মহানবী (সা.)-কে কটূক্তিকারীদের শাস্তির আওতায় আনার দাবি
ব্লগ ও সামাজিক যোগাযোগের মাধ্যমে মহানবী হজরত মুহম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করা ব্যক্তিদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে ইসলামি চিন্তাবিদদের একটি দল। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে মহানবী (সা.)-কে কক্ষাটকারী ব্যক্তিদের খুঁজে বের করতে গঠিত সরকারের উচ্চপর্যায়ের তদন্ত কমিটির সঙ্গে তাঁরা বৈঠক করে এ দাবি জানান। এ সময় তাঁরা কমিটির প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাইন উদ্দিন খন্দকারের কাছে ৩৪ জন ব্লগার ও আটটি ব্লগের তালিকা দেন।বৈঠকে ইসলামি চিন্তাবিদেরা বলেন, যেকোনো মহল থেকে ইসলামবিরোধী বক্তব্য দেওয়া হোক না কেন, তা সহ্য করা হবে না। এখন পর্যন্ত কোনো ব্লগারকে আইনের আওতায় না আনায় তাঁরা ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা বলেন, যারা মহানবী (সা.)-কে কটাক্ষ করেছে, তাদের হয় তওবা করার তওফিক দেওয়া হোক অথবা তাদের ধ্বংস করে দেওয়া হোক। খুব শিগগির কটাক্ষকারী ব্লগারদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন সরকারি তদন্ত কমিটির প্রধান মাইন উদ্দিন খন্দকার। তাদের খুঁজে বের করার জন্য এই কমিটি গঠন করা হয়েছে। ইতিমধ্যে কমিটি কাজও শুরু করেছে বলে জানানো হয়। পরবর্তী সময়ে সারা দেশে ইমামদের সঙ্গে বৈঠক করবে সংশ্লিষ্ট কমিটি।