগরের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংগঠনের নায়েবে আমির হাটহাজারী মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা শামসুল আলমের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামিয়া দারুল মাআরিফ আল ইসলামিয়ার মহাপরিচালক সুলতান যওক নদভী। অন্যান্যের মধ্যে হাফেজ তাজুল ইসলাম, লোকমান হাকিম, মুঈনুদ্দিন রুহি প্রমুখ বক্তব্য দেন। সমাবেশে বক্তারা ইসলামবিরোধী চলচ্চিত্র নিষিদ্ধ করার দাবি জানান। ওলামা পরিষদের সভাগাজীপুর প্রতিনিধি জানান, মহানবী (সা.)-কে অবমাননার প্রতিবাদে গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ী কলেজ মাঠে গতকাল বিকেলে প্রতিবাদ সভা করেছে কোনাবাড়ী ওলামা পরিষদ। সভায় সভাপতিত্ব করেন মাওলানা সফিকুর রহমান। এতে বক্তব্য দেন মাওলানা মো. আবুল কালাম আজাদ, আমিনুল ইসলাম, গিয়াস উদ্দিন প্রমুখ। এর আগে জুমার নামাজ শেষে বিভিন্ন এলাকার মসজিদ থেকে মিছিল নিয়ে কয়েক হাজার মুসল্লি ওই সভায় যোগ দেন। এ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরুদ্ধ হয়ে পড়ে।একই চিত্র দেখা যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার চান্দনা-চৌরাস্তা এলাকায়। জুমার নামাজ শেষে স্থানীয় বিভিন্ন মসজিদের হাজার মুসল্লি মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ধরে জাগ্রত চৌরঙ্গীর পাদদেশে ওলামা পরিষদ আয়োজিত বিক্ষোভ সমাবেশে যোগ দেন। একই সময় জেলা শহরেও অনুরূপ বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।